১ বংশাবলি 16

16
1ঈশ্বরের সিন্দুকের জন্য দায়ূদ যে তাম্বু খাটিয়েছিলেন লোকেরা সিন্দুকটি এনে তার ভিতরে রাখল। এর পর ঈশ্বরের সামনে পোড়ানো-উৎসর্গ ও যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করা হল। 2সেই সব উৎসর্গের অনুষ্ঠান করা শেষ হয়ে গেলে পর দায়ূদ সদাপ্রভুর নামে লোকদের আশীর্বাদ করলেন। 3তারপর তিনি ইস্রায়েলীয় প্রত্যেক স্ত্রীলোক ও পুরুষকে একটা করে রুটি, এক খণ্ড মাংস ও এক তাল কিশমিশ দিলেন।
4সদাপ্রভুর সিন্দুকের সামনে সেবা-কাজের জন্য দায়ূদ কয়েকজন লেবীয়কে নিযুক্ত করলেন যাতে তারা প্রার্থনা করতে, ধন্যবাদ দিতে এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব করতে পারে। 5এই লোকদের নেতা ছিলেন আসফ, দ্বিতীয় ছিলেন সখরিয়, তারপরে ছিলেন যিয়ীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ-ইদোম ও যিয়ীয়েল। এঁরা বাজাতেন বীণা ও সুরবাহার আর আসফ বাজাতেন করতাল; 6পুরোহিত বনায় আর যহসীয়েল ঈশ্বরের সেই ব্যবস্থা-সিন্দুকের সামনে নিয়মিত ভাবে তূরী বাজাতেন।
দায়ূদের ধন্যবাদের গান
7সেই দিন দায়ূদ প্রথমে সদাপ্রভুর উদ্দেশে ধন্যবাদের এই গান গাইবার ভার আসফ ও তাঁর লোকদের উপর দিলেন:
8সদাপ্রভুকে ধন্যবাদ দাও,
তাঁর গুণের কথা ঘোষণা কর;
তাঁর কাজের কথা
অন্যান্য জাতিদের জানাও।
9তাঁর উদ্দেশে গান গাও,
তাঁর প্রশংসা-গান কর;
তাঁর সব আশ্চর্য কাজের কথা বল।
10তাঁর পবিত্রতার গৌরব কর;
যারা সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহী
তাদের অন্তর আনন্দিত হোক।
11সদাপ্রভু ও তাঁর শক্তিকে বুঝতে চেষ্টা কর;
সব সময় তাঁর সংগে যোগাযোগ রাখতে
আগ্রহী হও।
12-13হে তাঁর দাস ইস্রায়েলের বংশধরেরা,
তাঁর বেছে নেওয়া যাকোবের সন্তানেরা,
তোমরা তাঁর মহান কাজগুলোর কথা
মনে রেখো;
তাঁর আশ্চর্য আশ্চর্য কাজের কথা
আর বিচারে যে শাস্তির কথা
তিনি বলেছেন তা মনে রেখো।
14তিনিই আমাদের ঈশ্বর সদাপ্রভু;
গোটা দুনিয়া তাঁরই শাসনে চলছে।
15যে বাক্যের নির্দেশ তিনি দিয়েছিলেন
হাজার হাজার বংশের জন্য,
তাঁর সেই ব্যবস্থার কথা
চিরকাল মনে রেখো।
16সেই ব্যবস্থা তিনি অব্রাহামের জন্য
স্থাপন করেছিলেন
আর ইস্‌হাকের কাছে শপথ করেছিলেন।
17তিনি তাঁর ব্যবস্থা যাকোবের কাছে
নিয়ম হিসাবে
আর ইস্রায়েলের কাছে
চিরস্থায়ী ব্যবস্থা হিসাবে
ঘোষণা করেছিলেন।
18তিনি বলেছিলেন,
“আমি তোমাকে কনান দেশটা দেব,
সেটাই হবে তোমার পাওনা সম্পত্তি।”
19তাদের সংখ্যা যখন কম ছিল,
খুবই কম ছিল,
আর তারা সেখানে বিদেশী ছিল,
20তারা যখন সেখানে বিভিন্ন জাতির মধ্যে
আর বিভিন্ন রাজ্যের মধ্যে ঘুরে বেড়াত,
21তখন তিনি কাউকে তাদের অত্যাচার
করতে দিতেন না।
তাদের জন্য তিনি রাজাদের ধম্‌কে দিতেন,
22বলতেন, “আমার অভিষিক্ত লোকদের
ছোঁবে না;
আমার নবীদের কোন ক্ষতি করবে না।”
23পৃথিবীর সব লোক,
তোমরা সদাপ্রভুর উদ্দেশে গান কর;
তাঁর দেওয়া উদ্ধারের কথা
দিনের পর দিন ঘোষণা কর।
24বিভিন্ন জাতির মধ্যে তাঁর মহিমা
ঘোষণা কর;
সমস্ত লোকের মধ্যে তাঁর সব
আশ্চর্য কাজের কথা ঘোষণা কর।
25সদাপ্রভুই মহান এবং সবার উপরে
প্রশংসার যোগ্য;
