২ শামুয়েল 6
6
জেরুশালেমে শরীয়ত-সিন্দুক
1পরে দাউদ পুনরায় ইসরাইলের মধ্য থেকে ত্রিশ হাজার মনোনীত লোককে, একত্র করলেন। 2আর দাউদ ও তাঁর সঙ্গী সমস্ত লোক উঠে আল্লাহ্র সিন্দুক, যার উপরে সেই নাম, বাহিনীগণের মাবুদ, যিনি কারুবীদ্বয়ে আসীন, তাঁর নাম কীর্তিত, তা বালি-এহুদা থেকে আনতে যাত্রা করলেন। 3পরে তাঁরা আল্লাহ্র সিন্দুক একটি নতুন ঘোড়ার গাড়িতে চড়িয়ে পাহাড়ে অবস্থিত অবীনাদবের বাড়ি থেকে বের করলেন, আর অবীনাদবের পুত্র উষ ও অহিয়ো সেই নতুন ঘোড়ার গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল। 4তারা পাহাড়ে অবস্থিত অবীনাদবের বাড়ি থেকে আল্লাহ্র সিন্দুকসহ ঘোড়ার গাড়ি বের করে আনলো; এবং অহিয়ো সিন্দুকটির আগে আগে চলতে লাগল। 5আর দাউদ ও ইসরাইলের সমস্ত কুল মাবুদের সম্মুখে দেবদারু কাঠের তৈরি সমস্ত রকম বাদ্যযন্ত্র এবং বীণা, নেবল, তম্বুরা, ঝুমঝুমি ও করতাল বাজাচ্ছিলেন।
6পরে তারা নাখোনের খামার পর্যন্ত গেলে উষ হাত বাড়িয়ে আল্লাহ্র সিন্দুক ধরলো, কেননা বলদযুগল পিছলিয়ে পড়েছিল। 7তখন উষের প্রতি মাবুদের ক্রোধ প্রজ্বলিত হল ও তার হঠকারিতার দরুন আল্লাহ্ সেই স্থানে তাকে আঘাত করলেন; তাতে সে সেখানে আল্লাহ্র সিন্দুকের পাশে মারা গেল। 8মাবুদ উষকে আক্রমণ করায় দাউদ অসন্তুষ্ট হলেন। আর সেই স্থানের নাম পেরস-উষ (উষ-ভঙ্গ) রাখলেন; 9আজ পর্যন্ত সেই নাম প্রচলিত আছে। আর দাউদ সেদিন মাবুদকে ভয় পেয়ে বললেন, মাবুদের সিন্দুক কিভাবে আমার কাছে আসবে? 10তাই দাউদ মাবুদের সিন্দুক দাউদ-নগরে তাঁর কাছে আনতে অনিচ্ছুক হলেন, কিন্তু দাউদ পথের পাশে অবস্থিত গাতীয় ওবেদ-ইদোমের বাড়িতে নিয়ে রাখলেন। 11মাবুদের সিন্দুক গাতীয় ওবেদ-ইদোমের বাড়িতে তিন মাস থাকলো; আর মাবুদ ওবেদ-ইদোমকে ও তার সমস্ত বাড়িকে দোয়া করলেন।
12পরে বাদশাহ্ দাউদ শুনলেন, আল্লাহ্র সিন্দুকের জন্য মাবুদ ওবেদ-ইদোমের বাড়ি ও তার সর্বস্বকে দোয়া করেছেন; তাতে দাউদ গিয়ে ওবেদ-ইদোমের বাড়ি থেকে আনন্দ সহকারে আল্লাহ্র সিন্দুক দাউদ-নগরে আনলেন। 13আর এরকম হল, মাবুদের সিন্দুক-বহনকারীরা ছয় কদম গমন করলে তিনি একটি ষাঁড় ও একটি পুষ্ট বাছুর কোরবানী করলেন। 14আর দাউদ মাবুদের সম্মুখে যথাসাধ্য নৃত্য করলেন; তখন দাউদ সাদা এফোদ পরেছিলেন। 15এভাবে দাউদ ও ইসরাইলের সমস্ত কুল জয়ধ্বনি ও তূরীধ্বনি সহকারে মাবুদের সিন্দুকটি নিয়ে আসলেন।
16আর দাউদ-নগরে মাবুদের সিন্দুকের প্রবেশ কালে তালুতের কন্যা মীখল জানালা দিয়ে দৃষ্টিপাত করলেন এবং মাবুদের সম্মুখে দাউদ বাদশাহ্কে লাফ দিতে ও নৃত্য করতে দেখে মনে মনে তুচ্ছ করলেন।
17পরে লোকেরা মাবুদের সিন্দুক ভিতরে এনে স্বস্থানে, অর্থাৎ সিন্দুকের জন্য দাউদ যে তাঁবু স্থাপন করেছিলেন, তার মধ্যে রাখল এবং দাউদ মাবুদের সম্মুখে পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানী করলেন। 18আর পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানী সমাপ্ত করার পর দাউদ বাহিনীগণের মাবুদের নামে লোকদের দোয়া করলেন। 19আর তিনি সব লোকের মধ্যে অর্থাৎ ইসরাইলের সমস্ত জনগণের মধ্যে প্রত্যেক পুরুষকে ও প্রত্যেক স্ত্রীকে এক এক খানা রুটি ও এক এক ভাগ গোশ্ত ও এক এক খানা আঙ্গুরের পিঠা দিলেন; পরে সকল লোক যার যার বাড়িতে প্রস্থান করলো।
20পরে দাউদ নিজের পরিজনদের দোয়া করার জন্য ফিরে আসলেন; তখন তালুতের কন্যা মীখল দাউদের সঙ্গে সাক্ষাৎ করতে বাইরে এসে বললেন, আজ ইসরাইলের বাদশাহ্ কেমন সমাদৃত হলেন; কোন অসারচিত্ত লোক যেমন প্রকাশ্যভাবে বিবস্ত্র হয়, তেমনি তিনি আজ নিজের ভৃত্যদের বাঁদীদের সম্মুখে বিবস্ত্র হলেন। 21তখন দাউদ মীখলকে বললেন, মাবুদের লোকদের উপরে, ইসরাইলের উপরে নেতৃত্বপদে আমাকে নিযুক্ত করার জন্য যিনি তোমার পিতা ও তাঁর সমস্ত কুলের পরিবর্তে আমাকে মনোনীত করেছেন, সেই মাবুদের সাক্ষাতেই তা করেছি; অতএব আমি মাবুদের সাক্ষাতেই আমোদ করবো। 22আর এর চাইতে আরও লঘু হব এবং আমার নিজের দৃষ্টিতে আরও নিচ হব; কিন্তু তুমি যে বাঁদীদের কথা বললে, তাদের কাছে সমাদৃত হবো। 23আর তালুতের কন্যা মীখলের মরণকাল পর্যন্ত সন্তান হল না।
Currently Selected:
২ শামুয়েল 6: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013