YouVersion Logo
Search Icon

মীখা 2

2
অত্যাচারীদের শাস্তি
1ধিক্‌ তাদের, যারা অন্যায়ের পরিকল্পনা করে, যারা নিজেদের বিছানায় মন্দের ফন্দি আঁটে। সকাল হলেই তারা সেইমত কাজ করে, কারণ তা করবার ক্ষমতা তাদের হাতে আছে। 2তারা ক্ষেত-খামার আর ঘর-বাড়ীর প্রতি লোভ করে তা কেড়ে নেয়। তারা মানুষকে ঠকিয়ে তার ঘর-বাড়ী ও তার জায়গা-জমি নিয়ে নেয়।
3সেইজন্য সদাপ্রভু বলছেন, “তোমাদের বিরুদ্ধে আমি অমংগলের পরিকল্পনা করছি যা থেকে তোমরা নিজেদের রক্ষা করতে পারবে না। তোমরা আর গর্ব করে চলবে না, কারণ সময়টা হবে বিপদের। 4সেই দিন ভীষণ বিলাপ হবে এবং এই দুঃখের গান গাওয়া হবে:
আমরা একেবারে ধ্বংস হয়ে গেছি;
আমাদের জাতির সম্পত্তি নিয়ে নেওয়া হয়েছে।
সদাপ্রভু তা আমাদের কাছ থেকে নিয়ে গেছেন।
আমাদের ক্ষেত-খামার তিনি বিশ্বাসঘাতকদের দিয়ে দিয়েছেন।”
5কাজেই তোমাদের মধ্যে কেউই সদাপ্রভুর লোকদের সংগে জমির ভাগ পাবে না।
6তোমাদের নবীরা আমাদের বলে, “এই সব কথা বোলো না, এই সব বিষয়ে কোন কথা বোলো না, কারণ আমাদের উপরে অসম্মান আসবে না।” 7হে যাকোবের বংশ, তোমাদের এই কথা বলা উচিত নয়, “সদাপ্রভুর আত্মা অধৈর্য হন নি; তিনি এই সব কাজ করেন না।”
সদাপ্রভু বলছেন, “যারা ন্যায় পথে চলে কেবল তাদেরই উপর আমার বাক্য মংগল আনে। 8আজকাল আমার লোকেরা শত্রুর মত হয়ে উঠেছে। যুদ্ধ থেকে ফিরে আসা লোকদের মত যারা নিশ্চিন্তে পথ চলছে তাদের গা থেকে তোমরা কাপড় খুলে নিচ্ছ। 9আমার লোকদের স্ত্রীদের তোমরা তাদের প্রিয় বাড়ী-ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ। আমার আশীর্বাদ থেকে তাদের ছেলেমেয়েদের তোমরা চিরকালের জন্য বঞ্চিত করছ। 10তোমরা ওঠো, চলে যাও, এটা তো তোমাদের বিশ্রামের স্থান নয়; কারণ তোমরা দেশটাকে অশুচি করেছ, সেইজন্যই তা ভীষণভাবে ধ্বংস হয়ে যাবে। 11যদি কোন মিথ্যাবাদী ও ঠগ এসে বলে, ‘আমি বলছি যে, তোমাদের প্রচুর মদ ও আংগুর-রস হবে,’ তবে সে-ই হবে এই জাতির জন্য উপযুক্ত নবী!”
উদ্ধারের বিষয়ে প্রতিজ্ঞা
12সদাপ্রভু বলছেন, “হে যাকোব, আমি নিশ্চয়ই তোমাদের সবাইকে জড়ো করব; আমি অবশ্যই ইস্রায়েলের বেঁচে থাকা লোকদের একত্র করব। বস্রার ভেড়াগুলোর মত করে, খোঁয়াড়ে থাকা ভেড়ার পালের মত করে আমি তাদের একত্র করব; দেশটা আবার লোকে ভরে যাবে।”
13বন্দীদশা থেকে ফিরে আসবার জন্য যিনি পথ খুলে দেবেন তিনি তাদের আগে আগে যাবেন; তারা ফটক ভেংগে বের হয়ে আসবে। সদাপ্রভু, যিনি তাদের রাজা, তিনি তাদের আগে আগে যাবেন।

Currently Selected:

মীখা 2: SBCL

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in