জবুর 92
92
একটা কাওয়ালী। বিশ্রাম দিনের জন্য একটা গজল।
1-3হে মাবুদ আল্লাহ্তা’লা,
দশতারা ও সুরবাহার বাজিয়ে আর বীণায় ঝংকার তুলে
তোমাকে শুকরিয়া জানানো,
তোমার প্রশংসা-কাওয়ালী গাওয়া,
সকালে তোমার অটল মহব্বতের কথা
আর রাতে তোমার বিশ্বস্ততার কথা প্রচার করা
কত না আনন্দের ব্যাপার!
4হে মাবুদ, তোমার কাজ আমাকে আনন্দিত করেছে;
তোমার সব কাজের জন্য আমি আনন্দে কাওয়ালী গাইব।
5হে মাবুদ, তোমার সব কাজ কেমন মহৎ
আর তোমার চিন্তা কত গভীর!
6যার অন্তর অসাড় সে তা জানে না;
যার মধ্যে বিবেচনা নেই সে তা বুঝতে পারে না।
7দুষ্ট লোকেরা যদিও ঘাসের মত বেড়ে ওঠে
আর অন্যায়কারীরা ফেঁপে ওঠে তাড়াতাড়ি,
তবুও তারা চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে।
8কিন্তু হে মাবুদ, তুমি চিরকাল সবার উপরে থাকবে।
9হে মাবুদ, তোমার শত্রুরা ধ্বংস হয়ে যাবে,
হ্যাঁ, তারাই ধ্বংস হয়ে যাবে;
অন্যায়কারীরা সবাই ছড়িয়ে পড়বে।
10বুনো ষাঁড়ের উঁচু শিংয়ের মত
তুমি আমার মাথা উঁচুতে তুলে ধরেছ;
আনন্দে আমার উপর নতুন তেল ঢেলে দেওয়া হয়েছে।
11আমার শত্রুদের পরাজয় আমি নিজের চোখেই দেখেছি;
যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই দুষ্ট লোকদের কান্না
আমি নিজের কানে শুনেছি।
12আল্লাহ্ভক্ত লোক খেজুর গাছের মত ফুলে-ফলে ভরে উঠবে;
সে লেবাননের এরস গাছের মত বেড়ে উঠবে।
13আমাদের মাবুদ আল্লাহ্র বাড়ীতে যাদের লাগানো হয়েছে
তারা তাঁরই উঠানে বেড়ে উঠবে।
14শেষ বয়সেও তারা ফল দেবে;
তারা সরস ও তাজা হবে।
15তাতে প্রচারিত হবে, মাবুদ ন্যায়বান;
তিনিই আমার শক্তি,
তাঁর মধ্যে কোন অন্যায় নেই।
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006