হোসিয়া 5
5
ইসরাইলের বিরুদ্ধে রায় ঘোষণা
1মাবুদ বলছেন, “হে ইমামেরা, তোমরা এই কথা শোন। হে ইসরাইলের লোকেরা, মনোযোগ দাও। হে রাজবংশ, কান দাও। এই রায় তোমাদেরই বিরুদ্ধে দেওয়া হচ্ছে, কারণ তোমরা মিসপাতে ফাঁদের মত আর তাবোরে মেলে দেওয়া জালের মত হয়েছিলে। 2বিদ্রোহীরা ভীষণভাবে জুলুম করছে, কিন্তু আমি তাদের সবাইকে শাস্তি দেব। 3আমি আফরাহীম সম্বন্ধে সব জানি; ইসরাইল আমার কাছ থেকে লুকানো নেই। আফরাহীম এখন জেনা করছে; ইসরাইল নাপাক হয়ে গেছে।
4“তাদের কাজ তাদের আল্লাহ্র দিকে ফিরে যেতে দেয় না। তাদের মধ্যে আছে জেনার মন। তারা মাবুদকে সত্যিকারভাবে জানে না। 5ইসরাইলের অহংকারই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়; আফরাহীম, এমন কি, গোটা ইসরাইল তাদের গুনাহের জন্য উচোট খাচ্ছে আর এহুদাও তাদের সংগে উচোট খাচ্ছে। 6তাদের ভেড়া ও গরুর পাল নিয়ে মাবুদের কাছে গেলে তারা তাঁকে পায় না; তাদের কাছ থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। 7তারা মাবুদের কাছে অবিশ্বস্ত হয়েছে; তারা জারজ সন্তানদের জন্ম দেয়। কাজেই এখন তাদের অমাবস্যার ঈদগুলো তাদের গ্রাস করবে এবং তাদের ক্ষেতগুলোও তাদের গ্রাস করবে।
8“তোমরা গিবিয়াতে তূরী বাজাও আর রামাতে বাজাও শিংগা। বৈৎ-আবনে চিৎকার করে বল, ‘হে বিন্ইয়ামীন, যুদ্ধে আমাদের পরিচালনা কর।’ 9শাস্তি দেবার দিনে আফরাহীম জনশূন্য হয়ে পড়ে থাকবে। যা হবেই হবে তা আমি ইসরাইলের গোষ্ঠীগুলোর মধ্যে ঘোষণা করছি। 10যারা সীমানার পাথর সরায় এহুদার নেতারা তাদেরই মত। আমার গজব আমি বন্যার পানির মতই তাদের উপর ঢেলে দেব। 11আফরাহীম নিজের ইচ্ছায় অসারতার পিছনে গেছে বলে সে অত্যাচারিত হয়েছে এবং বিচারে তাকে পায়ের তলায় মাড়ানো হয়েছে। 12আফরাহীমের কাছে আমি হয়েছি পোকার মত আর এহুদার লোকদের কাছে হয়েছি ক্ষয় করা জিনিসের মত।
13“আফরাহীম যখন তার রোগ দেখতে পেল আর এহুদা দেখতে পেল তার আঘাত তখন আফরাহীম আশেরিয়ার দিকে ফিরে সাহায্যের জন্য সেই মহা বাদশাহ্র কাছে লোক পাঠাল। কিন্তু সে তো তাকে সুস্থ করতে পারবে না এবং তার আঘাতও সারাতে পারবে না। 14আমি আফরাহীমের কাছে ও এহুদার কাছে সিংহের মত হব। আমি তাদের টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে চলে যাব; আমি তাদের নিয়ে যাব, তাদের উদ্ধার করবার জন্য কেউ থাকবে না। 15যে পর্যন্ত না তারা তাদের দোষ স্বীকার করে ও আমার দিকে মনোযোগ দেয় সেই পর্যন্ত আমি আমার নিজের জায়গায় ফিরে গিয়ে সেখানে থাকব। তাদের দুঃখ-কষ্টের সময় তারা আগ্রহের সংগে আমার কাছে ফিরে আসবে।”
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006