কাজীগণ 10
10
শাসনকর্তা তোলয়
1আবিমালেকের পরে তোলয় নামে ইষাখর-গোষ্ঠীর একজন লোক বনি-ইসরাইলদের রক্ষা করতে আসলেন। তোলয় ছিলেন পূয়ার ছেলে আর দোদয়ের নাতি। আফরাহীমের পাহাড়ী এলাকার শামীরে তিনি বাস করতেন। 2তিনি তেইশ বছর বনি-ইসরাইলদের শাসনকর্তা ছিলেন। পরে তিনি ইন্তেকাল করলেন এবং শামীরেই তাঁকে দাফন করা হল।
শাসনকর্তা যায়ীর
3তোলয়ের পরে গিলিয়দ এলাকার যায়ীর বাইশ বছর বনি-ইসরাইলদের শাসনকর্তা ছিলেন। 4যায়ীরের ত্রিশজন ছেলে ছিল; তারা ত্রিশটা গাধায় চড়ে বেড়াত। গিলিয়দের ত্রিশটা গ্রাম তাদের অধীনে ছিল। আজও সেই গ্রামগুলোকে হবোৎ-যায়ীর বলা হয়। 5যায়ীর ইন্তেকাল করলে পর তাঁকে কামোনে দাফন করা হল।
শাসনকর্তা যিপ্তহ
6পরে বনি-ইসরাইলরা মাবুদের চোখে যা খারাপ আবার তা-ই করতে লাগল। তারা বাল-দেবতাদের এবং অষ্টারোৎ দেবীদের এবং সিরীয়, সিডনীয়, মোয়াবীয়, অম্মোনীয় ও ফিলিস্তিনীদের দেব-দেবীদের পূজা করতে লাগল। এইভাবে বনি-ইসরাইলরা মাবুদকে ত্যাগ করল এবং তাঁর এবাদত করল না। 7সেইজন্য তিনি তাদের উপর রাগে জ্বলে উঠলেন এবং ফিলিস্তিনী ও অম্মোনীয়দের হাতে তাদের তুলে দিলেন। 8সেই বছরে তারা বনি-ইসরাইলদের যেন দলে-পিষে মারল। তারা জর্ডানের পূর্ব দিকে আমোরীয়দের দেশ গিলিয়দে বাসকারী বনি-ইসরাইলদের আঠারো বছর ধরে কষ্ট দিয়েছিল। 9এহুদা, বিন্ইয়ামীন ও আফরাহীম-গোষ্ঠীর লোকদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য অম্মোনীয়রা জর্ডান পার হয়ে আসল। তখন বনি-ইসরাইলরা মহা কষ্টে পড়ল। 10তারা মাবুদের কাছে ফরিয়াদ জানিয়ে বলল, “আমাদের আল্লাহ্কে ত্যাগ করে বাল-দেবতাদের পূজা করে সত্যি আমরা তোমার বিরুদ্ধে গুনাহ্ করেছি।”
11জবাবে মাবুদ বনি-ইসরাইলদের বললেন, “মিসরীয়, আমোরীয়, অম্মোনীয় ও ফিলিস্তিনীদের হাত থেকে আমি কি তোমাদের উদ্ধার করি নি? 12যখন সিডনীয়, আমালেকীয় এবং মায়োনীয়দের জুলুমে তোমরা সাহায্যের জন্য আমার কাছে ফরিয়াদ জানিয়েছিলে তখন তাদের হাত থেকেও আমি তোমাদের উদ্ধার করেছি। 13কিন্তু তোমরা আমাকে ত্যাগ করে দেবতাদের পূজা করেছ, সেইজন্য আর আমি তোমাদের উদ্ধার করব না। 14যে দেব-দেবীদের তোমরা বেছে নিয়েছিলে তাদের কাছে গিয়ে কাঁদ। বিপদের সময়ে তারাই তোমাদের উদ্ধার করুক।”
15কিন্তু বনি-ইসরাইলরা মাবুদকে বলল, “আমরা গুনাহ্ করেছি। তোমার যা ভাল মনে হয় আমাদের প্রতি তা-ই কোরো, কিন্তু দয়া করে এবার তুমি আমাদের রক্ষা কর।” 16এর পর তাদের মধ্যে অন্য জাতিদের যে সব দেব-দেবী ছিল তাদের দূর করে দিয়ে তারা মাবুদের এবাদত করতে লাগল। বনি-ইসরাইলদের কষ্ট দেখে মাবুদের মনে দুঃখ হল।
17এর পর যুদ্ধে যাবার জন্য অম্মোনীয়দের ডাক পড়ল আর তাতে তারা গিয়ে গিলিয়দে ছাউনি ফেলল। এতে ইসরাইলীয়রাও জমায়েত হয়ে মিসপাতে গিয়ে তাদের ছাউনি ফেলল। 18গিলিয়দের নেতারা একে অন্যকে বলল, “যে লোক অম্মোনীয়দের প্রথমে হামলা করবে সে-ই গিলিয়দের বাসিন্দাদের কর্তা হবে।”
Currently Selected:
কাজীগণ 10: MBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006