YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 31

31
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। হযরত দাউদের কাওয়ালী।
1হে মাবুদ, আমি তোমারই আশ্রয় নিয়েছি;
আমাকে কখনও লজ্জিত হতে দিও না;
তোমার ধর্মশীলতায় আমাকে উদ্ধার কর।
2আমার দিকে কান দাও;
আমাকে উদ্ধার করতে তাড়াতাড়ি এসো;
আমার আশ্রয়-শৈল হও,
আমার নিস্তারের জন্য দুর্গগৃহ হও।
3কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ;
তাই তোমার নামের অনুরোধে
আমাকে পথ দেখিয়ে গমন করাও।
4আমাকে সেই জাল থেকে উদ্ধার কর,
যা লোকে আমার জন্য গোপনে পেতেছে,
কেননা তুমিই আমার দৃঢ় আশ্রয়।
5আমি তোমার হাতে আমার রূহ্‌ তুলে দিই;
হে মাবুদ, সত্যের আল্লাহ্‌, তুমি আমাকে মুক্ত করেছ।
6যারা অসার মূর্তি মানে, তাদের আমি ঘৃণা করি;
আর আমি মাবুদের উপর নির্ভর করি।
7আমি তোমার অটল মহব্বতে উল্লাস ও আনন্দ করবো,
কেননা তুমি আমার দুঃখ দেখেছ,
তুমি দুর্দশাকালে আমার প্রাণের তত্ত্ব নিয়েছ।
8তুমি আমাকে দুশমনদের হাতে তুলে দাও নি,
প্রশস্ত ভূমিতে আমার চরণ স্থাপন করেছ।
9হে মাবুদ, আমাকে রহম কর, কেননা আমি বিপদগ্রস্ত;
মনোদুঃখে আমার নয়ন, প্রাণ ও দেহ শীর্ণ হচ্ছে।
10কারণ শ্রান্তিতে আমার জীবন
ও দীর্ঘ নিশ্বাসে আমার বয়স অতিবাহিত হল,
আমার অপরাধের দরুন আমার শক্তি লোপ পাচ্ছে,
আর আমার অস্থি শীর্ণ হল।
11আমার সকল দুশমন কাছে আমি নিন্দাস্পদ,
আমার প্রতিবেশীদের কাছে অতিশয় নিন্দাপাত্র,
ও আমার পরিচিতদের কাছে ভয়ঙ্কর হয়েছি;
পথে আমাকে দেখে লোকেরা পালিয়ে গেছে।
12মৃত ব্যক্তির মত লোকে আমাকে ভুলে গেছে,
আমি নষ্ট হয়ে যাওয়া পাত্রের মত হলাম।
13কেননা আমি অনেকের কৃত অপবাদ শুনেছি,
চারদিকেই ভয়;
তারা আমার বিরুদ্ধে একত্র হয়ে মন্ত্রণা করেছে।
আমার প্রাণনাশ করার সঙ্কল্প করেছে।
14কিন্তু, হে মাবুদ, আমি তোমার উপরে নির্ভর করলাম;
আমি বললাম, তুমিই আমার আল্লাহ্‌।
15আমার সময়গুলো তোমার হাতে রয়েছে;
আমার দুশমনদের হাত থেকে, আমার তাড়নাকারীদের থেকে,
আমাকে উদ্ধার কর।
16তোমার গোলামের প্রতি তোমার মুখ উজ্জ্বল কর,
তোমার অটল মহব্বতে আমাকে নিস্তার কর।
17হে মাবুদ, আমাকে লজ্জিত হতে দিও না,
কেননা আমি তোমাকে ডেকেছি;
দুষ্টরা লজ্জিত হোক, পাতালে নীরব হোক।
18সেই মিথ্যাবাদী সমস্ত ওষ্ঠাধর বোবা হোক,
যারা ধার্মিকের বিপক্ষে অহংকারের কথা বলে,
অহঙ্কার ও তুচ্ছজ্ঞান সহকারে বলে।
19আহা! তোমার দেওয়া মঙ্গল কেমন মহৎ,
যা তুমি তোমার ভয়কারীদের জন্য সঞ্চয় করেছ,
তোমার মধ্যে আশ্রয় গ্রহণকারীদের পক্ষে সাধন করেছ,
আর তা করেছ সকলের সাক্ষাতে।
20তুমি মানুষের কুমন্ত্রণা থেকে তাদেরকে
তোমার উপস্থিতির অন্তরালে সঙ্গোপনে রাখবে,
জিহ্বাগুলোর বিরোধ থেকে তাদেরকে আশ্রমের মধ্যে লুকিয়ে রাখবে।
21মাবুদ ধন্য হোন, কেননা তিনি দৃঢ় নগরে
আমার প্রতি আশ্চর্য অটল মহব্বত প্রকাশ করলেন।
22আমি অধৈর্য হয়ে বলেছিলাম,
আমি তোমার নয়নগোচর থেকে বিচ্ছিন্ন,
কিন্তু তোমার উদ্দেশে আর্তনাদ করলে
তুমি আমার ফরিয়াদ শুনলে।
23হে মাবুদের সমস্ত পবিত্র লোক,
তোমরা তাঁকে মহব্বত কর;
মাবুদ বিশ্বস্ত লোকদেরকে রক্ষা করেন,
কিন্তু অহংকারীকে অনেক প্রতিফল দেন।
24হে মাবুদের অপেক্ষাকারী সকলে, সাহস কর,
তোমাদের অন্তঃকরণ সবল হোক।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for জবুর শরীফ 31