২ রাজাবলি 21
21
যিহূদার রাজা মনঃশি
1মনঃশি বারো বছর বয়সে রাজা হয়েছিলেন এবং পঞ্চান্ন বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল হিফ্সীবা। 2সদাপ্রভু ইস্রায়েলীয়দের সামনে থেকে যে সব জাতিকে তাড়িয়ে দিয়েছিলেন তাদের মত জঘন্য কাজ করে মনঃশি সদাপ্রভুর চোখে যা মন্দ তা-ই করতেন। 3তাঁর বাবা হিষ্কিয় পূজার যে সব উঁচু স্থান ধ্বংস করেছিলেন সেগুলো তিনি আবার তৈরী করলেন। ইস্রায়েলের রাজা আহাব যেমন করেছিলেন তেমনি তিনিও বাল দেবতার উদ্দেশে কতগুলো বেদী ও একটা আশেরা-খুঁটি তৈরী করলেন। তিনি আকাশের সব তারাগুলোর পূজা এবং সেবা করতেন। 4সদাপ্রভু যে ঘরের বিষয় বলেছিলেন, “আমি যিরূশালেমে বাস করব,” সদাপ্রভুর সেই ঘরের মধ্যে তিনি কতগুলো বেদী তৈরী করলেন। 5সদাপ্রভুর ঘরের দু’টা উঠানেই তিনি আকাশের সমস্ত তারাগুলোর উদ্দেশে কতগুলো বেদী তৈরী করলেন। 6তিনি নিজের ছেলেকে আগুনে পুড়িয়ে উৎসর্গ করলেন। তিনি মায়াবিদ্যা ব্যবহার করতেন ও লক্ষণ দেখে ভবিষ্যতের কথা বলতেন এবং যারা ভূতের মাধ্যম হয় এবং মন্দ আত্মাদের সংগে সম্বন্ধ রাখে তিনি তাদের সংগে পরামর্শ করতেন। তিনি সদাপ্রভুর চোখে অনেক মন্দ কাজ করে তাঁকে অসন্তুষ্ট করে তুলেছিলেন।
7তিনি যে আশেরা-খুঁটি খোদাই করে তৈরী করেছিলেন সেটা নিয়ে উপাসনা-ঘরে রাখলেন। এই উপাসনা-ঘর সম্বন্ধে সদাপ্রভু দায়ূদ ও তাঁর ছেলে শলোমনকে বলেছিলেন, “এই ঘর ও ইস্রায়েলের সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে আমার বেছে নেওয়া এই যিরূশালেমকে আমি চিরকালের জন্য আমার বাসস্থান করব। 8ইস্রায়েলীয়েরা যদি কেবল আমার সব আদেশ যত্নের সংগে পালন করে এবং আমার দাস মোশি তাদের যে আইন-কানুন দিয়েছে সেই মত চলে তবে আমি তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছি সেই দেশ তাদের আর ছেড়ে যেতে হবে না।” 9কিন্তু লোকেরা সেই কথা শুনল না। মনঃশি তাদের বিপথে নিয়ে গেলেন; তার ফলে যে সব জাতিকে সদাপ্রভু ইস্রায়েলীয়দের সামনে থেকে ধ্বংস করে দিয়েছিলেন তাদের চেয়েও তারা আরও খারাপ কাজ করতে লাগল।
10তখন সদাপ্রভু তাঁর দাসদের, অর্থাৎ নবীদের মধ্য দিয়ে এই কথা বললেন, 11“যিহূদার রাজা মনঃশি এই সব জঘন্য পাপ করেছে। তার আগে যে ইমোরীয়েরা ছিল তাদের চেয়েও সে আরও খারাপ কাজ করেছে এবং নিজের প্রতিমাগুলো দিয়ে যিহূদাকে পাপের পথে পরিচালিত করেছে। 12কাজেই আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলছি যে, আমি শীঘ্রই যিরূশালেম ও যিহূদার উপর এমন বিপদ আনব যে, সেই কথা যারা শুনবে তারা সবাই শিউরে উঠবে। 13শমরিয়ার বিরুদ্ধে যে মাপের দড়ি এবং আহাবের বংশের বিরুদ্ধে যে ওলন দড়ি ব্যবহার করা হয়েছিল তা আমি যিরূশালেমের বিরুদ্ধে ব্যবহার করব। যেমন করে একজন থালা মুছে নিয়ে উল্টে উবুড় করে তেমনি করে আমি যিরূশালেমকে মুছে ফেলব। 14আমার লোকদের বাকী অংশকে আমি ত্যাগ করব এবং শত্রুদের হাতে তাদের তুলে দেব। তাদের সমস্ত শত্রুরা তাদের লুট করবে এবং সব কিছু জোর করে নিয়ে যাবে, 15কারণ আমার চোখে যা মন্দ তারা তা-ই করেছে এবং যেদিন তাদের পূর্বপুরুষেরা মিসর থেকে বের হয়ে এসেছিল সেই দিন থেকে আজ পর্যন্ত তারা আমাকে অসন্তুষ্ট করে চলেছে।”
16এছাড়া মনঃশি এত নির্দোষ লোকদের রক্তপাত করেছিলেন যে, সেই রক্তে যিরূশালেমের এক সীমা থেকে অন্য সীমা পর্যন্ত পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তিনি যিহূদার লোকদের দিয়ে পাপ করিয়েছিলেন যার ফলে তারা সদাপ্রভুর চোখে যা মন্দ তা-ই করেছিল।
17মনঃশির অন্যান্য সমস্ত কাজের কথা এবং তাঁর পাপের কথা “যিহূদার রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে। 18পরে মনঃশি তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁকে রাজবাড়ীর বাগানে, অর্থাৎ উষের বাগানে কবর দেওয়া হল। তাঁর জায়গায় তাঁর ছেলে আমোন রাজা হলেন।
যিহূদার রাজা আমোন
19আমোন বাইশ বছর বয়সে রাজা হয়েছিলেন এবং দুই বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল মশুল্লেমৎ; তিনি ছিলেন যট্বা গ্রামের হারুষের মেয়ে। 20আমোন তাঁর বাবা মনঃশির মতই সদাপ্রভুর চোখে যা মন্দ তা-ই করতেন। 21তাঁর বাবা যে সব পথে চলেছিলেন তিনিও সেই সব পথে চলতেন; তাঁর বাবা যে সব প্রতিমার সেবা করেছিলেন তিনিও সেগুলোর সেবা ও পূজা করতেন। 22তিনি তাঁর পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করেছিলেন এবং তাঁর পথে চলতেন না।
23আমোনের কর্মচারীরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁর রাজবাড়ীতেই তাঁকে খুন করল। 24কিন্তু যারা রাজা আমোনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল দেশের লোকেরা তাদের সবাইকে মেরে ফেলল এবং তারা তাঁর ছেলে যোশিয়কে তাঁর জায়গায় রাজা করল।
25আমোনের অন্যান্য সমস্ত কাজের কথা “যিহূদার রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে। 26উষের বাগানে তাঁর জন্য ঠিক করা কবরে তাঁকে কবর দেওয়া হল। তাঁর জায়গায় তাঁর ছেলে যোশিয় রাজা হলেন।
Currently Selected:
২ রাজাবলি 21: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000