শুমারী 14
14
বনি-ইসরাইলদের অবিশ্বাস ও কলরব
1পরে সমস্ত মণ্ডলী জোরে জোরে চেঁচামেচি করতে লাগল এবং লোকেরা সেই রাতে কান্নাকাটি করলো। 2আর বনি-ইসরাইল সকলে মূসা ও হারুনের বিরুদ্ধে বচসা করলো ও সমস্ত মণ্ডলী তাদেরকে বললো, হায় হায়, আমরা কেন মিসর দেশে মরি নি; 3এই মরু-ভূমিতেই বা কেন মরি নি? মাবুদ আমাদেরকে তলোয়ার দ্বারা নিপাত করাতে এই দেশে কেন আনলেন? আমাদের স্ত্রী ও বালকেরা তো লুণ্ঠিত হবে। মিসরে ফিরে যাওয়া কি আমাদের ভাল নয়? 4পরে তারা পরস্পর বলাবলি করলো, এসো, আমরা এক জনকে সেনাপতি করে মিসরে ফিরে যাই।
5তাতে মূসা ও হারুন বনি-ইসরাইলদের মণ্ডলীর সমস্ত সমাজের সম্মুখে উবুড় হয়ে পড়লেন। 6আর যাঁরা দেশ নিরীক্ষণ করে এসেছিলেন, তাঁদের মধ্যে নূনের পুত্র ইউসা ও যিফূন্নির পুত্র কালুত নিজ নিজ কাপড় ছিঁড়লেন, 7এবং বনি-ইসরাইলদের সমস্ত দলকে বললেন, আমরা যে দেশ নিরীক্ষণ করতে গিয়েছিলাম, সেই দেশ খুবই উত্তম দেশ। 8মাবুদ যদি আমাদের উপর প্রীত হন তবে তিনি আমাদেরকে সেই দেশে প্রবেশ করাবেন ও সেই দুগ্ধ-মধু-প্রবাহী দেশ আমাদেরকে দেবেন। 9কিন্তু তোমরা কোনমতে মাবুদের বিদ্রোহী হয়ো না ও সেই দেশের লোকদেরকে ভয় করো না; কেননা তারা আমাদের ভক্ষ্যস্বরূপ, তাদের আশ্রয়-ছত্র তাদের উপর থেকে সরিয়ে দেওয়া হল, মাবুদ আমাদের সহবর্তী; তাদেরকে ভয় করো না। 10কিন্তু সমস্ত মণ্ডলী সেই দু’জনকে পাথরের আঘাতে হত্যা করতে বললো। তখন জমায়েত-তাঁবুতে মাবুদের মহিমা সমস্ত বনি-ইসরাইলের প্রত্যক্ষ হল।
11আর মাবুদ মূসাকে বললেন, এই লোকেরা কত কাল আমাকে অবজ্ঞা করবে? আমি এদের মধ্যে যেসব চিহ্ন-প্রমাণ রেখেছি, তা দেখেও এরা কত কাল আমার প্রতি অবিশ্বাসী থাকবে? 12আমি মহামারী দ্বারা এদেরকে আঘাত করবো, এদেরকে অধিকার থেকে বঞ্চিত করবো এবং তোমার মধ্য থেকে এদের চেয়ে বড় ও বলবান একটি জাতি সৃষ্টি করবো।
লোকদের জন্য মূসার মুনাজাত
13তাতে মূসা মাবুদকে বললেন, তা করলে মিসরীয়েরা তা শুনবে, কেননা তাদেরই মধ্য থেকে তুমি তোমার শক্তি দ্বারা এই লোকদের বের করে এনেছ; 14আর তারা এই দেশ-নিবাসী লোকদেরও সেই সংবাদ দেবে। তারা শুনেছে যে, তুমি মাবুদ এই লোকদের মধ্যবর্তী, কারণ তুমি মাবুদ এদেরকে প্রত্যক্ষ দর্শন দিয়ে থাক, আর তোমার মেঘ এদের উপরে অবস্থান করছে এবং তুমি দিবাতে মেঘস্তম্ভে ও রাতে অগ্নি-স্তম্ভে থেকে এদের আগে আগে গমন করছো। 