যিহিষ্কেল 14
14
প্রতিমাপূজার জন্য ইস্রায়েলীয়দের শাস্তি
1পরে ইস্রায়েলের কয়েকজন বৃদ্ধ নেতা আমার কাছে এসে আমার সামনে বসলেন। 2তখন সদাপ্রভুর এই বাক্য আমার কাছে প্রকাশিত হল, 3“হে মানুষের সন্তান, এই লোকেরা তাদের অন্তরের মধ্যে প্রতিমা স্থাপন করে পাপে পড়বার মত জিনিস তাদের সামনে রেখেছে। সেইজন্য আমার কাছে যদি তারা কোন কিছু জিজ্ঞাসা করে তবে আমি তাদের উত্তর দেব না। 4কাজেই তুমি তাদের বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘কোন ইস্রায়েলীয় যদি তার অন্তরের মধ্যে প্রতিমা স্থাপন করে পাপে পড়বার মত জিনিস নিজের সামনে রাখে আর তারপর নবীর কাছে আসে, তবে আমি সদাপ্রভু নিজেই তার অনেক প্রতিমা অনুসারে তাকে উত্তর দেব। 5ইস্রায়েলীয়দের অন্তর আবার জয় করবার জন্যই আমি এটা করব, কারণ তারা সবাই তাদের প্রতিমাগুলোর জন্য আমাকে ত্যাগ করেছে।’
6“সেইজন্য তুমি তাদের বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘তোমরা মন ফিরাও। তোমাদের প্রতিমাগুলো থেকে ফেরো এবং সব জঘন্য কাজ ত্যাগ কর। 7কোন ইস্রায়েলীয় কিম্বা ইস্রায়েল দেশে বাসকারী কোন বিদেশী যদি আমার কাছ থেকে আলাদা হয়ে যায় এবং তার অন্তরে প্রতিমা স্থাপন করে পাপে পড়বার মত জিনিস তার সামনে রাখে আর তার পরে আমার কাছে জিজ্ঞাসা করবার জন্য কোন নবীর কাছে আসে, তবে আমি সদাপ্রভু নিজেই তাকে উত্তর দেব। 8আমি সেই লোকের বিপক্ষে দাঁড়াব এবং তাকে একটা দৃষ্টান্ত ও একটা চলতি কথার মত করব। আমার লোকদের মধ্য থেকে আমি তাকে ছেঁটে ফেলব। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।
9“‘যদি সেই নবী তাকে কোন উত্তর দেয় তবে জানবে যে, আমি সদাপ্রভুই উত্তর দেবার জন্য তাকে ভুলিয়েছি। তারপর সেই নবীর বিরুদ্ধে আমি হাত বাড়াব এবং আমার লোক ইস্রায়েলীয়দের মধ্য থেকে তাকে ধ্বংস করব। 10তারা দু’জনেই তাদের অন্যায়ের শাস্তি পাবে; সেই নবীর ও সেই পরামর্শ করতে আসা লোকটির সমান শাস্তি হবে। 11তখন ইস্রায়েলীয়েরা আর আমার কাছ থেকে বিপথে যাবে না এবং তাদের সব পাপ দিয়ে নিজেদের আর অশুচি করবে না। তারা আমার লোক হবে এবং আমি তাদের ঈশ্বর হব। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।’”
যে বিচার এড়ানো যায় না
12তারপর সদাপ্রভু আমাকে বললেন, 13“হে মানুষের সন্তান, ধর, অবিশ্বস্ত হয়ে কোন দেশ আমার বিরুদ্ধে পাপ করল আর আমি তার বিরুদ্ধে হাত বাড়িয়ে তার খাবারের যোগান বন্ধ করলাম এবং দুর্ভিক্ষ পাঠিয়ে তার মানুষ ও পশু মেরে ফেললাম। 14এই অবস্থায় সেখানে যদি নোহ, দানিয়েল ও ইয়োব- এই তিনজন লোক থাকত তবে তাদের সততার জন্য তারা কেবল নিজেদেরই রক্ষা করতে পারত। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।
15“ধর, আমি সেই দেশে বুনো জন্তু পাঠিয়ে দিলাম এবং তারা দেশটাকে জনশূন্য করল। তাতে সেটা এমন ভয়ংকর হয়ে পড়ল যে, জানোয়ারের ভয়ে তার মধ্য দিয়ে কেউ যাওয়া-আসা করতে পারল না। 16আমার জীবনের দিব্য যে, সেই তিনজন লোক সেখানে থাকলেও তারা নিজেদের ছেলেমেয়েদের পর্যন্ত রক্ষা করতে পারত না। তারা নিজেরা রক্ষা পেত কিন্তু দেশটা জনশূন্য হয়ে যেত।
17“ধর, আমি সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে এসে বললাম, ‘দেশের সব জায়াগায় যুদ্ধ হোক,’ আর আমি তার লোকজন ও জীবজন্তু মেরে ফেললাম। 18আমার জীবনের দিব্য যে, তার মধ্যে সেই তিনজন লোক থাকলেও তারা নিজেদের ছেলেমেয়েদের পর্যন্ত রক্ষা করতে পারত না। তারা নিজেরাই কেবল রক্ষা পেত।
19“আবার ধর, আমি সেই দেশের মধ্যে মড়ক পাঠালাম এবং তার মানুষ ও পশুদের মেরে ফেলবার মধ্য দিয়ে আমার ক্রোধ তার উপর ঢেলে দিলাম। 20আমার জীবনের দিব্য যে, তার মধ্যে নোহ, দানিয়েল ও ইয়োব থাকলেও তারা তাদের কোন ছেলে বা মেয়েকে রক্ষা করতে পারত না। তাদের সততার জন্য তারা কেবল নিজেদেরই রক্ষা করতে পারত।
21“এখন আমি প্রভু সদাপ্রভু বলছি যে, আমি যখন যিরূশালেমের মানুষ ও পশু মেরে ফেলবার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ, দুর্ভিক্ষ, বুনো জন্তু ও মড়ক- এই চারটি ভয়ংকর শাস্তি পাঠাব তখন কতই না খারাপ হবে! 22তবুও সেখানকার কয়েকজন বেঁচে যাবে ও তাদের বের করে আনা হবে। তারা তোমাদের কাছে আসবে, আর যখন তোমরা তাদের খারাপ স্বভাব-চরিত্র ও কাজকর্ম দেখবে তখন যিরূশালেমের উপর আমার আনা বিপদের বিষয়ে তোমরা সান্ত্বনা পাবে। 23তাদের স্বভাব-চরিত্র ও কাজকর্ম দেখে তোমরা সান্ত্বনা পাবে এবং বুঝতে পারবে যে, অকারণে আমি কিছুই করি নি। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।”
Currently Selected:
যিহিষ্কেল 14: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000