২ করিন্থীয় 11
11
হযরত পৌল ও ভণ্ড সাহাবীরা
1আমি চাই তোমরা আমার একটুখানি বোকামি সহ্য কর। অবশ্য তোমরা তো সহ্য করছই। 2আমি তোমাদের জন্য আমার দিলে আল্লাহ্র দেওয়া এক গভীর জ্বালায় জ্বলছি, কারণ আমি মাত্র একজন বরের সংগে, অর্থাৎ মসীহের সংগে তোমাদের বিয়ের সম্বন্ধ পাকা করে রেখেছি, যেন সতী কনে হিসাবে তাঁর কাছেই তোমাদের তুলে দিতে পারি। 3কিন্তু আমার ভয় হচ্ছে যে, সেই সাপ তার দুষ্ট বুদ্ধি খাটিয়ে যেমন বিবি হাওয়াকে ভুলিয়েছিল সেইভাবে মসীহের প্রতি খাঁটি ও আন্তরিক ভয় থেকে কেউ হয়তো তোমাদেরও ভুলিয়ে নিয়ে যাবে। 4যে ঈসার কথা আমরা তবলিগ করেছি কেউ যখন তাঁকে ছাড়া অন্য কোন ঈসার কথা তোমাদের কাছে তবলিগ করে, কিংবা যে পাক-রূহ্কে তোমরা পেয়েছ তাঁকে ছাড়া আলাদা কোন রকম রূহ্ যখন তোমরা পাও, কিংবা যে সুসংবাদ তোমরা গ্রহণ করেছ তা থেকে আলাদা কোন রকম সুসংবাদ যখন তোমরা পাও, তখন তো দেখছি খুশী হয়েই সেই সব মেনে নাও। 5কিন্তু আমার তো মনে হয় না যে, আমি কোন দিক দিয়ে ঐ সব “বিশেষ” সাহাবীদের চেয়ে পিছনে পড়ে আছি। 6যদিও আমি খুব ভাল করে কথা বলতে পারি না তবুও আমার যথেষ্ট জ্ঞান আছে এবং তা সব রকম ভাবে সব কিছুতেই তোমাদের কাছে প্রকাশ করেছি।
7আল্লাহ্র দেওয়া সুসংবাদের কথা আমি বিনামূল্যে তোমাদের কাছে তবলিগ করে নিজেকে নীচু করেছি যেন তোমাদের বড় করে দেখাতে পারি। এতে কি আমি গুনাহ্ করেছি? 8তোমাদের সেবা করবার জন্য আমি অন্যান্য জামাতের কাছ থেকে সাহায্য নিয়েছি, বলতে গেলে তাদের লুটই করেছি। 9তোমাদের কাছে থাকবার সময়ে যখন আমার অভাব হয়েছিল তখনও আমি কারও বোঝা হই নি, কারণ যে ভাইয়েরা ম্যাসিডোনিয়া থেকে এসেছিল তারাই আমার অভাব পূরণ করেছিল। কোন ব্যাপারেই আমি তোমাদের বোঝা হই নি এবং হবও না। 10আমার মধ্যে মসীহের যে সত্য আছে সেই অনুসারে আমি বলি যে, আখায়া প্রদেশের কোন জায়গাতেই আমার এই গর্ব করা কেউ বন্ধ করতে পারবে না। 11কেন আমি এই কথা বলছি? তোমাদের মহব্বত করি না বলেই কি? আল্লাহ্ জানেন যে, আমি তোমাদের মহব্বত করি।
12যারা তাদের গর্বের বিষয় নিয়ে নিজেদের আমাদের সমান বলে দেখাতে চায় তারা যেন সেই সুযোগ না পায় সেইজন্যই আমি যা করছি তা করতেই থাকব। 13আসলে ঐ রকম লোকেরা তো ভণ্ড সাহাবী এবং ঠগ কর্মচারী। নিজেদের মসীহের সাহাবী বলে দেখাবার উদ্দেশ্যে তারা নিজেদের বদলে ফেলে। 14এতে আশ্চর্য হবার কিছু নেই, কারণ শয়তানও নিজেকে নূরে পূর্ণ ফেরেশতা বলে দেখাবার উদ্দেশ্যে নিজেকে বদলে ফেলে। 15তাহলে যারা শয়তানের সেবা করে তারা যদি নিজেদের বদলে ফেলে দেখায় যে, তারা ন্যায়ের সেবা করছে তবে তাতে আশ্চর্য হবার কি আছে? তাদের কাজের যা পাওনা শেষে তারা তা-ই পাবে।
সাহাবী হিসাবে হযরত পৌলের দুঃখভোগ
