তীত 2
2
বিভিন্ন লোকদের জন্য উপদেশ
1তুমি এমনভাবে শিক্ষা দেবে যাতে তোমার কথার সংগে সত্য শিক্ষার মিল থাকে। 2যাঁরা বৃদ্ধ, তাঁদের বলবে যেন তাঁরা সব ব্যাপারে নিজেদের দমনে রাখেন; তাঁরা যেন সম্মান পাবার যোগ্য হন; তাঁদের যেন ভাল বিচারবুদ্ধি, খাঁটি ঈমান, মহব্বত ও ধৈর্যগুণ থাকে।
3তেমনি করে বয়স্কা স্ত্রীলোকদের বলবে, তাঁদের চালচলনে যেন আল্লাহ্র প্রতি ভয় থাকে এবং তাঁরা যেন ভাল শিক্ষা দেন। পরের নিন্দা করা বা মাতাল হওয়া তাঁদের উচিত নয়। 4তাহলে তাঁরা যুবতী মেয়েদের শিখাতে পারবেন যেন তারা স্বামী ও ছেলেমেয়েদের ভালবাসে, 5নিজেদের দমনে রাখে, সতী থাকে, সংসারের দিকে খেয়াল করে, দয়ালু হয় এবং স্বামীর অধীনে থাকে, যাতে কেউ আল্লাহ্র কালামের অসম্মান করতে না পারে।
6তেমনি করে যুবকদের উপদেশ দাও যেন তারা নিজেদের দমনে রাখে। 7সব কিছুতেই তুমি তাদের কাছে ভাল কাজের একটা আদর্শ হও। তোমার শিক্ষার মধ্যে যেন সৎ উদ্দেশ্য থাকে, তাতে যেন হালকা মনোভাব না থাকে। 8কেউ যাতে তোমার দোষ ধরতে না পারে সেই রকম সত্য শিক্ষা দাও, যেন তোমাদের বিপক্ষের লোকেরা লজ্জা পায়, কারণ আমাদের বিষয়ে খারাপ বলবার তো তাদের কিছুই থাকবে না।
9যারা গোলাম, তাদের বলবে যেন সব ব্যাপারে তারা মালিকদের অধীনে থাকে, তাদের খুশী করতে চেষ্টা করে, কথার উপর কথা না বলে, 10আর মালিকদের জিনিস চুরি না করে, বরং তারা যে সম্পূর্ণ বিশ্বাসযোগ্য তা প্রমাণ করে, যেন তারা আমাদের নাজাতদাতা আল্লাহ্র সম্বন্ধে যে শিক্ষা আছে তা সব দিক থেকে সুন্দর করে তুলতে পারে।
11আল্লাহ্র যে রহমত দ্বারা নাজাত পাওয়া যায় তা সব মানুষের কাছেই প্রকাশিত হয়েছে। 12এই রহমতই আমাদের শিক্ষা দিচ্ছে যেন আমরা আল্লাহ্র প্রতি ভয়হীনতা ও দুনিয়ার কামনা-বাসনাকে অগ্রাহ্য করে এই দুনিয়াতেই নিজেদের দমনে রেখে আল্লাহ্-ভয়ের সংগে সৎ জীবন কাটাই, 13আর আমাদের আল্লাহ্তা’লা এবং নাজাতদাতা ঈসা মসীহের মহিমাপূর্ণ প্রকাশের আনন্দ-ভরা আশা পূর্ণ হবার জন্যই আগ্রহের সংগে অপেক্ষা করি। 14ঈসা মসীহ্ আমাদের জন্য নিজের জীবন দিয়েছিলেন, যেন সমস্ত গুনাহ্ থেকে আমাদের মুক্ত করতে পারেন এবং তাতে এমন একদল লোককে পাক-সাফ করতে পারেন যারা কেবল তাঁরই হবে এবং যারা অন্যদের উপকার করতে আগ্রহী হবে।
15সেইজন্য পূর্ণ অধিকার নিয়ে তুমি এই সব বিষয়ে শিক্ষা দাও, উপদেশ দাও ও দোষ দেখিয়ে দাও। কেউ যেন তোমাকে তুচ্ছ না করে।
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006