দ্বিতীয় বিবরণ 8
8
মাবুদকে মনে রাখবার হুকুম
1“আজ আমি তোমাদের যে সব হুকুম দিচ্ছি তার প্রত্যেকটা পালন করবার দিকে তোমরা মন দাও, যাতে তোমরা বেঁচে থাক ও সংখ্যায় বেড়ে ওঠো আর মাবুদ তোমাদের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেবার কথা কসম খেয়ে ওয়াদা করেছিলেন সেখানে ঢুকে তা অধিকার করতে পার। 2মনে করে দেখ, তোমাদের মাবুদ আল্লাহ্ এই চল্লিশটা বছর কিভাবে মরুভূমির মধ্য দিয়ে সারাটা পথ তোমাদের চালিয়ে এনেছেন। তোমাদের অহংকার ভেংগে দেবার জন্য এবং তোমাদের মনে কি আছে, অর্থাৎ তোমরা তাঁর হুকুম পালন করবে কি না, তা পরীক্ষায় ফেলে দেখাবার জন্য তিনি এই কাজ করেছেন। 3ক্ষুধায় কষ্ট দিয়ে এবং যে মান্নার কথা তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের জানা ছিল না তা খাইয়ে তিনি তোমাদের অহংকার ভেংগে দিয়েছেন। এতে তিনি তোমাদের এই শিক্ষা দিতে চেয়েছেন যে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু মাবুদের মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে। 4এই চল্লিশ বছর তোমাদের গায়ের কাপড় নষ্ট হয় নি এবং পা-ও ফুলে যায় নি। 5এই কথা তোমাদের দিলে জেনে রেখো যে, বাবা যেমন ছেলেকে শাসন করেন ঠিক সেইভাবে তোমাদের মাবুদ আল্লাহ্ তোমাদের শাসন করেন।
6“তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র হুকুম পালন করবে, তাঁর পথে চলবে এবং তাঁকে ভয় করবে। 7তোমাদের মাবুদ আল্লাহ্ যে চমৎকার দেশটিতে তোমাদের নিয়ে যাচ্ছেন সেখানে রয়েছে পাহাড় ও উপত্যকা দিয়ে বয়ে যাওয়া নদী, ঝর্ণা আর মাটির তলার পানি। 8সেখানে রয়েছে প্রচুর গম ও যব, আংগুর ও ডুমুর গাছ এবং ডালিম, জলপাইয়ের তেল আর মধু। 9সেই দেশে তোমরা পাবে প্রচুর খাবার এবং কোন কিছুরই অভাব তোমাদের থাকবে না। সেখানকার পাথরে রয়েছে লোহা। সেখানকার পাহাড় থেকে তোমরা তামা খুঁড়ে তুলতে পারবে।
10“তোমরা সেখানে খাওয়া-দাওয়া করে তৃপ্ত হবার পর তোমাদের মাবুদ আল্লাহ্র দেওয়া ঐ চমৎকার দেশটির জন্য তাঁর প্রশংসা করবে। 11তোমরা সতর্ক থাকবে যেন আজ আমি তাঁর যে সব হুকুম, নির্দেশ ও নিয়ম তোমাদের দিচ্ছি তা অমান্য করে তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্কে ভুলে না যাও। 12যদি তোমরা সতর্ক না থাক, তবে তোমরা যখন খাওয়া-দাওয়া করে তৃপ্ত হবে আর সুন্দর সুন্দর বাড়ী-ঘর তৈরী করে সেখানে বাস করতে থাকবে, 13যখন তোমাদের পালের গরু-ছাগল-ভেড়ার সংখ্যা বেড়ে যাবে আর তোমাদের অনেক সোনা-রূপা হবে এবং তোমাদের সব কিছু বেড়ে যাবে, 14তখন তোমরা অহংকারী হয়ে উঠবে এবং যিনি মিসর দেশের গোলামী থেকে তোমাদের বের করে এনেছেন তোমাদের সেই মাবুদ আল্লাহ্কে তোমরা ভুলে যাবে। 15তিনি তোমাদের এক বিরাট, ভয়ংকর, শুকনা, পানিহীন এবং বিষাক্ত সাপ ও কাঁকড়া-বিছায় ভরা মরুভূমির মধ্য দিয়ে নিয়ে এসেছেন। তিনি শক্ত পাথরের মধ্য থেকে তোমাদের জন্য পানি বের করেছেন। 16তিনি সেই মরুভূমিতে তোমাদের মান্না খেতে দিয়েছেন যার কথা তোমাদের পূর্বপুরুষেরা কখনও জানেন নি। তোমাদের পরীক্ষা করবার জন্য ও অহংকার ভেংগে দেবার জন্য তিনি তা দিয়েছিলেন যাতে শেষ পর্যন্ত তোমাদের উন্নতি হয়। 17তোমরা হয়তো কেউ মনে মনে বলতে পার, ‘আমার নিজের শক্তিতে, নিজের হাতে কাজ করে আমি এই সব ধন-সম্পত্তি করেছি।’ 18কিন্তু তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র কথা ভুলে যেয়ো না; তিনিই এই সব করবার ক্ষমতা তোমাদের দিয়েছেন, আর এইভাবে তিনি তোমাদের পূর্বপুরুষদের কাছে যে ব্যবস্থার কথা কসম খেয়ে বলেছিলেন তা তিনি এখন পূর্ণ করে চলেছেন।
19“যদি তোমরা কখনও তোমাদের মাবুদ আল্লাহ্কে ভুলে গিয়ে দেব-দেবীদের পিছনে যাও এবং তাদের সেবা ও পূজা কর, তবে আজ আমি তোমাদের বিরুদ্ধে এই কথা নিশ্চয় করে বলছি যে, তোমরা ধ্বংস হয়ে যাবে। 20মাবুদ তোমাদের সামনে যে সব জাতিকে ধ্বংস করছেন তাদের মত তোমরাও তোমাদের মাবুদ আল্লাহ্র অবাধ্য হওয়ার দরুন ধ্বংস হয়ে যাবে।
Currently Selected:
দ্বিতীয় বিবরণ 8: MBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006