সব দেব-দেবতার চেয়ে তিনি বেশী
ভয় জাগান।
26বিভিন্ন জাতির দেব-দেবতারা অসার মাত্র,
কিন্তু সদাপ্রভু মহাকাশের সৃষ্টিকর্তা।
27তাঁকেই ঘিরে রয়েছে গৌরব ও মহিমা;
তাঁর বাসস্থানে রয়েছে শক্তি ও আনন্দ।
28হে বিভিন্ন জাতির সমস্ত গোষ্ঠী,
স্বীকার কর সমস্ত গৌরব ও শক্তি সদাপ্রভুরই।
29তোমরা স্বীকার কর সমস্ত গৌরব সদাপ্রভুর;
উৎসর্গের জিনিস নিয়ে তাঁর সামনে এস।
সদাপ্রভুর মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবে
তাঁকে শ্রদ্ধা জানাও।
30পৃথিবীর সমস্ত লোক,
তোমরা তাঁর সামনে কেঁপে ওঠো।
পৃথিবী অটলভাবে স্থাপিত হল,
তা কখনও নড়বে না।
31আকাশ আনন্দ করুক, পৃথিবী খুশী হোক;
বিভিন্ন জাতির মধ্যে তারা ঘোষণা করুক,
“সদাপ্রভুই রাজত্ব করেন।”
32সাগর ও তার মধ্যেকার সব কিছু
গর্জন করুক;
মাঠ ও তার মধ্যেকার সব কিছু
আনন্দিত হোক।
33তাহলে বনের গাছপালাও
সদাপ্রভুর সামনে আনন্দে গান করবে,
কারণ তিনি পৃথিবীর বিচার করতে আসছেন।
34তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর,
কারণ তিনি মংগলময়;
তাঁর অটল ভালবাসা চিরকাল স্থায়ী।
35তোমরা বল, “হে আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর,
আমাদের উদ্ধার কর;
অন্যান্য জাতিদের মধ্য থেকে
তুমি আমাদের এক জায়গায় নিয়ে এসে
আমাদের রক্ষা কর,
যাতে আমরা তোমার পবিত্রতার উদ্দেশে
ধন্যবাদ দিতে পারি
আর তোমার গুণগান করতে পারছি বলে
গর্ববোধ করতে পারি।
36সৃষ্টির আগে থেকে অনন্তকাল পর্যন্ত
ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক।”
এর পর সব লোকেরা বলল, “আমেন, সদাপ্রভুর গৌরব হোক।”
37প্রতিদিনের প্রয়োজন অনুসারে নিয়মিত সেবা-কাজের জন্য দায়ূদ সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকের কাছে আসফ ও তাঁর লোকদের রেখে গেলেন। 38তাদের সাহায্য করবার জন্য তিনি ওবেদ-ইদোম ও তাঁর আটষট্টিজন লোককেও রেখে গেলেন। যিদূথূনের ছেলে ওবেদ-ইদোম ও হোষা ছিলেন রক্ষী।
39দায়ূদ গিবিয়োনের উপাসনার উঁচু স্থানে সদাপ্রভুর আবাস-তাম্বুর সামনে পুরোহিত সাদোক ও তাঁর সংগের পুরোহিতদের রেখে গেলেন। 40এর উদ্দেশ্য ছিল সদাপ্রভু ইস্রায়েলীয়দের যে আইন-কানুন দিয়েছিলেন তাতে যা যা লেখা ছিল সেই অনুসারে যেন তাঁরা সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের বেদীর উপর প্রতিদিন সকালে ও বিকালে নিয়মিতভাবে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে পারেন। 41তাঁদের সংগে ছিলেন হেমন ও যিদূথূন আর বাদবাকী লোক, যাদের নাম উল্লেখ করে বেছে নেওয়া হয়েছিল যাতে তারা সদাপ্রভুর চিরকাল স্থায়ী অটল ভালবাসার জন্য তাঁকে ধন্যবাদ দিতে পারে। 42ঈশ্বরের উদ্দেশে গান করবার সময়ে তূরী, করতাল ও অন্যান্য বাজনা বাজাবার জন্য হেমন ও যিদূথূনের উপর ভার দেওয়া হল। যিদূথূনের বংশের লোকদের রক্ষী হিসাবে নিযুক্ত করা হল।
43এর পর সব লোক যে যার বাড়ীর দিকে রওনা হল এবং দায়ূদ তাঁর পরিবারের লোকদের আশীর্বাদ করবার জন্য বাড়ীতে ফিরে গেলেন।

اکنون انتخاب شده:

১ বংশাবলি 16: SBCL

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید