২ রাজাবলি 1

1
অহসিয়ের উপর সদাপ্রভুর শাস্তি
1আহাবের মৃত্যুর পর মোয়াব দেশ ইস্রায়েলের বিরুদ্ধে বিদ্রোহ করল। 2অহসিয় শমরিয়াতে তাঁর বাড়ীর উপরের তলার কামরার জানলা দিয়ে নীচে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন। তখন তিনি কয়েকজন লোককে এই বলে পাঠিয়ে দিলেন, “তোমরা গিয়ে ইক্রোণের দেবতা বাল্‌-সবূবের কাছে জিজ্ঞাসা কর যে, এই আঘাত থেকে আমি সুস্থ হয়ে উঠব কি না।”
3কিন্তু সদাপ্রভুর দূত তিশ্‌বীয় এলিয়কে বললেন, “তুমি গিয়ে শমরিয়ার রাজার পাঠানো লোকদের সংগে দেখা করে তাদের বল, ‘ইস্রায়েলে কি ঈশ্বর নেই যে, তোমরা ইক্রোণের দেবতা বাল্‌-সবূবের কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছ? 4এইজন্য সদাপ্রভু বলছেন, যে বিছানায় তুমি শুয়ে আছ তা থেকে তুমি আর উঠবে না। তুমি নিশ্চয়ই মারা যাবে।’ ” এই বলে এলিয় চলে গেলেন।
5সেই লোকেরা রাজার কাছে ফিরে আসলে পর তিনি তাদের জিজ্ঞাসা করলেন, “তোমরা কেন ফিরে আসলে?”
6উত্তরে তারা বলল, “একজন লোক আমাদের সংগে দেখা করে বলল, যিনি আমাদের পাঠিয়েছেন আমরা যেন সেই রাজার কাছে ফিরে গিয়ে বলি যে, সদাপ্রভু বলছেন, ‘ইস্রায়েলে কি ঈশ্বর নেই যে, তুমি ইক্রোণের দেবতা বাল্‌-সবূবের কাছে জিজ্ঞাসা করবার জন্য লোক পাঠাচ্ছ? কাজেই তুমি যে বিছানায় শুয়ে আছ সেখান থেকে আর উঠবে না। তুমি নিশ্চয়ই মারা যাবে।’ ”
7রাজা তাদের জিজ্ঞাসা করলেন, “যে লোকটা তোমাদের সংগে দেখা করে এই কথা বলেছে সে দেখতে কেমন?”
8উত্তরে তারা বলল, “তার গা লোমে ভরা ছিল আর কোমরে ছিল চামড়ার কোমর-বাঁধনি।”
রাজা বললেন, “উনি হলেন তিশ্‌বীয় এলিয়।”
9এর পর রাজা একজন সেনাপতি ও তাঁর পঞ্চাশজন সৈন্যকে এলিয়ের কাছে পাঠিয়ে দিলেন। এলিয় তখন একটা পাহাড়ের উপরে বসে ছিলেন। সেই সেনাপতি এলিয়ের কাছে উঠে গিয়ে বললেন, “হে ঈশ্বরের লোক, রাজা আপনাকে নেমে আসতে বলছেন।”
10উত্তরে এলিয় সেই সেনাপতিকে বললেন, “আমি যদি ঈশ্বরেরই লোক হই তবে আকাশ থেকে আগুন নেমে এসে যেন তোমাকে ও তোমার পঞ্চাশজন সৈন্যকে পুড়িয়ে ফেলে।” তখন আকাশ থেকে আগুন পড়ে সেই সেনাপতি ও তাঁর পঞ্চাশজন সৈন্যকে পুড়িয়ে ফেলল।
11এই কথা শুনে রাজা আর একজন সেনাপতি ও তাঁর পঞ্চাশজন সৈন্যকে এলিয়ের কাছে পাঠিয়ে দিলেন। সেই সেনাপতি এলিয়কে বললেন, “হে ঈশ্বরের লোক, রাজা আপনাকে এখনই নেমে আসতে বলেছেন।”
12উত্তরে এলিয় বললেন, “আমি যদি ঈশ্বরেরই লোক হই তবে আকাশ থেকে আগুন নেমে এসে যেন তোমাকে ও তোমার পঞ্চাশজন সৈন্যকে পুড়িয়ে ফেলে।” তখন আকাশ থেকে ঈশ্বরের আগুন পড়ে তাঁকে ও তাঁর পঞ্চাশজন সৈন্যকে পুড়িয়ে ফেলল।
13এর পরে রাজা আর একজন সেনাপতি ও তাঁর পঞ্চাশজন সৈন্যকে পাঠিয়ে দিলেন। এই তৃতীয় সেনাপতি উপরে উঠে গিয়ে এলিয়ের সামনে হাঁটু পেতে মিনতি করে বললেন, “হে ঈশ্বরের লোক, আপনি দয়া করে আমার ও আপনার এই পঞ্চাশজন দাসের প্রাণ রক্ষা করুন। 14দেখুন, আকাশ থেকে আগুন পড়ে প্রথম দু’জন সেনাপতি ও তাঁদের সব সৈন্যদের পুড়িয়ে ফেলেছে। কিন্তু এবার আপনি আমার প্রাণ রক্ষা করুন।”
15তখন সদাপ্রভুর দূত এলিয়কে বললেন, “তুমি ওর সংগে নেমে যাও, ওকে ভয় কোরো না।” কাজেই এলিয় তাঁর সংগে নেমে রাজার কাছে গেলেন।
16তিনি রাজাকে বললেন, “সদাপ্রভু এই কথা বলছেন, ‘জিজ্ঞাসা করবার জন্য ইস্রায়েলে কি ঈশ্বর নেই যে, তুমি ইক্রোণের দেবতা বাল্‌-সবূবের কাছে লোক পাঠিয়েছিলে? তুমি এই কাজ করেছ বলে তুমি যে বিছানায় শুয়ে আছ তা থেকে আর উঠবে না। তুমি নিশ্চয়ই মারা যাবে।’ ” 17এলিয়কে দিয়ে সদাপ্রভু যে কথা বলিয়েছিলেন সেই অনুসারে অহসিয় মারা গেলেন।
অহসিয়ের কোন ছেলে ছিল না বলে তাঁর জায়গায় যোরাম রাজা হলেন। যিহূদার রাজা যিহোশাফটের ছেলে যিহোরামের রাজত্বের দ্বিতীয় বছরে তিনি রাজা হয়েছিলেন। 18অহসিয়ের অন্যান্য সমস্ত কাজের কথা “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।

اکنون انتخاب شده:

২ রাজাবলি 1: SBCL

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید