Bible App logo
Search Icon

1 থিষলনীকীয় 1

1
1পিতা ঈশ্বর আর প্রভু যীশু খ্রীষ্টের সংগে যুক্ত থিষলনীকীয় মণ্ডলীর কাছে সীলবান, তীমথিয় আর আমি পৌল এই চিঠি লিখছি।
আমাদের পিতা ঈশ্বর আর প্রভু যীশু খ্রীষ্ট তোমাদের দয়া করুন আর শান্তি দান করুন।
ঈশ্বরকে ধন্যবাদ
2আমরা সব সময় প্রার্থনায় তোমাদের সকলের কথা মনে করে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকি। 3বিশ্বাসের দরুন তোমরা যে কাজ করছ, ভালবাসার দরুন যে পরিশ্রম করছ এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের উপর আশার দরুন যে ধৈর্য ধরছ, সেই কথা আমরা সব সময়ই আমাদের পিতা ও ঈশ্বরের সামনে প্রার্থনায় মনে করে থাকি।
4ঈশ্বরের প্রিয় আমার ভাইয়েরা, আমরা জানি তিনিই তোমাদের বেছে নিয়েছেন, 5কারণ আমাদের প্রচারিত সুখবর কেবলমাত্র কথার মধ্য দিয়ে তোমাদের কাছে আসে নি, কিন্তু তা শক্তি, পবিত্র আত্মা ও পূর্ণ নিশ্চয়তার মধ্য দিয়ে এসেছিল। তোমাদের সংগে থাকবার সময়ে তোমাদের মংগলের জন্য আমরা কিভাবে চলাফেরা করেছি তা তোমরা জান। 6অনেক অত্যাচারের মধ্যেও পবিত্র আত্মার দেওয়া আনন্দের সংগে সেই সুখবর গ্রহণ করে তোমরা আমাদের আর প্রভুর মত করে চলছ। 7এতে ম্যাসিডোনিয়া আর আখায়া প্রদেশের সব বিশ্বাসীদের কাছে তোমরা একটা আদর্শ হয়েছ। 8কেবলমাত্র ম্যাসিডোনিয়া আর আখায়া প্রদেশেই যে তোমাদের কাছ থেকে প্রভুর বাক্য ছড়িয়ে পড়েছে এমন নয়, কিন্তু ঈশ্বরের উপর তোমাদের বিশ্বাসের কথাও সব জায়গাতেই গিয়ে পৌঁছেছে। এই ব্যাপারে আমাদের কিছুই বলবার দরকার নেই, 9কারণ তোমরা কিভাবে আমাদের গ্রহণ করেছিলে লোকেরা তা আমাদের জানাচ্ছে। তারা আরও জানাচ্ছে যে, তোমরা কিভাবে দেবদেবীদের কাছ থেকে ফিরে জীবন্ত ও সত্য ঈশ্বরের কাছে এসেছ যেন তাঁর সেবা করতে পার, 10আর স্বর্গ থেকে তাঁর পুত্রের আসবার জন্য অপেক্ষা করতে পার। সেই পুত্রই হলেন যীশু, যাঁকে তিনি মৃত্যু থেকে জীবিত করে তুলেছিলেন। ঈশ্বরের যে শাস্তি নেমে আসছে সেই শাস্তি থেকে এই যীশুই আমাদের রক্ষা করবেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in