YouVersion Logo
Search Icon

যিহিষ্কেল 7

7
ইস্রায়েলের শেষ সময় উপস্থিত
1পরে সদাপ্রভু আমাকে আরও বললেন, 2“হে মানুষের সন্তান, ইস্রায়েল দেশের কাছে আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি, ‘দেখ, শেষ সময়! দেশের চারদিকে শেষ সময় উপস্থিত হয়েছে! 3এখন সেই সময় তোমার উপর এসে পড়েছে এবং তোমার বিরুদ্ধে আমি আমার ক্রোধ ঢেলে দেব। তোমার চালচলন অনুসারে আমি তোমার বিচার করব এবং তোমার সমস্ত জঘন্য কাজের জন্য তোমাকে শাস্তি দেব। 4আমি তোমার দিকে মমতার চোখে দেখব না বা তোমাকে রেহাইও দেব না; তোমার চালচলন ও তোমার মধ্যেকার জঘন্য কাজের জন্য আমি নিশ্চয়ই তোমাকে শাস্তি দেব। তখন তুমি জানবে যে, আমিই সদাপ্রভু।’”
5প্রভু সদাপ্রভু বললেন, “বিপদ! একটা ভীষণ বিপদ আসছে! 6শেষ সময় এসে পড়েছে! তোমাদের বিরুদ্ধে তা জেগে উঠেছে, তা এসে পড়েছে! 7তোমরা যারা দেশে বাস করছ তোমাদের উপর সর্বনাশ আসছে। সময় হয়েছে, দিন কাছিয়েছে; তখন পাহাড়-পর্বতের উপরে আনন্দের বদলে ভয়ের চেঁচামেচি হবে। 8আমি শীঘ্রই তোমাদের উপর আমার ক্রোধ সম্পূর্ণভাবে ঢেলে দেব। তোমাদের চালচলন অনুসারে আমি তোমাদের বিচার করব ও তোমাদের সব জঘন্য কাজের জন্য শাস্তি দেব। 9আমি মমতার চোখে তোমাদের দিকে তাকাব না বা তোমাদের রেহাইও দেব না; তোমাদের চালচলন ও তোমাদের মধ্যেকার জঘন্য কাজের পাওনা আমি তোমাদের দেব। তখন তোমরা জানবে যে, আমি সদাপ্রভুই আঘাত করি।
10“দেখ, দিন এসেছে! তা এসে পড়েছে! সর্বনাশ ফেটে বেরিয়েছে, লাঠিতে কুঁড়ি ধরেছে, অহংকারের ফুল ফুটেছে। 11অত্যাচারের লাঠি দিয়েই অন্যায়কারীদের শাস্তি দেওয়া হবে। তাদের সংখ্যা অনেক হলেও কেউ থাকবে না, তাদের ধন-সম্পদ বা গৌরব কিছুই থাকবে না। 12সময় হয়েছে, দিন এসে গেছে। যারা জমি কেনে তারা আনন্দ না করুক আর যারা তা বিক্রি করে তারাও দুঃখ না করুক, কারণ তাদের সকলের উপরে ক্রোধ উপস্থিত হয়েছে। 13যে কিনেছে আর যে বিক্রি করেছে তারা দু’জনে বেঁচে থাকলেও যে বিক্রি করেছে সে সেই জমি আর ফিরে পাবে না, কারণ এই দর্শন সমস্ত লোকের জন্য, আর তা হবেই হবে। দুষ্ট লোকদের মধ্যে একজনও তার জীবন রক্ষা করতে পারবে না। 14লোকেরা তূরী বাজিয়ে সব কিছু প্রস্তুত রেখেছে, কিন্তু কেউ যুদ্ধে যাচ্ছে না, কারণ দেশের সমস্ত লোকের উপরেই আমার ক্রোধ রয়েছে।
15“শহরের বাইরে রয়েছে যুদ্ধ আর ভিতরে রয়েছে মড়ক আর দুর্ভিক্ষ; যারা বাইরে থাকবে তারা যুদ্ধে মারা যাবে, আর যারা শহরে থাকবে দুর্ভিক্ষ ও মড়ক তাদের গ্রাস করবে। 16যারা বেঁচে থাকবে ও পালিয়ে যাবে তারা সবাই পাহাড়ে পাহাড়ে থাকবে এবং প্রত্যেকে তার পাপের জন্য উপত্যকার ঘুঘুর মত বিলাপ করবে। 17প্রত্যেকের হাত অবশ হয়ে যাবে এবং প্রত্যেকের হাঁটু দুর্বল হয়ে পড়বে। 18তারা ছালার চট পরবে ও ভীষণ ভয়ে কাঁপবে। তারা লজ্জায় পূর্ণ হবে এবং তাদের মাথার চুল কামানো হবে। 19তাদের রূপা তারা রাস্তায় রাস্তায় ফেলে দেবে এবং তাদের সোনা হবে একটা অশুচি জিনিস। সদাপ্রভুর ক্রোধের দিনে তাদের সোনা-রূপা তাদের রক্ষা করতে পারবে না। তা দিয়ে তাদের খিদে মিটবে না বা পেট ভরবে না। আসলে সেগুলোই তাদের পাপের মধ্যে ফেলেছে। 20তাদের সুন্দর গহনার জন্য তারা গর্ববোধ করত এবং তা দিয়ে তাদের জঘন্য প্রতিমা ও মূর্তিগুলো তৈরী করত। কাজেই আমি তাদের জন্য সেগুলো অশুচি করে দেব। 21আমি সেই সব জোর করে নিয়ে যাবার জন্য বিদেশীদের হাতে এবং লুটের মাল হিসাবে দুনিয়ার দুষ্টদের হাতে তুলে দেব; তারা সেগুলো অপবিত্র করবে। 22ডাকাতেরা আমার পবিত্র জায়গায় ঢুকে তা অপবিত্র করবে, আর আমি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেব।
23“শিকল ঠিক করা আছে, কারণ দেশ রক্তপাতে ও শহর অত্যাচারে ভরে গেছে। 24তাদের ঘর-বাড়ী দখল করবার জন্য আমি জাতিদের মধ্যে সবচেয়ে দুষ্ট জাতিকে নিয়ে আসব। আমি শক্তিশালীদের অহংকার ভেংগে দেব, আর তাদের পবিত্র জায়গাগুলো অপবিত্র হবে। 25ভীষণ ভয় আসলে পর তারা শান্তির খোঁজ করবে কিন্তু তা পাবে না। 26বিপদের উপর বিপদ আসবে, আর গুজবের উপর গুজব শোনা যাবে। তারা নবীর কাছ থেকে দর্শনের কথা শুনবার চেষ্টা করবে; পুরোহিতের দেওয়া আইন-কানুনের শিক্ষা ও বৃদ্ধ নেতাদের পরামর্শ আর থাকবে না। 27রাজা বিলাপ করবে, রাজপুরুষ হতভম্ব হবে, আর দেশের লোকদের হাত কাঁপতে থাকবে। আমি তাদের চালচলন অনুসারে তাদের সংগে ব্যবহার করব এবং তাদের পাওনা অনুসারেই শাস্তি দেব। তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।”

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in