জবুর 147
147
1আলহামদুলিল্লাহ্!
আমাদের আল্লাহ্র প্রশংসা-কাওয়ালী গাওয়া কত ভাল!
তা কি সুন্দর!
তাঁর প্রশংসা করা কত উপযুক্ত!
2মাবুদই জেরুজালেমকে গড়ে তোলেন;
দূর করে দেওয়া বনি-ইসরাইলদের তিনিই জমায়েত করেন।
3যাদের মন ভেংগে গেছে তিনি তাদের সুস্থ করেন;
তাদের সব আঘাত তিনিই বেঁধে দেন।
4তিনি তারাগুলোর সংখ্যা গণনা করেন,
তাদের প্রত্যেকটির নাম ধরে ডাকেন।
5আমাদের মালিক মহান, তাঁর কুদরত প্রচুর;
তাঁর জ্ঞান বুদ্ধির সীমা নেই।
6মাবুদ নম্র লোকদের ধরে রাখেন,
কিন্তু দুষ্ট লোকদের মাটিতে ফেলে দেন।
7তোমরা মাবুদের উদ্দেশে শুকরিয়ার কাওয়ালী গাও;
বীণা বাজিয়ে আমাদের আল্লাহ্র উদ্দেশে প্রশংসার কাওয়ালী গাও।
8তিনি আকাশ মেঘে ঢাকেন;
তিনি দুনিয়ার জন্য বৃষ্টির ব্যবস্থা করেন
আর পাহাড়ের উপরে ঘাস জন্মাতে দেন।
9পশুদের খাবার তিনিই যুগিয়ে দেন;
দাঁড়কাকের বাচ্চারা যখন ডাকে
তখন তিনিই তাদের খাবার দেন।
10ঘোড়ার শক্তিতে তিনি সন্তুষ্ট হন না,
যোদ্ধার পায়ের শক্তিতেও তাঁর আনন্দ নেই;
11কিন্তু যারা তাঁকে ভয় করে
আর তাঁর অটল মহব্বতের উপর আশা রাখে,
তাদের নিয়েই মাবুদের যত আনন্দ।
12হে জেরুজালেম, মাবুদের গুণগান কর;
হে সিয়োন, তোমার আল্লাহ্র প্রশংসা কর।
13তিনিই তো তোমার দরজাগুলোর আগল শক্ত করেছেন,
তোমার মধ্যে বাসকারী লোকদের দোয়া করেছেন।
14তোমার সীমানাগুলোতে তিনিই শান্তি রাখেন,
আর সবচেয়ে ভাল গম দিয়ে তোমাকে তৃপ্ত করেন।
15তিনি দুনিয়াতে তাঁর হুকুম পাঠান;
খুব তাড়াতাড়ি তা পালন করা হয়।
16তিনি ভেড়ার লোমের মত তুষার পাঠান
আর ছাইয়ের মত শিশির ছড়ান।
17তিনি রুটির টুকরার মত করে শিলা ফেলেন;
তাঁর দেওয়া শীত কে সহ্য করতে পারে?
18তাঁর কালাম পাঠিয়ে তিনি শিলা গলিয়ে ফেলেন;
তাঁর বাতাস বহালে পানি বয়ে যায়।
19ইয়াকুবের উপরে তিনি তাঁর কালাম নাজেল করেছেন,
ইসরাইলের কাছে প্রকাশ করেছেন তাঁর নিয়ম ও শরীয়ত।
20অন্য কোন জাতির জন্য তিনি তা করেন নি;
তাঁর শরীয়ত তারা জানে না।
আলহামদুলিল্লাহ্!
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006