জাকারিয়া 13
13
1-2“আমি আল্লাহ্ রাব্বুল আলামীন বলছি, সেই দিন দাউদের বংশের ও জেরুজালেমের বাসিন্দাদের গুনাহ্ ও নাপাকী ধুয়ে ফেলবার জন্য একটা ঝর্ণা খোলা হবে। সেই দিন দেশ থেকে মূর্তিগুলো দূর করে দেওয়া হবে এবং তাদের নাম পর্যন্ত আর কারও মনে থাকবে না। আমি দেশ থেকে তাদের নবীদের দূর করে দেব এবং ভূতদেরও দূর করে দেব। 3তবুও যদি কেউ নবী হিসাবে কথা বলে তবে তার নিজের মা-বাবা তাকে বলবে, ‘তোমাকে মরতে হবে, কারণ তুমি মাবুদের নাম করে মিথ্যা কথা বলেছ।’ সে নবী হিসাবে কথা বললে পর তার নিজের মা-বাবা তাকে তীক্ষ্ন অস্ত্র দিয়ে হত্যা করবে।
4“প্রত্যেক নবী সেই দিন তার দর্শনের বিষয়ে লজ্জিত হবে। ছলনা করবার জন্য সে নবীদের মত লোমের পোশাক পরবে না। 5সে বলবে, ‘আমি নবী নই, আমি একজন চাষী; ছোটবেলায় আমাকে গোলাম হিসাবে বিক্রি করা হয়েছিল।’ 6যদি কেউ তাকে জিজ্ঞাসা করে, ‘তোমার শরীরে ওগুলো কিসের দাগ?’ সে জবাব দেবে, ‘আমার বন্ধুদের বাড়ীতে যে সব আঘাত পেয়েছি এ তারই দাগ।’ ”
পালককে আঘাত করা
7আল্লাহ্ রাব্বুল আলামীন বলছেন, “হে তলোয়ার, তুমি আমার পালকের বিরুদ্ধে, আমার সংগের লোকের বিরুদ্ধে, জেগে ওঠো। পালককে আঘাত কর, তাতে মেষগুলো ছড়িয়ে পড়বে; আমি মেষের বাচ্চাগুলোর বিরুদ্ধেও আমার হাত উঠাব। 8গোটা দেশের তিন ভাগের দু’ভাগ লোককে হত্যা করা হবে, কিন্তু আমি মাবুদ বলছি, তৃতীয় ভাগ তার মধ্যে বেঁচে থাকবে। 9এই তৃতীয় ভাগকে আমি আগুনের মধ্যে নিয়ে যাব; রূপা খাঁটি করবার মত করে আমি তাদের খাঁটি করব এবং সোনা যাচাই করবার মত তাদের যাচাই করব। তারা আমাকে ডাকবে আর আমি তাদের জবাব দেব; আমি বলব, ‘এরা আমার বান্দা,’ আর তারা বলবে, ‘আল্লাহই আমাদের মাবুদ।’ ”
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006