15এখন যদি তুমি এই লোকদেরকে এক ব্যক্তির মত করে হত্যা কর, তবে ঐ যে জাতিরা তোমার খ্যাতি শুনেছে, 16তারা বলবে, মাবুদ এই লোকদেরকে যে দেশ দিতে শপথ করেছিলেন, সেই দেশে তাদেরকে প্রবেশ করাতে অপারগ হলেন; এজন্য মরুভূমিতে তাদেরকে সংহার করলেন। 17এখন নিবেদন করি, তোমার কালাম অনুসারে মাবুদের প্রভাব মহিমান্বিত হোক; 18তুমি তো বলেছ, মাবুদ ক্রোধে ধীর ও অটল মহব্বতে মহান এবং অধর্ম ও অপরাধ মাফ করেন, তবুও দোষীকে তিনি শাস্তি দিয়ে থাকেন, তিনি তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত সন্তানদের উপরে পিতৃগণের অপরাধের প্রতিফল বর্তান। 19আরজ করি, তোমার অটল মহব্বতের মহত্ত্ব অনুসারে এবং মিসর দেশ থেকে এই পর্যন্ত এই লোকদেরকে যেমন মাফ করে আসছো, সেই অনুসারে এই লোকদের অপরাধ মাফ কর।
20তখন মাবুদ বললেন, তোমার কথা অনুসারে আমি মাফ করলাম। 21সত্যিই আমি জীবন্ত এবং সমস্ত দুনিয়া মাবুদের প্রতাপে পরিপূর্ণ হবে; 22যত লোক আমার মহিমা এবং মিসরে ও মরুভূমিতে কৃত আমার চিহ্ন-কাজগুলো দেখেছে, তবুও এই দশবার আমার পরীক্ষা করেছে ও আমার কথায় মনোযোগ দেয় নি; 23আমি তাদের পূর্বপুরুষদের কাছে যে দেশের বিষয়ে কসম খেয়েছি, তারা সেই দেশ দেখতে পাবে না; যারা আমাকে অবজ্ঞা করেছে, তাদের মধ্যে কেউই তা দেখতে পাবে না। 24কিন্তু আমার গোলাম কালুতের অন্তরে অন্য রূহ্ ছিল এবং সে সম্পূর্ণরূপে আমার অনুগত হয়ে চলেছে, এজন্য সে যে দেশে গিয়েছিল, সেই দেশে আমি তাকে প্রবেশ করাব ও তার বংশ তা অধিকার করবে। 25পক্ষান্তারে আমালেকীয়েরা ও কেনানীয়েরা এখন উপত্যকাতে রয়েছে; আগামীকাল তোমরা ফিরে লোহিত সাগরের পথ দিয়ে মরুভূমিতে গমন কর।
কলরব ও অবিশ্বাসের ফল
26পরে মাবুদ মূসা ও হারুনকে বললেন, 27আমার বিরুদ্ধে বচসাকারী এই দুষ্ট মণ্ডলীর ভার আমি কতকাল সহ্য করবো? বনি-ইসরাইল আমার বিরুদ্ধে যে যে কটু-বাক্য বলে তা আমি শুনেছি। 28তুমি তাদেরকে বল, মাবুদ বলেন, আমি জীবন্ত, আমার কর্ণগোচরে তোমরা যা বলেছ, তা-ই আমি তোমাদের প্রতি করবো; 29এই মরুভূমিতে তোমাদের লাশ পড়ে থাকবে; তোমাদের সমপূর্ণ সংখ্যা অনুসারে গণনা-করা বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক তোমরা যে সমস্ত লোক আমার বিরুদ্ধে কটুবাক্য বলেছো, 30আমি তোমাদেরকে যে দেশে বাস করাব বলে হাত উঠিয়েছিলাম, সেই দেশে তোমরা প্রবেশ করবে না, কেবল যিফুন্নির পুত্র কালুত ও নূনের পুত্র ইউসা প্রবেশ করবে। 