যিশাইয় 17
17
দামেস্কের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী
1দামেস্ক সম্বন্ধে ভবিষ্যদ্বাণী এই:
সদাপ্রভু বলছেন, “দেখ, দামেস্ক আর শহর থাকবে না, তা হবে একটা ধ্বংসের স্তূপ। 2অরোয়েরের গ্রামগুলো ত্যাগ করে লোকেরা চলে যাবে; পশুর পাল সেগুলো অধিকার করবে। তারা সেখানে শুয়ে থাকবে; কেউ তাদের ভয় দেখাবে না। 3ইফ্রয়িমে আর কোন দুর্গ থাকবে না এবং দামেস্কে রাজশক্তি থাকবে না; অরামের বেঁচে থাকা লোকেরা ইস্রায়েলীয়দের মত গৌরবহীন হবে।” এই হল সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর কথা।
4“সেই দিন যাকোবের গৌরব ্নান হবে; তার দেহের চর্বি গলে যাবে। 5লোকে যেমন করে ক্ষেতের শস্য কেটে জড়ো করে, ইস্রায়েলীয়দের অবস্থা তেমনই হবে। রফায়ীমের উপত্যকায় লোকে যেমন করে পড়ে থাকা শস্য কুড়ায় তাদের অবস্থা তেমনই হবে। 6তবুও কিছু শস্য পড়ে থাকবে। যেমন করে জলপাই গাছ ঝাড়া হলে পর উপরের ডালগুলোতে দু’তিনটা জলপাই থেকে যায় আর যে ডালে বেশী ফল ধরে সেখানে চার-পাঁচটা ফল থেকে যায়, তাদের অবস্থা তেমনই হবে।” ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছেন।
7সেই দিন লোকে তাদের সৃষ্টিকর্তার দিকে তাকাবে, ইস্রায়েলের সেই পবিত্রজনের দিকে চোখ ফিরাবে। 8তারা নিজেদের হাতের তৈরী বেদীর দিকে চেয়ে দেখবে না, আর তাদের হাতের তৈরী আশেরা-খুঁটি ও ধূপ-বেদীর প্রতি কোন মনোযোগও দেবে না।
9সেই দিন তাদের শক্তিশালী শহরগুলো বন-জংগলের মত হবে। যেমন করে ইস্রায়েলীয়দের দরুন লোকে তাদের শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল তাদের অবস্থা তেমনই হবে। তাদের দেশ ধ্বংসস্থান হবে। 10তোমার উদ্ধারকর্তা ঈশ্বরকে তুমি ভুলে গেছ; সেই আশ্রয়-পাহাড়কে তুমি মনে রাখ নি। সেইজন্য যদিও তুমি সুন্দর সুন্দর চারা আর বিদেশ থেকে আনা আংগুর লতা লাগাচ্ছ, 11আর সেই দিনই তুমি সেগুলো বাড়িয়ে তুলছ আর সকাল বেলায় তাতে কুঁড়ি ধরাচ্ছ, তবুও রোগ এবং ভীষণ ব্যথার দিনে কাটবার জন্য তেমন কোন ফসল থাকবে না।
12হায় হায়, অনেক লোকের গর্জন শোনা যাচ্ছে! গর্জনকারী সাগরের মতই জাতিরা গর্জন করছে। জাতিদের ভীষণ চিৎকার শোনা যাচ্ছে। ভয়ংকর বন্যার জলের গর্জনের মতই তারা চিৎকার করছে। 13ভয়ংকর বন্যার জলের শব্দের মত যদিও লোকেরা গর্জন করছে, তবুও তিনি ধমক দিলে তারা দূরে পালিয়ে যাবে। বাতাসের মুখে পাহাড়ের উপরকার তুষের মত, ঝড়ের মুখে গড়াগড়ি খাওয়া ধুলার মত তাদের তাড়িয়ে দেওয়া হবে। 14সন্ধ্যা বেলায় তারা ভীষণ ভয় পাবে আর সকাল হওয়ার আগেই শেষ হয়ে যাবে। আমাদের লুটকারীদের জন্য এ-ই আছে; এটাই আমাদের লুটকারীদের ভাগ্য।
Currently Selected:
যিশাইয় 17: SBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000