Bible App logo
Search Icon

২ বাদশাহ্‌নামা 12

12
বায়তুল-মোকাদ্দস মেরামত
1যেহূর রাজত্বের সপ্তম বছরে যোয়াশ বাদশাহ্‌ হয়েছিলেন এবং তিনি জেরুজালেমে চল্লিশ বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল সিবিয়া; তিনি ছিলেন বের্‌-শেবা শহরের মেয়ে। 2ইমাম যিহোয়াদা যতদিন যোয়াশের পরামর্শদাতা ছিলেন ততদিন যোয়াশ মাবুদের চোখে যা ভাল তা-ই করেছিলেন। 3কিন্তু এবাদতের উঁচু স্থানগুলো ধ্বংস করা হয় নি; লোকেরা তখনও সেখানে পশু-কোরবানী করত ও ধূপ জ্বালাত।
4যোয়াশ ইমামদের বললেন, “মাবুদের ঘরে পবিত্র দান হিসাবে যত টাকা আনা হয় আপনারা সেগুলো নিয়ে জমা করুন। তা হল- লোক গণনা করবার সময় আনা টাকা, মানত-পূরণের জন্য আনা টাকা এবং বায়তুল-মোকাদ্দসে নিজের ইচ্ছায় আনা টাকা। 5প্রত্যেক ইমাম যেন তাঁর লোকদের কাছ থেকে টাকা নেন এবং বায়তুল-মোকাদ্দসের ভাংগা জায়গার মেরামতের কাজে তা ব্যবহার করেন।”
6কিন্তু যোয়াশের রাজত্বের তেইশ বছরের সময় দেখা গেল ইমামেরা তখনও বায়তুল-মোকাদ্দসের মেরামতের কাজ করেন নি। 7সেইজন্য বাদশাহ্‌ যোয়াশ ইমাম যিহোয়াদা ও অন্যান্য ইমামদের ডেকে পাঠালেন এবং জিজ্ঞাসা করলেন, “আপনারা বায়তুল-মোকাদ্দসের ভাংগা জায়গার মেরামত করছেন না কেন? আপনারা আপনাদের লোকদের কাছ থেকে টাকা নিয়ে আর নিজেদের কাছে রাখবেন না বরং বায়তুল-মোকাদ্দসের মেরামতের কাজে তা দিয়ে দেবেন।” 8ইমামেরা রাজী হলেন যে, তাঁরা লোকদের কাছ থেকে টাকা নিয়ে আর নিজেদের কাছে রাখবেন না এবং নিজেরা বায়তুল-মোকাদ্দসের মেরামতের কাজও করবেন না।
9ইমাম যিহোয়াদা তখন একটা বাক্স নিয়ে তার ঢাকনিতে একটা ফুটা করলেন। তিনি সেটা কোরবানগাহের পাশে মাবুদের ঘরে ঢুকবার জায়গার ডান দিকে রাখলেন। যে ইমামেরা বায়তুল-মোকাদ্দসে ঢুকবার দরজা পাহারা দিতেন তাঁরা মাবুদের ঘরে আনা সব টাকা সেই বাক্সে রাখতেন। 10এইভাবে যখন তাঁরা দেখতেন সেই বাক্সে অনেক টাকা জমা হয়েছে তখন বাদশাহ্‌র লোক ও মহা-ইমাম এসে মাবুদের ঘরে আনা টাকাগুলো গুণে থলিতে রাখতেন। 11কত টাকা হয়েছে তা ওজন করে দেখবার পর তাঁরা সেই টাকা মাবুদের ঘরের কাজ তদারকের জন্য নিযুক্ত করা লোকদের হাতে দিতেন। সেই টাকা দিয়ে তাঁরা মাবুদের ঘরের মেরামতকারী লোকদের, অর্থাৎ ছুতার মিস্ত্রি, ঘর তৈরী করবার মিস্ত্রি, 12রাজমিস্ত্রি ও পাথর কাটবার মিস্ত্রিদের মজুরী দিতেন। এছাড়া মাবুদের ঘরের মেরামতের কাজের জন্য তাঁরা কাঠ ও সমান করে কাটা পাথর কিনতেন এবং সেই কাজের জন্য আর যা যা লাগত তার জন্য খরচ করতেন।
13বায়তুল-মোকাদ্দসে যে টাকা আনা হত তা দিয়ে রূপার পেয়ালা, সল্‌তে পরিষ্কার করবার চিম্‌টা, বাটি, শিংগা কিংবা মাবুদের ঘরের সোনা-রূপার অন্য কোন পাত্র তৈরী করা হয় নি। 14তদারককারীরা সেই টাকা মিস্ত্রিদের দিতেন যাতে তারা বায়তুল-মোকাদ্দস মেরামতের কাজে ব্যবহার করতে পারে। 15সেই তদারককারীদের কাছ থেকে হিসাব নেবার দরকার হত না, কারণ তাঁরা সম্পূর্ণ বিশ্বস্তভাবে কাজ করতেন। 16দোষের কোরবানীর ও গুনাহের জন্য কোরবানীর টাকা মাবুদের ঘরের বাক্সে রাখা হত না; সেগুলো হত ইমামদের পাওনা।
17এই সময় সিরিয়ার বাদশাহ্‌ হসায়েল গিয়ে গাৎ শহর হামলা করে তা অধিকার করে নিলেন। তারপর তিনি জেরুজালেম হামলা করবার জন্য এগিয়ে গেলেন। 18তখন এহুদার বাদশাহ্‌ যোয়াশ তাঁর নিজের ও তাঁর পূর্বপুরুষদের, অর্থাৎ এহুদার বাদশাহ্‌ যিহোশাফট, যিহোরাম ও অহসিয়ের দেওয়া আল্লাহ্‌র উদ্দেশ্যে পবিত্র করা সমস্ত জিনিস সিরিয়ার বাদশাহ্‌ হসায়েলের কাছে পাঠিয়ে দিলেন। এছাড়া সেই সংগে তিনি মাবুদের ঘরের ধনভাণ্ডারের ও রাজবাড়ীর সমস্ত সোনাও তাঁর কাছে পাঠিয়ে দিলেন। তাতে হসায়েল জেরুজালেম ছেড়ে চলে গেলেন।
19যোয়াশের অন্যান্য সমস্ত কাজের কথা “এহুদার বাদশাহ্‌দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে। 20তাঁর কর্মচারীরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে সিল্লা যাবার পথে বৈৎ-মিল্লোতে তাঁকে হত্যা করল। 21যে কর্মচারীরা তাঁকে হত্যা করেছিল তারা হল শিমিয়তের ছেলে যোষাখর ও শোমরের ছেলে যিহোষাবদ। যোয়াশ মারা গেলে পর দাউদ-শহরে তাঁর পূর্বপুরুষদের সংগে তাঁকে দাফন করা হল। তাঁর জায়গায় তাঁর ছেলে অমৎসিয় বাদশাহ্‌ হলেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for ২ বাদশাহ্‌নামা 12