যিশাইয় 52
52
1হে সিয়োন, ওঠো, ওঠো, তোমার শক্তি প্রকাশ কর। হে পবিত্র শহর যিরূশালেম, তোমার জাঁকজমকের পোশাক পর। সুন্নত-না-করানো ও অশুচি লোক তোমার মধ্যে আর ঢুকবে না। 2হে যিরূশালেম, ওঠো, তুমি গায়ের ধুলা ঝেড়ে ফেলে সিংহাসনে বস। হে বন্দী সিয়োন-কন্যা, তোমার গলার শিকল সব খুলে ফেল।
3প্রভু সদাপ্রভু বলছেন, “তোমাকে বিনামূল্যে বিক্রি করা হয়েছিল আবার বিনামূল্যেই মুক্ত করা হবে। 4আমার লোকেরা আগে মিসরে বাস করতে গিয়েছিল; পরে আসিরিয়া অকারণে তাদের উপর অত্যাচার করেছিল। 5আর এখন এখানে আমার কি আছে? আমার লোকদের তো অকারণে নিয়ে যাওয়া হয়েছে, আর তাদের শাসনকর্তারা তাদের গালাগালি করে; অনবরত আমার নামের নিন্দা করা হয়। 6কাজেই আমার লোকেরা জানতে পারবে আমি কে; সেই দিন তারা জানবে যে, আমিই কথা বলেছিলাম; হ্যাঁ, আমিই বলেছিলাম।”
7যে লোক সুখবর দিতে আসে, শান্তি ঘোষণা করে, মংগলের সংবাদ নিয়ে আসে, উদ্ধার ঘোষণা করে আর সিয়োনকে বলে, ‘তোমার ঈশ্বর রাজত্ব করছেন,’ পাহাড়ের উপর দিয়ে আসবার সময় সেই লোকের পা কেমন সুন্দর দেখায়। 8শোন, তোমার পাহারাদারেরা চিৎকার করছে, তারা আনন্দে একসংগে চেঁচাচ্ছে, কারণ সদাপ্রভু যখন সিয়োনে ফিরে আসবেন তখন তারা নিজেদের চোখেই তা দেখবে। 9হে যিরূশালেমের ধ্বংসস্থানগুলো, তোমরা একসংগে জোরে জোরে আনন্দ-গান কর, কারণ সদাপ্রভু তাঁর লোকদের সান্ত্বনা দিয়েছেন আর যিরূশালেমকে মুক্ত করেছেন। 10সদাপ্রভু সমস্ত জাতির চোখের সামনে তাঁর পবিত্র শক্তিশালী হাত প্রকাশ করবেন, আর পৃথিবীর সব জায়গার লোকেরা আমাদের ঈশ্বরের উদ্ধারের কাজ দেখতে পাবে।
11তোমরা বের হও, ঐ জায়গা থেকে বের হয়ে এস। তোমরা কোন অশুচি জিনিস ছুঁয়ো না। তোমরা যারা সদাপ্রভুর পাত্র বয়ে নিয়ে যাও তোমরা সেই জায়গা থেকে বের হয়ে এস এবং শুচি হও। 12কিন্তু তোমরা তাড়াতাড়ি করে বের হয়ে আসবে না কিম্বা পালিয়েও আসবে না, কারণ সদাপ্রভু তোমাদের আগে আগে যাবেন; ইস্রায়েলের ঈশ্বরই তোমাদের পিছন দিকের রক্ষক হবেন।
সদাপ্রভুর দাসের কষ্ট ও গৌরব
13সদাপ্রভু বলছেন, “দেখ, আমার দাস সফল হবেন। তাঁকে উঁচুতে তোলা হবে এবং তিনি গৌরব ও সম্মান পাবেন। 14তাঁর চেহারা ও আকার এত বিশ্রী করে দেওয়া হবে যে, তা আর কোন মানুষের মত থাকবে না; সেইজন্য অনেকে তাঁকে দেখে হতভম্ব হবে। 15কিন্তু পরে তিনি অনেক জাতির লোককে শুচি করবেন, আর তাঁরই দরুন রাজারা মুখ বন্ধ করবে, কারণ যা তাদের বলা হয় নি তা তারা দেখতে পাবে, আর যা তারা শোনে নি তা বুঝতে পারবে।”
Currently Selected:
যিশাইয় 52: SBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000