YouVersion Logo
Search Icon

যিশাইয় 53

53
1আমাদের দেওয়া খবরে কে বিশ্বাস করেছে?
কার কাছেই বা সদাপ্রভুর শক্তিশালী হাত প্রকাশিত হয়েছেন?
2তিনি তাঁর সামনে নরম চারার মত,
শুকনা মাটিতে লাগানো গাছের মত বড় হলেন।
তাঁর এমন সৌন্দর্য বা জাঁকজমক নেই যে,
তাঁর দিকে আমরা ফিরে তাকাই;
তাঁর চেহারাও এমন নয় যে, আমাদের আকর্ষণ করতে পারে।
3লোকে তাঁকে ঘৃণা করেছে ও অগ্রাহ্য করেছে;
তিনি যন্ত্রণা ভোগ করেছেন এবং রোগের সংগে তাঁর পরিচয় ছিল।
লোকে যাকে দেখলে মুখ ফিরায় তিনি তার মত হয়েছেন;
লোকে তাঁকে ঘৃণা করেছে এবং আমরা তাঁকে সম্মান করি নি।
4সত্যি, তিনিই আমাদের সব রোগ তুলে নিয়েছেন
আর আমাদের যন্ত্রণা বহন করেছেন;
কিন্তু আমরা ভেবেছি ঈশ্বর তাঁকে আঘাত করেছেন,
তাঁকে মেরেছেন ও কষ্ট দিয়েছেন।
5আমাদের পাপের জন্যই তাঁকে বিদ্ধ করা হয়েছে;
আমাদের অন্যায়ের জন্য তাঁকে চুরমার করা হয়েছে।
যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে
সেই শাস্তি তাঁকেই দেওয়া হয়েছে;
তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি।
6আমরা সবাই ভেড়ার মত করে বিপথে গিয়েছি;
আমরা প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছি।
সদাপ্রভু আমাদের সকলের অন্যায় তাঁর উপর চাপিয়েছেন।
7তিনি অত্যাচারিত হলেন ও কষ্ট ভোগ করলেন,
কিন্তু তবুও তিনি মুখ খুললেন না;
জবাই করতে নেওয়া ভেড়ার বাচ্চার মত,
লোম ছাঁটাইকারীদের সামনে চুপ করে থাকা ভেড়ীর মত
তিনি মুখ খুললেন না।
8অত্যাচার ও অন্যায় বিচার করে তাঁকে মেরে ফেলা হয়েছিল।
সেই সময়কার লোকদের মধ্যে কে খেয়াল করেছিল যে,
আমার লোকদের পাপের জন্য তাঁকে জীবিতদের দেশ থেকে
শেষ করে ফেলা হয়েছে?
সেই শাস্তি তো তাদেরই পাওনা ছিল।
9যদিও তিনি কোন অনিষ্ট করেন নি
কিম্বা তাঁর মুখে কোন ছলনার কথা ছিল না,
তবুও দুষ্টদের সংগে তাঁকে কবর দেওয়া হয়েছিল
আর মৃত্যুর দ্বারা তিনি ধনীর সংগী হয়েছিলেন।
10আসলে সদাপ্রভু তাঁর ইচ্ছা অনুসারে তাঁকে চুরমার করেছিলেন
আর তাঁকে কষ্ট ভোগ করিয়েছিলেন।
সদাপ্রভুর দাস যখন তাঁর প্রাণকে দোষ-উৎসর্গ হিসাবে দেবেন
তখন তিনি তাঁর সন্তানদের দেখতে পাবেন
আর তাঁর আয়ু বাড়ানো হবে;
তাঁর দ্বারাই সদাপ্রভুর ইচ্ছা পূর্ণ হবে।
11তিনি তাঁর কষ্টভোগের ফল দেখে তৃপ্ত হবেন;
সদাপ্রভু বলছেন, আমার ন্যায়বান দাসকে গভীরভাবে জানবার মধ্য দিয়ে
অনেককে নির্দোষ বলে গ্রহণ করা হবে,
কারণ তিনি তাদের সব অন্যায় বহন করবেন।
12সেইজন্য মহৎ লোকদের মধ্যে আমি তাঁকে একটা অংশ দেব
আর তিনি বলবানদের সংগে বিজয়ের ফল ভাগ করবেন,
কারণ তিনি নিজের ইচ্ছায় প্রাণ দিয়েছিলেন।
তাঁকে পাপীদের সংগে গোণা হয়েছিল;
তিনি অনেকের পাপ বহন করেছিলেন
আর পাপীদের জন্য অনুরোধ করেছিলেন।

Currently Selected:

যিশাইয় 53: SBCL

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in