16আমি আবার বলি, কেউ যেন আমাকে বোকা মনে না করে। অবশ্য যদি তোমরা তা-ই মনে করে থাক তবে বোকা হিসাবেই আমাকে গ্রহণ কর, যেন আমি একটুখানি গর্ব করতে পারি। 17আমি এখন যা বলছি তা প্রভুর হুকুম মত বলছি না, কিন্তু নিজের সম্বন্ধে গর্ব করতে গিয়ে বোকার মতই বলছি। 18মানুষ যা নিয়ে গর্ব করে, অনেকেই যখন তা নিয়ে গর্ব করছে তখন আমিও করব না কেন? 19তোমরা জ্ঞানী বলে খুশী হয়ে বোকাদের সহ্য কর। 20শুধু তা-ই নয়, যদি কেউ তোমাদের গোলাম বানায়, তোমাদের সম্পূর্ণ ধ্বংস করে, তোমাদের ফাঁদে ফেলে, তোমাদের মালিক হয়ে দাঁড়ায় কিংবা তোমাদের গালে চড় মারে, তোমরা সেই সবও সহ্য কর। 21আমি লজ্জার সংগে স্বীকার করছি যে, এই সব ব্যাপারে আমরা তোমাদের প্রতি দুর্বল ছিলাম।
যা নিয়ে অন্যেরা গর্ব করতে সাহস করে আমিও তা নিয়ে গর্ব করতে সাহস করি; এই কথা আমি বোকার মতই বলছি। 22যারা গর্ব করে তারা কি ইবরানী? আমিও তা-ই। তারা কি ইসরাইলীয়? আমিও তা-ই। তারা কি ইব্রাহিমের বংশধর? আমিও তা-ই। 23তারা কি মসীহের সেবাকারী? আমি আরও বেশী করে তা-ই। মনে রেখো, আমি মাথা-খারাপ লোকের মত কথা বলছি। মসীহের সেবা করতে গিয়ে আমি তাদের চেয়ে অনেক বেশী পরিশ্রম করেছি, আরও অনেক বার জেল খেটেছি, আরও অনেক বার মার খেয়েছি, অনেক বার মৃত্যুর মুখে পড়েছি। 24ইহুদীদের হাতে পাঁচ বার আমি ঊনচল্লিশ আঘাত চাবুক খেয়েছি, 25বেত দিয়ে তিন বার আমাকে মারা হয়েছে। এক বার আমাকে পাথর মারা হয়েছিল। তিন বার আমার জাহাজ-ডুবি হয়েছিল। একদিন ও একরাত আমি সমুদ্রের পানির মধ্যে ছিলাম। 26আমি অনেক দেশ ঘুরেছি। বন্যা, ডাকাত, নিজের জাতির লোক এবং অ-ইহুদীদের দরুন আমি বিপদে পড়েছি। তা ছাড়া শহরে, মরুভূমিতে, সমুদ্রে এবং ভণ্ড ভাইদের মধ্যেও আমি বিপদে পড়েছি। 27মসীহের সেবা করতে গিয়ে আমি কষ্টের মধ্যেও কঠিন পরিশ্রম করেছি। আমি অনেক রাত জেগেছি, খিদে ও পিপাসায় কষ্ট পেয়েছি, না খেয়ে থেকেছি, ঠাণ্ডায় ও কাপড়-চোপড়ের অভাবে কষ্ট পেয়েছি। 28বাইরের এই সব ব্যাপার ছাড়াও সব জামাতগুলোর জন্য রোজই আমার উপর চিন্তার চাপ পড়ছে। 29কেউ দুর্বল হলে আমি কি তার দুর্বলতার ভাগী হই না? কারও দরুন কেউ গুনাহে পড়লে আমি কি দিলে জ্বালা বোধ করি না?
30যদি আমাকে গর্ব করতেই হয় তবে আমি আমার দুর্বলতা নিয়েই গর্ব করব। 31আমাদের হযরত ঈসা মসীহের আল্লাহ্ ও পিতা, যিনি চিরকাল গৌরব পাবার যোগ্য, তিনি জানেন আমি মিথ্যা কথা বলছি না। 32দামেস্কে বাদশাহ্ আরিতার নিযুক্ত শাসনকর্তা আমাকে ধরবার জন্য দামেস্কবাসীদের শহর পাহারা দেবার হুকুম দিয়েছিলেন। 33কিন্তু দেয়ালের মধ্যে যে জানালা ছিল তার মধ্য দিয়ে আমাকে ঝুড়িতে করে নামিয়ে দেওয়া হয়েছিল, আর এইভাবেই আমি তাঁর হাত থেকে পালিয়ে গিয়েছিলাম।
Currently Selected:
২ করিন্থীয় 11: MBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006