Skip to content

আইউব 26

26
হযরত আইউবের জবাব: আল্লাহ্‌র মহিমার তত্ত্ব পাওয়া যায় না
1তখন আইউব জবাবে বললেন,
2তুমি বলহীনের কেমন সাহায্য করলে!
দুর্বল বাহুকে কেমন নিস্তার করলে!
3প্রজ্ঞাহীনকে কেমন পরামর্শ দিলে!
বুদ্ধিকৌশল কেমন প্রচুররূপে প্রকাশ করলে!
4তুমি কার কাছে কথা বললে?
তোমার মুখ থেকে কার নিশ্বাস বের হল?
5জলরাশির নিচে ও জলচর প্রাণীদের নিচে,
মৃতদের রূহ্‌ ভয়ে ভীষণ কাঁপছে।
6তাঁর সম্মুখে পাতাল অনাবৃত,
বিনাশ স্থান অনাচ্ছাদিত।
7তিনি শূন্যের উপরে উত্তর কেন্দ্র বিস্তার করেছেন,
অবস্তুর উপরে দুনিয়াকে স্থাপন করেছেন,
8তিনি স্বীয় নিবিড় মেঘে পানি আট্‌কে রাখেন,
তবুও জলধর তার ভারে বিদীর্ণ হয় না।
9তিনি পূর্ণচন্দ্রের মুখ আচ্ছাদন করেন,
নিজের মেঘ দ্বারা তা আবৃত করেন।
10তিনি জলরাশির উপরে চক্ররেখা লিখেছেন,
অন্ধকার ও আলোর মধ্যবর্তী সীমা পর্যন্ত।
11আসমানের সমস্ত স্তম্ভ কেঁপে ওঠে,
তাঁর ভর্ৎসনায় চমকে উঠে।
12তিনি নিজের পরাক্রমে সমুদ্রকে উত্তেজিত করেন,
নিজের বুদ্ধিতে রাহবকে আঘাত করেন।
13তাঁর শ্বাসে আসমান পরিষ্কার হয়;
তাঁরই হাত পলায়মান নাগকে বিদ্ধ করেছে।
14দেখ, এসব তাঁর পথের প্রান্ত;
তাঁর বিষয়ে ক্ষীণ আওয়াজ শোনা যায়;
কিন্তু তাঁর পরাক্রমের গর্জন কে বুঝতে পারে?