YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 17

17
1ঝগড়া-বিবাদে ভরা ভোজের ঘরের চেয়ে
শান্তির সংগে এক টুকরা শুকনা রুটিও ভাল।
2পরিবারে অসম্মান আনা ছেলের উপরে বুদ্ধিমান চাকর কর্তা হয়,
আর ভাইদের মধ্যে সে-ও সম্পত্তির অধিকার পায়।
3রূপা যাচাই করবার জন্য আছে গলাবার পাত্র
আর সোনার জন্য আছে চুলা,
কিন্তু সদাপ্রভুই অন্তর যাচাই করেন।
4দুষ্ট লোক মন্দ কথা শোনে;
মিথ্যাবাদী সর্বনাশের কথায় কান দেয়।
5যে লোক গরীবকে ঠাট্টা করে সে তাদের সৃষ্টিকর্তাকে অপমান করে;
যে অন্যদের বিপদে আনন্দ করে সে শাস্তি পাবেই পাবে।
6নাতি-নাতনী বুড়ো লোকের মুকুটের মত,
আর বাবা তার ছেলেমেয়েদের গর্বের বিষয়।
7নীচমনা লোকের পক্ষে বড় বড় কথা বলা মানায় না,
আবার উঁচু পদের লোকের পক্ষেও মিথ্যা কথা বলা মানায় না।
8যে লোক ঘুষ দেয় তার কাছে ওটা সৌভাগ্যের পাথরের মত;
সে যে দিকে ফেরে সেই দিকেই সফল হয়।
9যে লোক অন্যায় ঢাকা দেয় সে ভালবাসা বাড়িয়ে তোলে,
কিন্তু যে তা বলে বেড়ায় সে বন্ধুত্বে ভাংগন ধরায়।
10বিবেচনাহীনের কাছে চাবুকের একশোটা ঘা যত না লাগে,
একবার বকুনি খেলে বুদ্ধিমানের তার চেয়ে বেশী লাগে।
11বিদ্রোহী কেবলই মন্দের দিকে ঝোঁকে;
তার বিরুদ্ধে একজন নিষ্ঠুর দূতকে পাঠানো হবে।
12যে বিবেচনাহীন লোক বোকামির মধ্যে পড়ে আছে
তার সংগে দেখা হওয়ার চেয়ে
বাচ্চা চুরি হওয়া ভাল্লুকের সংগে দেখা হওয়া বরং ভাল।
13যে লোক উপকারের বদলে অপকার করে,
অপকার কখনও তার বাড়ী ছাড়বে না।
14ঝগড়া শুরু করা বাঁধ-ভাংগা জলের মত,
তাই তর্কাতর্কির শুরুতেই তা বাদ দিয়ো।
15যারা দোষীকে নির্দোষ বলে ধরে আর যারা নির্দোষীকে দোষী করে,
তাদের উভয়কেই সদাপ্রভু ঘৃণা করেন।
16জ্ঞান লাভের জন্য বিবেচনাহীন বোকা লোকের হাতে
টাকা থাকলে কি লাভ?
তার তো বুদ্ধি নেই।
17বন্ধু সব সময়েই ভালবাসে,
আর ভাই থাকে দুর্দশার সময়ে সাহায্য করবার জন্য।
18যে লোকের বিচারবুদ্ধির অভাব আছে
সে হাতে হাত মিলিয়ে চুক্তি করে আর বন্ধুর জামিন হয়।
19যে লোক বিরুদ্ধ মনোভাব নিয়ে থাকতে ভালবাসে
সে ঝগড়া করতে ভালবাসে;
যে লোক বড়াই করে সে ধ্বংস ডেকে আনে।
20যে লোকের অন্তর কুটিল তার মংগল হয় না;
যে লোক ছলনার কথা বলে সে বিপদে পড়ে।
21বিবেচনাহীন সন্তান মা-বাবার জন্য দুঃখ নিয়ে আসে;
ভক্তিহীন সন্তানের বাবার আনন্দ বলতে কিছু নেই।
22আনন্দিত অন্তর স্বাস্থ্য ভাল রাখে,
কিন্তু ভাংগা মন স্বাস্থ্য নষ্ট করে।
23বিচারের রায় ঘুরিয়ে দেবার জন্য
দুষ্ট লোক লুকিয়ে রাখা ঘুষ নেয়।
24যার বিচারবুদ্ধি আছে সে জ্ঞানের দিকে মনোযোগ দেয়,
কিন্তু বিবেচনাহীন লোকের মন দুনিয়ার সব দিকেই ঘুরে বেড়ায়।
25বিবেচনাহীন ছেলে বাবাকে বিরক্ত করে তোলে,
আর যে তাকে গর্ভে ধরেছে তার মন সে তেতো করে দেয়।
26নির্দোষ লোককে জরিমানা করা
কিম্বা উঁচু পদের লোকের সততার জন্য তাকে মারধর করা ঠিক নয়।
27বুদ্ধিমান লোক নিজেকে দমনে রেখে কথা বলে;
যে লোকের বিচারবুদ্ধি আছে তার মেজাজ ঠাণ্ডা।
28চুপ করে থাকলে অসাড়-বিবেক লোককেও জ্ঞানী মনে হয়,
আর মুখ বন্ধ রাখলে মনে হয় তার বিচারবুদ্ধি আছে।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for হিতোপদেশ 17