YouVersion Logo
Search Icon

২ করিন্থীয় 2

2
1তাই আমি মনে মনে ঠিক করলাম, আবার তোমাদের দুঃখ দেবার জন্য তোমাদের কাছে যাব না, 2কারণ তোমাদেরই যদি আমি দুঃখ দিই তবে আমাকে আনন্দ দেবে কে? যাদের আমি দুঃখ দেব সেই তোমরা ছাড়া আমাকে আনন্দ দেবার যে আর কেউ নেই। 3যখন আমি যাব তখন যাদের কাছ থেকে আমার আনন্দ পাবার কথা তাদের কাছ থেকে আমি যেন দুঃখ না পাই, সেইজন্যই আমি এই কথা লিখেছিলাম। তোমাদের উপর আমার এই বিশ্বাস আছে যে, আমি যাতে আনন্দ পাই তোমরাও তাতে আনন্দ পাও। 4অনেক দুঃখ ও মনের ব্যথায় চোখের পানির ভিতর দিয়ে আমি তোমাদের কাছে লিখেছিলাম। তোমাদের দুঃখ দেবার জন্য আমি লিখি নি, বরং তোমাদের প্রতি আমার মহব্বত যে কত গভীর তা জানাবার জন্যই লিখেছিলাম।
অন্যায়কারীকে মাফ করা
5কেউ যদি আমাকে দুঃখ দিয়ে থাকে তবে কথাটা কড়া করে না বলে শুধু এটুকুই বলি যে, সে কেবল আমাকে দুঃখ দেয় নি, কিন্তু কিছু পরিমাণে তোমাদের সবাইকে দুঃখ দিয়েছে। 6তোমাদের বেশীর ভাগ লোক মিলে তাকে যে শাস্তি দিয়েছে তা-ই তার পক্ষে যথেষ্ট। 7তোমরা বরং এখন তাকে মাফ কর এবং সান্ত্বনা দাও, যেন অতিরিক্ত দুঃখে সে হতাশ হয়ে না পড়ে। 8তাই আমি বিশেষভাবে তোমাদের অনুরোধ করছি, তাকে যে তোমরা মহব্বত কর তা প্রমাণ করে দেখাও। 9আমি যাচাই করে দেখতে চেয়েছিলাম তোমরা সব বিষয়ে বাধ্য আছ কিনা, আর এইজন্যই আমি তোমাদের কাছে লিখেছিলাম। 10কোন ব্যাপারে যদি কাউকে তোমরা মাফ কর তবে আমিও তাকে মাফ করি। আর সত্যিই যদি আমি কোন কিছু মাফ করে থাকি তবে মসীহের সামনে তোমাদের জন্যই তা করেছি, 11যেন শয়তান আমাদের উপরে কোন সুযোগ-সুবিধা না পায়। তার মতলবের কথা তো আমাদের অজানা নেই।
হযরত ঈসা মসীহের মধ্য দিয়ে জয়লাভ
12আমি ত্রোয়া শহরে মসীহের বিষয় সুসংবাদ তবলিগ করতে গিয়ে দেখলাম যে, সেখানে কাজ করবার জন্য প্রভু আমাকে একটা সুযোগ করে দিয়েছেন। 13কিন্তু তবুও আমি মনে শান্তি পাই নি, কারণ আমার ঈমানদার ভাই তীত সেখানে ছিলেন না। সেইজন্য ত্রোয়ার লোকদের কাছ থেকে বিদায় নিয়ে আমি ম্যাসিডোনিয়ায় চলে গেলাম।
14আল্লাহ্‌কে শুকরিয়া যে, আমরা মসীহের সংগে যুক্ত হয়েছি বলে আল্লাহ্‌ তাঁর জয়-যাত্রায় সব সময় আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছেন। মসীহ্‌কে জানা একটা সুগন্ধের মত। আল্লাহ্‌ তাঁর জয়-যাত্রায় সেই সুগন্ধ আমাদের মধ্য দিয়ে সব জায়গায় ছড়িয়ে দেন। 15যারা নাজাত পাচ্ছে এবং যারা ধ্বংস হয়ে যাচ্ছে তাদের কাছে আল্লাহ্‌র পক্ষে আমরা সত্যিসত্যিই মসীহের সুগন্ধ। 16কিন্তু যারা ধ্বংস হচ্ছে তাদের কাছে আমাদের সুগন্ধ হল মৃত্যুর গন্ধ, যার ফল হল অনন্ত মৃত্যু; আর যারা নাজাত পাচ্ছে তাদের কাছে আমরা জীবনের সুগন্ধ, যার ফল হল অনন্ত জীবন। এই কাজের যোগ্য কে? 17নিজেদের লাভের জন্য যারা আল্লাহ্‌র কালাম নিয়ে ব্যবসা করে আমরা সেই সব লোকদের মত নই; বরং মসীহের সংগে যুক্ত হয়ে আল্লাহ্‌র সামনে আল্লাহ্‌র পাঠানো লোক হিসাবে আমরা খাঁটি দিল থেকে কথা বলি।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in