YouVersion Logo
Search Icon

মীখা 1

1
1যিহূদার রাজা যোথম, আহস ও হিষ্কিয়ের রাজত্বের সময়ে মোরেষৎ গ্রামের মীখার কাছে শমরিয়া ও যিরূশালেম সম্বন্ধে সদাপ্রভুর বাক্য দর্শনের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছিল।
শমরিয়া ও ইস্রায়েলের বিচার
2ওহে জাতিরা, তোমরা সবাই কান দাও; হে পৃথিবী ও তার মধ্যেকার সব কিছু, শোন। প্রভু সদাপ্রভু তাঁর পবিত্র ঘর থেকে তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন।
3দেখ, সদাপ্রভু তাঁর বাসস্থান থেকে আসছেন; তিনি নেমে এসে পৃথিবীর উঁচু জায়গাগুলোর উপর দিয়ে যাবেন। 4মোম যেমন আগুনে গলে যায়, ঢালু জায়গা দিয়ে যেমন জল গড়িয়ে যায় তেমনি করে তাঁর পায়ের তলায় পাহাড়-পর্বত গলে যাবে, উপত্যকাগুলো ফেটে যাবে। 5যাকোবের পাপের জন্য, অর্থাৎ ইস্রায়েলের বংশের অন্যায়ের জন্যই এই সব হবে। যাকোবের পাপের জন্য দায়ী কে? শমরিয়া কি নয়? যিহূদার পূজার উঁচু স্থানের জন্য দায়ী কে? যিরূশালেম কি নয়?
6সেইজন্য সদাপ্রভু বলছেন, “শমরিয়াকে আমি খোলা মাঠের ধ্বংসের স্তূপ করব, আর সেটা হবে আংগুর গাছ লাগাবার জায়গা। আমি তার পাথরগুলো উপত্যকায় ফেলে দেব এবং তার ভিত্তি খোলা রাখব। 7তার সব প্রতিমা টুকরা টুকরা করে ভেংগে ফেলা হবে; তার মন্দির-বেশ্যাদের সমস্ত আয় আগুন দিয়ে পোড়ানো হবে; তার সব মূর্তিগুলো আমি ধ্বংস করে ফেলব। সে তো বেশ্যাগিরির পাওনা হিসাবে এই সব পেয়েছে তাই সেইগুলো আবার বেশ্যাগিরির জন্যই ব্যবহার করা হবে।”
বিলাপ ও শোক প্রকাশ
8এইজন্য আমি কান্নাকাটি ও বিলাপ করব; আমি খালি পায়ে উলংগ হয়ে ঘুরে বেড়াব। আমি শিয়ালের ও পেঁচার ডাকের মত করে বিলাপ করব। 9এর কারণ শমরিয়ার ক্ষত আর ভাল হবে না; তা যিহূদার কাছে এসে গেছে। তা আমার লোকদের ফটক পর্যন্ত, এমন কি, যিরূশালেম পর্যন্ত পৌঁছেছে। 10তোমরা গাতে এই কথা জানায়ো না, একটুও কান্নাকাটি কোরো না। তোমরা বৈৎ-লি-অফ্রাতে ধুলায় গড়াগড়ি দাও। 11হে শাফীরে বাসকারী লোকেরা, তোমরা উলংগ ও লজ্জিত হয়ে চলে যাও। যারা সাননে বাস করে তারা বের হয়ে আসতে পারবে না। বৈৎ-এৎসল বিলাপ করছে; সে আর তোমাদের পক্ষে দাঁড়াবে না। 12যারা মারোতে বাস করে তারা ব্যাকুল হয়ে রেহাই পাবার জন্য অপেক্ষা করছে, কারণ সদাপ্রভুর কাছ থেকে বিপদ এসে গেছে; এমন কি, তা যিরূশালেমের ফটক পর্যন্ত পৌঁছেছে। 13হে লাখীশে বাসকারী লোকেরা, তোমরা রথের সংগে ঘোড়াগুলো জুড়ে দাও। ইস্রায়েলের অন্যায় প্রথমে তোমাদের মধ্যে পাওয়া গিয়েছিল বলে সিয়োন-কন্যাকে তোমরাই পাপের পথে নিয়ে গিয়েছিলে। 14সেইজন্য তোমরা মোরেষৎ-গাত্‌কে বিদায়-উপহার দেবে। ইস্রায়েলের রাজারা অক্‌ষীব শহরের উপর নির্ভর করতে পারবে না। 15হে মারেশায় বাসকারী লোকেরা, সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে একজন দখলকারীকে পাঠাবেন। ইস্রায়েলের সমস্ত গৌরব অদুল্লমে চলে যাবে। 16যে ছেলেমেয়েদের নিয়ে তোমরা আনন্দিত হতে তাদের জন্য শোক করতে গিয়ে তোমাদের মাথা কামিয়ে ফেল; শকুনের মাথার মত তোমরা মাথা টাক করে ফেল, কারণ তারা বন্দী হয়ে তোমাদের কাছ থেকে দূরে যাবে।

Currently Selected:

মীখা 1: SBCL

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in