Bible App logo
Search Icon

১ শামুয়েল 5

5
ফিলিস্তিনীদের মধ্যে আল্লাহ্‌র সাক্ষ্য-সিন্দুক
1ফিলিস্তিনীরা আল্লাহ্‌র সিন্দুকটি এবন্‌-এষর থেকে অস্‌দোদ শহরে নিয়ে গেল। 2আল্লাহ্‌র সিন্দুকটি তারা দাগোন্তদেবতার মন্দিরে নিয়ে গিয়ে দাগোনের মূর্তির পাশেই রাখল। 3পরদিন অস্‌দোদের লোকেরা খুব ভোরে উঠে দেখল দাগোন মাবুদের সিন্দুকের সামনে মাটিতে উবুড় হয়ে পড়ে আছে। তারা তখন দাগোনের মূর্তিটা তুলে নিয়ে তার জায়গায় রাখল। 4তার পরের দিনও তারা খুব ভোরে উঠে দেখল দাগোন মাবুদের সিন্দুকের সামনে মাটিতে উবুড় হয়ে পড়ে আছে। তার মাথা ও হাত ভেংগে দরজার চৌকাঠের উপর পড়ে আছে, কেবল শরীরের বাকী অংশটুকু আস- আছে। 5এইজন্য দাগোনের পুরোহিত এবং অন্য যে সব লোক অস্‌দোদের দাগোনের মন্দিরে ঢোকে তারা আজ পর্যন্ত কেউই সেই মন্দিরের দরজার চৌকাঠের উপর পা দেয় না।
6মাবুদ অস্‌দোদ ও তার আশেপাশের জায়গার লোকদের মলদ্বারের মধ্যে টিউমার-রোগ দিয়ে ভীষণভাবে আঘাত করে তাদের মেরে ফেললেন। 7এই অবস্থা দেখে অস্‌দোদের লোকেরা বলল, “আমরা বনি-ইসরাইলদের আল্লাহ্‌র সিন্দুক আমাদের কাছে আর রাখব না, কারণ তিনি আমাদের ও আমাদের দেবতা দাগোনকে ভীষণভাবে আঘাত করছেন।” 8কাজেই তারা লোক পাঠিয়ে ফিলিস্তিনীদের সব শাসনকর্তাদের এক জায়গায় ডেকে এনে জিজ্ঞাসা করল, “ইসরাইলীয়দের আল্লাহ্‌র সিন্দুকটা নিয়ে আমরা কি করব?”
তাঁরা বললেন, “ইসরাইলীয়দের আল্লাহ্‌র সিন্দুকটা গাৎ শহরে নিয়ে যাওয়া হোক।” তাতে অস্‌দোদের লোকেরা বনি-ইসরাইলদের আল্লাহ্‌র সিন্দুকটি গাৎ শহরে নিয়ে গেল।
9তারা সিন্দুকটি সেখানে নিয়ে গেলে পর মাবুদ সেই শহরের বিরুদ্ধে হাত উঠালেন। তাতে সেখানকার লোকেরা ভীষণ ভয় পেল। তিনি শহরের ছোট-বড় সব লোককে আঘাত করলেন, আর তাতে সকলের সেই টিউমার-রোগ হল। 10তখন তারা আল্লাহ্‌র সিন্দুকটি ইক্রোণ শহরে পাঠিয়ে দিল।
আল্লাহ্‌র সিন্দুকটি ইক্রোণে নেওয়া হলে পর ইক্রোণের লোকেরা চিৎকার করে বলল, “আমাদের ও আমাদের লোকদের মেরে ফেলবার জন্যই এরা বনি-ইসরাইলদের আল্লাহ্‌র সিন্দুক আমাদের কাছে নিয়ে এসেছে।”
11তারা লোক পাঠিয়ে ফিলিস্তিনীদের সব শাসনকর্তাদের এক জায়গায় ডেকে এনে বলল, “ইসরাইলীয়দের আল্লাহ্‌র সিন্দুকটি এখান থেকে পাঠিয়ে দিন। ওটা তার নিজের জায়গাতেই ফিরে যাক। তা না হলে ওটা আমাদের ও আমাদের লোকদের মেরে ফেলবে।” আল্লাহ্‌ সেই শহরকে ভীষণভাবে আঘাত করাতে লোকদের মনে মৃত্যুর দারুণ ভয় ঢুকেছিল। 12যে সব লোক মারা যায় নি তাদেরও সেই টিউমার-রোগ হয়েছিল। তাতে শহরের লোকদের কান্নাকাটির শব্দ যেন আসমান পর্যন্ত পৌঁছাল।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in