আমোস 3
3
ইসরাইলের বিরুদ্ধে মাবুদের কথা
1হে ইসরাইলের লোকেরা, তোমাদের বিরুদ্ধে, অর্থাৎ মাবুদ যাদের মিসর থেকে বের করে এনেছেন সেই গোটা জাতির বিরুদ্ধে তিনি যা বলছেন তা শোন: 2“দুনিয়ার সমস্ত জাতির মধ্য থেকে আমি কেবল তোমাদেরই বেছে নিয়েছি; কাজেই তোমাদের সব গুনাহের জন্য আমি তোমাদের শাস্তি দেব।”
3আগে থেকে ঠিক না করলে কি দু’জন একসংগে কোথাও যায়? 4শিকার করা পশু না থাকলে কি সিংহ ঝোপ-ঝাড়ের মধ্যে গর্জন করে? কিছু ধরতে না পারলে কি যুব সিংহ তার গর্তের মধ্যে গোঁ গোঁ করে? 5ফাঁদের মধ্যে টোপ না থাকলে কি পাখী ফাঁদের কাছে আসে? ধরবার কিছু না পেলে কি ফাঁদ লাফিয়ে ওঠে? 6শহরে শিংগার আওয়াজ শুনলে কি লোকেরা কাঁপে না? মাবুদ না ঘটালে কি শহরে বিপদ ঘটে? 7আসলে আল্লাহ্ মালিক তাঁর গোলাম নবীদের কাছে তাঁর পরিকল্পনা প্রকাশ না করে কিছুই করেন না। 8সিংহ গর্জন করলে কে না ভয় করবে? আল্লাহ্ মালিক বলতে বললে কে নবী হিসাবে কথা না বলে পারবে?
9তোমরা অস্দোদ ও মিসরের সব কেল্লার লোকদের কাছে বল, “তোমরা সামেরিয়ার পাহাড়গুলোর উপরে জড়ো হও; দেখ, তার মধ্যে কত গোলমাল! তার লোকদের মধ্যে কত জুলুম!”
10-11আল্লাহ্ মালিক বলছেন, “তারা ঠিক কাজ করতে জানে না; তাদের কেল্লাগুলোর মধ্যে তারা অত্যাচারের ও লুটের মাল জমিয়ে রেখেছে। কাজেই একজন শত্রু তাদের দেশ ঘেরাও করবে; সে তাদের শক্ত প্রতিরক্ষার উপায়গুলো ধ্বংস করবে এবং কেল্লাগুলো লুট করবে।”
12মাবুদ বলছেন, “রাখাল সিংহের মুখ থেকে যেমন কেবল পায়ের দু’টা হাড় কিংবা কানের একটা টুকরা উদ্ধার করতে পারে তেমনি ইসরাইলের যে লোকেরা সামেরিয়ায় বাস করে তারা কেবল তাদের খাটের পায়া এবং চাদরের টুকরা নিয়ে উদ্ধার পাবে।”
13দীন-দুনিয়ার মালিক মাবুদ আল্লাহ্ রাব্বুল আলামীন বলছেন, “তোমরা শোন এবং ইয়াকুবের বংশকে সাবধান কর। 14আমি গুনাহের জন্য ইসরাইলকে যেদিন শাস্তি দেব সেই দিন বেথেলের বেদীগুলো ভেংগে ফেলব; তখন বেদীর শিংগুলো ভেংগে মাটিতে পড়বে। 15আমি শীতকাল কাটাবার ঘর ও গরমকাল কাটাবার ঘর ভেংগে ফেলব; হাতীর দাঁতের কাজ করা ঘরগুলো নষ্ট করা হবে এবং বড় বড় বাড়ীগুলো ধ্বংস করা হবে। আমি মাবুদ এই কথা বলছি।”
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006