ইহিস্কেল 45
45
দেশ বিভাগ
1আর যখন তোমরা অধিকারের জন্য গুলিবাঁট করে দেশ বিভাগ করবে, সেই সময়ে মাবুদের উদ্দেশে একটি পবিত্র ভূমিখণ্ড উপহার হিসেবে নিবেদন করবে; তার লম্বা পঁচিশ হাজার হাত ও চওড়া বিশ হাজার হাত হবে; এর সমস্ত পরিসীমা পবিত্র হবে। 2তার মধ্যে পাঁচ শত হাত লম্বা ও পাঁচ শত হাত চওড়া, চারদিকে চতুঙ্কোণ ভূমি পবিত্র স্থানের জন্য থাকবে; আবার তার বহির্ভাগে চারদিকে পঞ্চাশ হাত পরিমিত পরিসর থাকবে। 3ঐ পরিমিত অংশের মধ্যে তুমি পঁচিশ হাজার হাত লম্বা ও দশ হাজার হাত চওড়া ভূমি মাপবে; তারই মধ্যে পবিত্র স্থানটি মহা-পবিত্র স্থান হবে। 4দেশের এই অংশটি পবিত্র হবে; তা ইমামদের, পবিত্র স্থানের পরিচারকদের, যারা মাবুদের পরিচর্যার জন্য তাঁর কাছে আগমন করে তাদের হবে; তা তাদের জন্য বাড়ি নির্মাণের স্থান ও পবিত্র স্থানের জন্য পবিত্র হবে। 5আবার পঁচিশ হাজার হাত লম্বা ও দশ হাজার হাত চওড়া ভূমি এবাদতখানার পরিচারক লেবীয়দের জন্য হবে, বাস করার নগর তাদের অধিকারের জন্য হবে।
6আর নগরের অধিকারের জন্য তোমরা পবিত্র উপহারের পাশে পাঁচ হাজার হাত চওড়া ও পঁচিশ হাজার হাত লম্বা ভূমি দেবে, এ সব ইসরাইল-কুলের জন্য হবে। 7আবার পবিত্র উপহারের এবং নগরের অধিকারের উভয় পাশে সেই পবিত্র উপহারের সম্মুখে ও নগরের অধিকারের সম্মুখে অর্থাৎ পশ্চিম প্রান্তের পশ্চিমে ও পূর্ব প্রান্তের আগে এবং লম্বায় পশ্চিম সীমা থেকে পূর্ব সীমা পর্যন্ত বিস্তৃত অংশগুলোর মধ্যে কোন অংশের সমতুল্য ভূমি শাসনকর্তাকে দেবে। 8দেশে এই স্থানটি ইসরাইলের মধ্যে তাঁর অধিকার হবে; এবং আমার নিযুক্ত শাসনকর্তারা আর আমার লোকদের উপরে দৌরাত্ম্য করবে না, কিন্তু ইসরাইল-কুলকে নিজ নিজ বংশানুসারে দেশের ভূমি ভোগ করতে দেবে।
9সার্বভৌম মাবুদ এই কথা বলেন, হে ইসরাইলের শাসনকর্তারা, এ-ই তোমাদের যথেষ্ট হোক; তোমরা দৌরাত্ম্য ও বল প্রয়োগ দূর কর, ন্যায় ও ধার্মিকতার অনুষ্ঠান কর, আমার লোকদেরকে অধিকারচ্যুত করতে ক্ষান্ত হও, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
ন্যায্য পরিমাপ
10ন্যায্য পাল্লা, ন্যায্য ঐফা ও ন্যায্য বাৎ তোমাদের হোক। 11ঐফার ও বাৎ-এর একই মাপ হবে; বাৎ হোমরের দশ ভাগের এক ভাগ, ঐফাও হোমরের দশ ভাগের এক ভাগ, এই উভয়ের পরিমাণ হোমরের অনুরূপ হবে। 12আর শেকল বিশ গেরা পরিমিত হবে; বিশ শেকলে, পঁচিশ শেকলে ও পনের শেকলে তোমাদের মানি হবে।
