জবুর শরীফ 94
94
জবুর
1হে মাবুদ, তুমি প্রতিফলদাতা আল্লাহ্,
হে প্রতিফলদাতা আল্লাহ্, দেদীপ্যমান হও।
2উঠ, হে দুনিয়ার বিচারকর্তা,
অহঙ্কারী লোকদেরকে অপকারের প্রতিফল দাও।
3দুষ্টরা কত কাল, হে মাবুদ,
দুষ্টরা কত কাল উল্লাস করবে?
4তারা অনর্থক কথা বলছে, সগর্বে কথা বলছে,
দুর্বৃত্তরা সকলে নিজের বিষয়ে গর্ব করছে।
5হে মাবুদ, তোমার লোকদেরকেই তারা চূর্ণ করছে,
তোমার অধিকারকে দুঃখ দিচ্ছে।
6তারা বিধবা ও প্রবাসীকে হত্যা করছে;
এতিমদেরকে মেরে ফেলছে।
7তারা বলছে, মাবুদ দেখবেন না,
ইয়াকুবের আল্লাহ্ বিবেচনা করবেন না।
8হে লোকদের মধ্যবর্তী নরপশুরা, বিবেচনা কর;
হে নির্বোধেরা, কবে তোমাদের সুবুদ্ধি হবে?
9যিনি কান সৃষ্টি করেছেন, তিনি কি শুনবেন না?
যিনি চোখ গঠন করেছেন, তিনি কি দেখবেন না?
10যিনি জাতিগুলোর শিক্ষাদাতা, তিনি কি ভর্ৎসনা করবেন না?
তিনিই তো মানবজাতিকে জ্ঞান শিক্ষা দেন।
11মাবুদ মানুষের কল্পনাগুলো জানেন,
সেই সকল তো শ্বাসমাত্র।
12সুখী সেই ব্যক্তি, যাকে তুমি শাসন কর,
হে মাবুদ, যাকে তুমি তোমার শরীয়ত থেকে শিক্ষা দাও,
13যেন তুমি তাকে বিপদ কাল থেকে বিশ্রাম দাও,
দুষ্টের জন্য যতদিন কূপ খনন করা না হয়।
14কারণ মাবুদ তাঁর লোকদেরকে দূর করবেন না,
তাঁর অধিকার পরিত্যাগ করবেন না।
15রাজশাসন ফিরে ধার্মিকতার কাছে আসবে;
সরলচিত্ত সকলে তার অনুগামী হবে।
16কে আমার পক্ষে হয়ে দুরাচারদের বিরুদ্ধে উঠবে?
কে আমার পক্ষে দুর্বৃত্তদের বিরুদ্ধে দাঁড়াবে?
17মাবুদ যদি আমার সাহায্য না করতেন,
আমার প্রাণ শীঘ্র নিঃশব্দ-স্থানে বসতি করতো।
18যখন আমি বলতাম, আমার চরণ বিচলিত হল,
তখন, হে মাবুদ, তোমার অটল মহব্বত আমাকে সুস্থির রাখত।
19আমার আন্তরিক ভাবনার বৃদ্ধিকালে
তোমার দেওয়া সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে।
20নাফরমানীর সিংহাসন কি তোমার সখা হতে পারে,
যা আইন দ্বারা জুলুম রচনা করে?
21তারা ধার্মিকের প্রাণের বিরুদ্ধে দল বাঁধে,
নির্দোষের রক্তকে দোষী করে।
22কিন্তু মাবুদ আমার উঁচু দুর্গ হয়েছেন,
আমার আল্লাহ্ আমার আশ্রয়-শৈল হয়েছেন।
23তিনি তাদের অধর্ম তাদেরই উপরে বর্তিয়েছেন,
তাদের দুষ্টতায় তাদেরকে উচ্ছিন্ন করবেন;
মাবুদ, আমাদের আল্লাহ্, তাদেরকে উচ্ছিন্ন করবেন।
Currently Selected:
জবুর শরীফ 94: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013