YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 143

143
দায়ূদের গান।
1হে সদাপ্রভু, আমার প্রার্থনা শোন, আমার মিনতির কান্নায় তুমি কান দাও;
তোমার বিশ্বস্ততা ও তোমার ন্যায়ে আমাকে উত্তর দাও।
2তোমার এই সেবাকারীর বিচার কোরো না,
কারণ তোমার চোখে কোন প্রাণীই নির্দোষ নয়।
3শত্রু আমার পিছনে তাড়া করেছে,
সে আমাকে চুরমার করে মাটিতে ফেলেছে;
অনেক দিন আগেকার মৃত লোকদের মতই
সে আমাকে অন্ধকারে বাস করাচ্ছে।
4সেজন্য আমি নিরাশ হয়ে পড়েছি;
আমার ভিতরে আমার অন্তর অসাড় হয়ে পড়েছে।
5আমি পুরানো দিনের কথা মনে করি,
তোমার সমস্ত কাজের বিষয় ধ্যান করি;
তোমার হাত যা করেছে তা চিন্তা করি।
6আমি তোমার দিকে আমার হাত বাড়িয়ে দিই;
শুকনা জমির মত আমার প্রাণ তোমার জন্য পিপাসিত।
7হে সদাপ্রভু, তুমি আমাকে শীঘ্র উত্তর দাও,
কারণ আমার প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে;
আমার কাছ থেকে তোমার মুখ ফিরিয়ে রেখো না,
যেন মৃতস্থানে যারা নেমে যাচ্ছে
আমি তাদের মত হয়ে না পড়ি।
8সকালে তুমি আমাকে তোমার অটল ভালবাসার কথা শোনাও,
কারণ আমি তোমার উপরেই নির্ভর করে আছি;
কোন্‌ পথে যেতে হবে তা আমাকে দেখাও,
কারণ আমার অন্তর আমি তোমার দিকেই তুলে ধরছি।
9হে সদাপ্রভু, আমার শত্রুদের হাত থেকে
তুমি আমাকে উদ্ধার কর,
কারণ আমি তোমার মধ্যেই আশ্রয় নিয়েছি।
10তোমার ইচ্ছামত কাজ করতে তুমি আমাকে শিখাও,
কারণ তুমিই আমার ঈশ্বর;
তোমার মংগলময় আত্মা দ্বারা আমাকে সমান পথে চালাও।
11হে সদাপ্রভু, তোমার সুনাম রক্ষার জন্য
আমাকে নতুন শক্তি দাও;
তোমার ন্যায়ে বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার কর।
12তোমার অটল ভালবাসার জন্য
তুমি আমার শত্রুদের ছেঁটে ফেলে দাও;
আমার সমস্ত বিপক্ষদের তুমি ধ্বংস কর,
কারণ আমি তোমার দাস।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 143