31কিন্তু তোমরা তোমাদের যে বালকদের বিষয়ে বলেছিলে, এরা লুণ্ঠিত হবে, তাদেরকে আমি সেখানে প্রবেশ করাব ও তোমরা যে দেশ অগ্রাহ্য করেছ, তারা তার পরিচয় পাবে। 32কিন্তু তোমাদের লাশ এই মরুভূমিতে পড়ে থাকবে। 33আর তোমাদের সন্তানেরা চল্লিশ বছর এই মরুভূমিতে পশু চরাবে এবং এই মরুভূমিতে তোমাদের লাশের সংখ্যা যে পর্যন্ত সমপূর্ণ না হয়, সেই পর্যন্ত তারা তোমাদের জেনার ফল ভোগ করবে। 34তোমরা যে চল্লিশ দিন দেশ নিরীক্ষণ করেছ, সেই দিনের সংখ্যা অনুসারে চল্লিশ বছর, একেক দিনের জন্য একেক বছর, তোমরা তোমাদের অপরাধ বহন করবে, আর আমার বিরোধিতা করার পরিণাম যে কি তা বুঝতে পারবে। 35আমি মাবুদ বলেছি, আমার বিরুদ্ধে চক্রান্তকারী সমগ্র দুষ্ট মণ্ডলীর প্রতি আমি অবশ্য এটা করবো; এই মরুভূমিতে তারা নিঃশেষিত হবে, এখানেই তারা মরবে।
36আর দেশ নিরীক্ষণ করতে মূসা যে লোকদেরকে পাঠিয়েছিলেন, যারা ফিরে এসে ঐ দেশের দুর্নাম করে তাঁর বিরুদ্ধে সমস্ত মণ্ডলীকে দিয়ে বচসা করিয়েছিল, 37দেশের বদনামকারী সেই ব্যক্তিরা মাবুদের সম্মুখে মহামারীতে মারা গেল। 38যে ব্যক্তিরা দেশ নিরীক্ষণ করতে গিয়েছিল, তাদের মধ্যে কেবল নূনের পুত্র ইউসা ও যেফূন্নির পুত্র কালুত জীবিত থাকলেন।
39তখন মূসা সমস্ত বনি-ইসরাইলকে সেই কথা বললেন এবং লোকেরা অতিশয় শোক করলো। 40পরে তারা খুব ভোরে উঠে পর্বতের চূড়ায় আরোহণ করতে উদ্যত হয়ে বললো, দেখ, এই আমরা, মাবুদ যে স্থানের কথা বলেছেন, আমরা সেই স্থানে যাই, কেননা আমরা গুনাহ্ করেছি। 41তাতে মূসা বললেন, এখন মাবুদের হুকুম কেন লঙ্ঘন করছো? এ তো সফল হবে না। 42তোমরা উঠে যেও না, কারণ মাবুদ তোমাদের মধ্যে নেই, গেলে তোমরা দুশমনের হাতে পরাজিত হবে। 43কেননা আমালেকীয়েরা ও কেনানীয়েরা সেই স্থানে তোমাদের সম্মুখে আছে; তোমরা তাদের সঙ্গে যুদ্ধে নিহত হবে, কারণ তোমরা মাবুদের পিছন থেকে ফিরে গেছ, তাই মাবুদ তোমাদের সহবর্তী হবেন না। 44তবুও তারা দুঃসাহসী হয়ে পর্বত শৃঙ্গে অরোহণ করতে লাগল; কিন্তু মাবুদের শরীয়ত-সিন্দুক ও মূসা শিবির থেকে বের হলেন না। 45তখন ঐ পর্বতবাসী আমালেকীয়েরা ও কেনানীয়েরা নেমে এসে তাদেরকে আঘাত করে হর্মা পর্যন্ত তাড়িয়ে দিল।
Currently Selected:
শুমারী 14: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013