YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 96

96
জবুর
1তোমরা মাবুদের উদ্দেশে নতুন গজল গাও;
সমস্ত দুনিয়া! মাবুদের উদ্দেশে গজল গাও।
2মাবুদের উদ্দেশে গজল গাও,
তাঁর নামের শুকরিয়া কর,
প্রতিদিন তাঁর উদ্ধার ঘোষণা কর।
3তবলিগ কর জাতিদের মধ্যে তাঁর গৌরব,
সমস্ত লোক-সমাজে তাঁর অলৌকিক কর্মগুলো।
4কেননা মাবুদ মহান ও অতি প্রশংসনীয়,
তিনি সমস্ত দেবতার চেয়ে ভয়াবহ।
5কেননা জাতিদের সমস্ত দেবতা মূর্তিমাত্র,
কিন্তু মাবুদ আসমানের নির্মাতা;
6গৌরব ও মহিমা তাঁর অগ্রবর্তী;
শক্তি ও শোভা তাঁর পবিত্র স্থানে বিদ্যমান।
7হে জাতিদের গোষ্ঠীগুলো, মাবুদের ঘোষণা কর,
মাবুদের গৌরব ও শক্তি ঘোষণা কর।
8মাবুদের নামের গৌরব ঘোষণা কর,
নৈবেদ্য সঙ্গে নিয়ে তাঁর প্রাঙ্গণে এসো।
9পবিত্র শোভায় মাবুদকে সেজ্‌দা কর;
সমস্ত দুনিয়া! তাঁর সাক্ষাতে কেঁপে ওঠো।
10জাতিদের মধ্যে বল, মাবুদ রাজত্ব করেন;
জগৎও অটল, তা বিচলিত হবে না;
তিনি ন্যায়ে জাতিদের বিচার করবেন।
11আসমান আনন্দ করুক, দুনিয়া উল্লসিত হোক;
সমুদ্র ও তার মধ্যেকার সকলই গর্জন করুক;
12ক্ষেত ও সেই স্থানের সকলই উল্লসিত হোক;
তখন বনের সমস্ত গাছ আনন্দে গান করবে;
13মাবুদের সাক্ষাতেই করবে, কেননা তিনি আসছেন,
তিনি দুনিয়ার বিচার করতে আসছেন;
তিনি ধর্মশীলতায় দুনিয়ার বিচার করবেন,
তাঁর বিশ্বস্ততায় জাতিদের বিচার করবেন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in