২ বাদশাহ্নামা 21
21
এহুদার বাদশাহ্ মানশা
1মানশা বারো বছর বয়সে বাদশাহ্ হয়েছিলেন এবং পঞ্চান্ন বছর জেরুজালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল হিফ্সীবা। 2মাবুদ বনি-ইসরাইলদের সামনে থেকে যে সব জাতিকে তাড়িয়ে দিয়েছিলেন তাদের মত জঘন্য কাজ করে মানশা মাবুদের চোখে যা খারাপ তা-ই করতেন। 3তাঁর পিতা হিষ্কিয় পূজার যে সব উঁচু স্থান ধ্বংস করেছিলেন সেগুলো তিনি আবার তৈরী করলেন। ইসরাইলের বাদশাহ্ আহাব যেমন করেছিলেন তেমনি তিনিও বাল দেবতার উদ্দেশে কতগুলো বেদী ও একটা আশেরা-খুঁটি তৈরী করলেন। তিনি আকাশের সব তারাগুলোর পূজা এবং সেবা করতেন। 4মাবুদ যে ঘরের বিষয় বলেছিলেন, “আমি জেরুজালেমে বাস করব,” মাবুদের সেই ঘরের মধ্যে তিনি কতগুলো বেদী তৈরী করলেন। 5মাবুদের ঘরের দু’টা উঠানেই তিনি আসমানের সমস্ত তারাগুলোর উদ্দেশে কতগুলো বেদী তৈরী করলেন। 6তিনি নিজের ছেলেকে আগুনে পুড়িয়ে বলি দিলেন। তিনি মায়াবিদ্যা ব্যবহার করতেন ও লক্ষণ দেখে ভবিষ্যতের কথা বলতেন এবং যারা ভূতের মাধ্যম হয় এবং খারাপ রূহ্দের সংগে সম্বন্ধ রাখে তিনি তাদের সংগে পরামর্শ করতেন। তিনি মাবুদের চোখে অনেক খারাপ কাজ করে তাঁকে রাগিয়ে তুলেছিলেন।
7তিনি যে আশেরা-খুঁটি খোদাই করে তৈরী করেছিলেন সেটা নিয়ে বায়তুল-মোকাদ্দসে রাখলেন। বায়তুল-মোকাদ্দস সম্বন্ধে মাবুদ দাউদ ও তাঁর ছেলে সোলায়মানকে বলেছিলেন, “এই ঘর ও ইসরাইলের সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে আমার বেছে নেওয়া এই জেরুজালেমকে আমি চিরকালের জন্য আমার বাসস্থান করব। 8বনি-ইসরাইলরা যদি কেবল আমার সব হুকুম যত্নের সংগে পালন করে এবং আমার গোলাম মূসা তাদের যে শরীয়ত দিয়েছে সেই মত চলে তবে আমি তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছি সেই দেশ তাদের আর ছেড়ে যেতে হবে না।” 9কিন্তু লোকেরা সেই কথা শুনল না। মানশা তাদের বিপথে নিয়ে গেলেন; তার ফলে যে সব জাতিকে মাবুদ বনি-ইসরাইলদের সামনে থেকে ধ্বংস করে দিয়েছিলেন তাদের চেয়েও তারা আরও খারাপ কাজ করতে লাগল।
10তখন মাবুদ তাঁর গোলামদের, অর্থাৎ নবীদের মধ্য দিয়ে এই কথা বললেন, 11“এহুদার বাদশাহ্ মানশা এই সব জঘন্য গুনাহ্ করেছে। তার আগে যে আমোরীয়রা ছিল তাদের চেয়েও সে আরও খারাপ কাজ করেছে এবং নিজের প্রতিমাগুলো দিয়ে এহুদাকে গুনাহের পথে পরিচালিত করেছে। 12কাজেই আমি ইসরাইলের মাবুদ আল্লাহ্ বলছি যে, আমি শীঘ্রই জেরুজালেম ও এহুদার উপর এমন বিপদ আনব যে, সেই কথা যারা শুনবে তারা সবাই শিউরে উঠবে। 13সামেরিয়ার বিরুদ্ধে যে মাপের দড়ি এবং আহাবের বংশের বিরুদ্ধে যে ওলন দড়ি ব্যবহার করা হয়েছিল তা আমি জেরুজালেমের বিরুদ্ধে ব্যবহার করব। যেমন করে একজন থালা মুছে নিয়ে উল্টে উবুড় করে তেমনি করে আমি জেরুজালেমকে মুছে ফেলব। 14আমার লোকদের বাকী অংশকে আমি ত্যাগ করব এবং শত্রুদের হাতে তাদের তুলে দেব। তাদের সমস্ত শত্রুরা তাদের লুট করবে এবং সব কিছু জোর করে নিয়ে যাবে, 15কারণ আমার চোখে যা খারাপ তারা তা-ই করেছে এবং যেদিন তাদের পূর্বপুরুষেরা মিসর থেকে বের হয়ে এসেছিল সেই দিন থেকে আজ পর্যন্ত তারা আমাকে রাগিয়ে চলেছে।”
16এছাড়া মানশা এত নির্দোষ লোকদের রক্তপাত করেছিলেন যে, সেই রক্তে জেরুজালেমের এক সীমা থেকে অন্য সীমা পর্যন্ত পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তিনি এহুদার লোকদের দিয়ে গুনাহ্ করিয়েছিলেন যার ফলে তারা মাবুদের চোখে যা খারাপ তা-ই করেছিল।
17মানশার অন্যান্য সমস্ত কাজের কথা এবং তাঁর গুনাহের কথা “এহুদার বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে। 18পরে মানশা তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁকে রাজবাড়ীর বাগানে, অর্থাৎ উষের বাগানে দাফন করা হল। তাঁর জায়গায় তাঁর ছেলে আমোন বাদশাহ্ হলেন।
এহুদার বাদশাহ্ আমোন
19আমোন বাইশ বছর বয়সে বাদশাহ্ হয়েছিলেন এবং দুই বছর জেরুজালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল মশুল্লেমৎ; তিনি ছিলেন যট্বা গ্রামের হারুষের মেয়ে। 20আমোন তাঁর বাবা মানশার মতই মাবুদের চোখে যা খারাপ তা-ই করতেন। 21তাঁর পিতা যে সব পথে চলেছিলেন তিনিও সেই সব পথে চলতেন; তাঁর পিতা যে সব মূর্তির সেবা করেছিলেন তিনিও সেগুলোর সেবা ও পূজা করতেন। 22তিনি তাঁর পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্কে ত্যাগ করেছিলেন এবং তাঁর পথে চলতেন না।
23আমোনের কর্মচারীরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁর রাজবাড়ীতেই তাঁকে খুন করল। 24কিন্তু যারা বাদশাহ্ আমোনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল দেশের লোকেরা তাদের সবাইকে হত্যা করল এবং তারা তাঁর ছেলে ইউসিয়াকে তাঁর জায়গায় বাদশাহ্ করল।
25আমোনের অন্যান্য সমস্ত কাজের কথা “এহুদার বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে। 26উষের বাগানে তাঁর জন্য ঠিক করা কবরে তাঁকে দাফন করা হল। তাঁর জায়গায় তাঁর ছেলে ইউসিয়া বাদশাহ্ হলেন।
Currently Selected:
২ বাদশাহ্নামা 21: MBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006