১ রাজাবলি 17
17
দাঁড়কাকের দেওয়া এলিয়ের খাবার
1গিলিয়দের তিশ্বী গ্রামের এলিয় আহাবকে বললেন, “আমি যাঁর সেবা করি ইস্রায়েলীয়দের সেই জীবন্ত ঈশ্বর সদাপ্রভুর দিব্য দিয়ে বলছি যে, আমি না বলা পর্যন্ত আগামী কয়েক বছরে শিশিরও পড়বে না, বৃষ্টিও পড়বে না।”
2পরে সদাপ্রভু এলিয়কে বললেন, 3“তুমি এই জায়গা ছেড়ে পূর্ব দিকে যাও এবং যর্দনের পূর্ব দিকে করীৎ স্রোতের ধারে লুকিয়ে থাক। 4তুমি সেই স্রোতের জল খাবে আর সেখানে তোমাকে খাবার দেবার জন্য আমি দাঁড়কাকদের ঠিক করে রেখেছি।”
5কাজেই সদাপ্রভু এলিয়কে যা বললেন তিনি তা-ই করলেন। তিনি যর্দনের পূর্ব দিকে করীৎ স্রোতের ধারে গিয়ে থাকতে লাগলেন। 6দাঁড়কাকেরা সকালে ও বিকালে তাঁর জন্য রুটি ও মাংস আনত এবং তিনি সেই স্রোতের জল খেতেন।
সারিফতের বিধবা
7দেশে বৃষ্টি না হওয়াতে কিছুকাল পরে সেই স্রোতের জল শুকিয়ে গেল। 8তখন সদাপ্রভুর এই বাক্য এলিয়ের কাছে প্রকাশিত হল, 9“তুমি এখন সীদোনের সারিফতে গিয়ে থাক। তোমাকে খাবার যোগাবার জন্য আমি সেখানকার এক বিধবাকে ঠিক করে রেখেছি।” 10সেইজন্য তিনি সারিফতে গেলেন। গ্রামে ঢুকবার পথে পৌঁছে তিনি একজন বিধবাকে কাঠ কুড়াতে দেখলেন। তিনি তাকে ডেকে বললেন, “আমার খাবার জন্য পাত্রে করে একটু জল আনতে পারবে?” 11সে যখন যাচ্ছিল তখন তিনি তাকে আবার ডেকে বললেন, “দয়া করে আমার জন্য এক টুকরা রুটিও এনো।”
12উত্তরে সেই বিধবা বলল, “আপনার ঈশ্বর জীবন্ত সদাপ্রভুর দিব্য দিয়ে বলছি যে, আমার কাছে একটাও রুটি নেই। পাত্রে কেবল এক মুঠো ময়দা আর ভাঁড়ে একটুখানি তেল রয়েছে। বাড়ী নিয়ে যাবার জন্য আমি কতগুলো কাঠ কুড়াচ্ছি; তা দিয়ে আমার ও আমার ছেলের জন্য কিছু খাবার তৈরী করব। তারপর তা খেয়ে আমরা মরব।”
13এলিয় তাকে বললেন, “ভয় কোরো না। যা বললে বাড়ী গিয়ে তা-ই কর। কিন্তু তোমার যা আছে তা থেকে আগে আমার জন্য একটা ছোট রুটি তৈরী করে নিয়ে এস। তারপর তোমার ও তোমার ছেলের জন্য রুটি তৈরী কোরো। 14ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছেন যে, তিনি বৃষ্টি না দেওয়া পর্যন্ত ঐ ময়দার পাত্রটাও খালি হবে না আর তেলের ভাঁড়ও খালি হবে না।”
15তখন সে গিয়ে এলিয় তাকে যা করতে বলেছিলেন তা-ই করল। তাতে এলিয় আর সেই স্ত্রীলোক ও তার ছেলেটি অনেক দিন পর্যন্ত খাবার খেতে থাকল। 16এলিয়ের মধ্য দিয়ে সদাপ্রভু যে কথা বলেছিলেন সেই অনুসারে ঐ ময়দার পাত্রটাও খালি হল না, তেলের ভাঁড়ও খালি হল না।
17কিছুদিন পরে সেই ঘরের মালিক ঐ স্ত্রীলোকটির ছেলের অসুখ হল। তার অবস্থা এত খারাপ হয়ে গেল যে, শেষে সে মারা গেল। 18স্ত্রীলোকটি তখন এলিয়কে বলল, “হে ঈশ্বরের লোক, আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি কি আমাকে আমার পাপের কথা মনে করিয়ে দিতে আর আমার ছেলেকে মেরে ফেলতে এসেছেন?”
19উত্তরে এলিয় বললেন, “তোমার ছেলেটিকে আমার কাছে দাও।” তিনি ছেলেটিকে সেই স্ত্রীলোকের কোল থেকে নিয়ে উপরের যে ঘরে তিনি থাকতেন সেখানে গেলেন এবং তাকে নিজের বিছানার উপর শুইয়ে দিলেন। 20তারপর তিনি সদাপ্রভুকে ডেকে বললেন, “হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি যে বিধবার বাড়ীতে থাকি তার ছেলের মৃত্যু ঘটিয়ে কেন তুমি তার উপর এই দুঃখ নিয়ে আসলে?”
21তারপর তিনি তিন বার ছেলেটির উপরে লম্বা হয়ে শুয়ে সদাপ্রভুকে ডেকে বললেন, “হে সদাপ্রভু আমার ঈশ্বর, ছেলেটির প্রাণ তার মধ্যে ফিরে আসুক।”
22সদাপ্রভু এলিয়ের কথা শুনলেন এবং ছেলেটির প্রাণ তার মধ্যে ফিরে আসল আর সে বেঁচে উঠল। 23এলিয় তখন ছেলেটিকে তুলে নিয়ে ঐ ঘর থেকে নীচে নেমে বাড়ীর ভিতরে গেলেন। তারপর তাকে তার মায়ের কাছে দিয়ে বললেন, “এই দেখ, তোমার ছেলে বেঁচে আছে।”
24তখন সেই স্ত্রীলোকটি এলিয়কে বলল, “আমি এখন বুঝতে পারলাম আপনি ঈশ্বরের লোক, আর সদাপ্রভু আপনার মধ্য দিয়ে যা বলেন তা সত্য।”
Currently Selected:
১ রাজাবলি 17: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000