গীতসংহিতা 21
21
গান পরিচালকের সংকলনের জন্য। দায়ূদের গান।
1হে সদাপ্রভু, তোমার শক্তি দেখে রাজা আনন্দিত হন;
তুমি তাঁকে জয় দান করলে তিনি কত খুশী হন।
2তুমি তাঁর মনের ইচ্ছা পূরণ করেছ,
তাঁর মুখের কথা অগ্রাহ্য কর নি। [সেলা]
3মংগলের অনেক আশীর্বাদ নিয়ে
তুমি তাঁকে এগিয়ে আনতে গেছ,
তাঁর মাথায় দিয়েছ খাঁটি সোনার মুকুট।
4তিনি তোমার কাছে জীবন চেয়েছিলেন,
আর তুমি তাঁকে তা দিয়েছ;
তুমি তাঁকে দিয়েছ অশেষ আয়ু।
5তোমার দেওয়া জয় তাঁর সম্মান বাড়িয়েছে;
তুমি তাঁকে দিয়েছ গৌরব ও মহিমা।
6তুমি তাঁকে চিরস্থায়ী আশীর্বাদ করেছ;
তোমার উপস্থিতির আনন্দে তাঁকে আনন্দিত করেছ।
7সদাপ্রভুর উপরেই রাজা নির্ভর করেন;
মহান ঈশ্বরের অটল ভালবাসা তাঁকে স্থির রাখবে।
8তোমার হাতই তোমার সব শত্রুদের ধরবে;
যারা তোমাকে ঘৃণা করে তোমার ডান হাত তাদের ধরবে।
9তোমার প্রকাশকালে তুমি তাদের করে তুলবে
চুলার জ্বলন্ত কয়লার মত।
সদাপ্রভু ক্রোধে তাদের গিলে ফেলবেন,
তাঁর আগুন তাদের পুড়িয়ে ফেলবে।
10পৃথিবীর বুক থেকে তাদের বংশধরদের
তুমি ধ্বংস করে ফেলবে;
ধ্বংস করে দেবে তাদের বংশ মানুষের মধ্য থেকে।
11যদিও তারা তোমার বিরুদ্ধে
দুষ্ট ষড়যন্ত্র আর কুমতলব করেছে,
তবুও তারা তাতে সফল হতে পারবে না;
12কারণ তুমি তাদের মুখ লক্ষ্য করে
যখন তোমার ধনুকে টান দেবে,
তখন তাদের পালিয়ে যেতে তুমি বাধ্য করবে।
13হে সদাপ্রভু, তোমার শক্তিতে তুমি প্রকাশিত হও;
আমরা তোমার শক্তির প্রশংসা ও গান করব।
Currently Selected:
গীতসংহিতা 21: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000