উপহারের জিনিস
13তোমরা এই উপহার উৎসর্গ করবে; তোমরা গমের হোমর থেকে ঐফার ষষ্ঠাংশ ও যবের হোমর থেকে ঐফার ষষ্ঠাংশ দেবে। 14আর তেলের, বাৎ পরিমিত তেলের নির্দিষ্ট অংশ এক কোর থেকে বাতের দশ ভাগের এক ভাগ; কোর দশ বাৎ পরিমিত অথচ হোমরের সমান, কেননা দশ বাৎ-এ এক হোমর হয়। 15আর ইসরাইলের জলসিক্ত ভূমিতে চরে, এমন ছাগল-ভেড়ার পাল থেকে দুই শত ভেড়ার মধ্যে একটি ভেড়া দেবে; লোকদের জন্য কাফ্ফারা করার জন্য তা-ই শস্য-উৎসর্গের, পোড়ানো-কোরবানীর ও মঙ্গল-কোরবানীর জন্য হবে, এই কথা সার্বভৌম মাবুদ বলেন। 16দেশের সমস্ত লোক ইসরাইলের নেতাকে এই উপহার দিতে বাধ্য হবে। 17আর ঈদে, অমাবস্যায় ও বিশ্রামবারে, ইসরাইল-কুলের সমস্ত উৎসবে, পোড়ানো-কোরবানী এবং খাদ্য ও পেয়-নৈবেদ্য কোরবানী করা শাসনকর্তার কর্তব্য হবে; তিনি ইসরাইল-কুলের জন্য কাফ্ফারা করার জন্য গুনাহ্-কোরবানী ও শস্য-উৎসর্গ এবং পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানী করবেন।
পবিত্র দিনগুলো
18সার্বভৌম মাবুদ এই কথা বলেন, প্রথম মাসের প্রথম দিনে তুমি নিখুঁত একটি ষাঁড় নিয়ে পবিত্র স্থান পবিত্র করবে। 19আর ইমাম সেই গুনাহ্-কোরবানীর রক্তের কিছু পরিমাণ নিয়ে এবাদতখানার চৌকাঠে, কোরবানগাহ্র সিঁড়ির চার প্রান্তে এবং ভিতরের প্রাঙ্গণের দ্বারের চৌকাঠে দেবে। 20আর যে কেউ ভুলবশত গুনাহ্ করে ও যে কেউ অবোধ, তার জন্য তুমি মাসের সপ্তম দিনেও তেমনি করবে, এই ভাবে তোমরা এবাদতখানার জন্য কাফ্ফারা দেবে।
21প্রথম মাসের চতুর্থ দিনে তোমাদের ঈদুল ফেসাখ হবে, তা সাত দিনের উৎসব; খামিহীন রুটি খেতে হবে। 22সেই দিনে শাসনকর্তা নিজের জন্য ও দেশস্থ সকল লোকের জন্য গুনাহ্-কোরবানী হিসেবে একটি ষাঁড় কোরবানী করবেন। 23সেই উৎসবের সারা সপ্তাহ ধরে তিনি সাত দিনের প্রতিদিন নিখুঁত সাতটি ষাঁড় ও সাতটি ভেড়া দিয়ে মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী করবেন এবং প্রতিদিন একটি করে ছাগল দিয়ে গুনাহ্-কোরবানী করবেন। 24আর শস্য-উৎসর্গের জন্য ষাঁড়ের প্রতি এক ঐফা ও ভেড়ার প্রতি এক ঐফা সুজি ও ঐফার প্রতি এক হিন তেল দেবেন। 25সপ্তম মাসের পঞ্চদশ দিনে, ঈদের সময়ে তিনি সাত দিন পর্যন্ত সেরকম করবেন; গুনাহ্-কোরবানী ও পোড়ানো-কোরবানী এবং শস্য-উৎসর্গ ও তেল উৎসর্গ করবেন।
Currently Selected:
ইহিস্কেল 45: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013