২ শামুয়েল 2
2
হযরত দাউদ এহুদার বাদশাহ্ হলেন
1পরে দাউদ মাবুদের কাছে জিজ্ঞাসা করলেন, আমি কি এহুদার কোন একটি নগরে উঠে যাব? মাবুদ বললেন, যাও। পরে দাউদ জিজ্ঞাসা করলেন, কোথায় যাব? তিনি বললেন, হেবরনে। 2অতএব দাউদ আর তাঁর দুই স্ত্রী, যিষ্রিয়েলীয়া অহীনোয়ম ও কর্মিলীয় নাবলের বিধবা অবীগল, সেই স্থানে গমন করলেন, 3আর দাউদ প্রত্যেকের পরিবারের সঙ্গে তাঁর সঙ্গীদেরকেও নিয়ে গেলেন, তাতে তারা হেবরনের নগরগুলোতে বাস করলো। 4পরে এহুদার লোকেরা এসে সেই স্থানে দাউদকে এহুদার কুলের উপরে বাদশাহ্র পদে অভিষেক করলো। পরে লোকে দাউদকে এই সংবাদ দিল যে, যাবেশ-গিলিয়দের লোকেরা তালুতের লাশ দাফন করেছে।
5তখন দাউদ যাবেশ-গিলিয়দের লোকদের কাছে দূতদের প্রেরণ করে বললেন, তোমরা মাবুদের দোয়ার পাত্র, কেননা তোমরা তোমাদের মালিকের প্রতি, তালুতের প্রতি রহম করেছ, তাঁকে দাফন করেছ। 6অতএব মাবুদ তোমাদের প্রতি অটল মহব্বত দেখান ও বিশ্বস্ত ব্যবহার করুন এবং তোমরা এই কাজ করেছ এজন্য আমিও তোমাদের প্রতি সদয়াচরণ করবো। 7অতএব এখন তোমাদের হাত সবল হোক ও তোমরা বিক্রমশালী হও, কেননা তোমাদের মালিক তালুত ইন্তেকাল করেছেন, আর এহুদার কুল তাদের নিজেদের উপরে আমাকে বাদশাহ্র পদে অভিষিক্ত করেছে।
তালুত ও বাদশাহ্ দাউদের লোকদের মধ্যে যুদ্ধ
8ইতোমধ্যে নেরের পুত্র অব্নের তালুতের সেনাপতি, তালুতের পুত্র ঈশ্বোশৎকে ওপারে মহনয়িমে নিয়ে গেলেন; 9আর গিলিয়, অশূর, যিষ্রিয়েল, আফরাহীম ও বিন্ইয়ামীন এবং সমস্ত ইসরাইলের উপরে বাদশাহ্ করলেন। 10তালুতের পুত্র ঈশ্বোশৎ চল্লিশ বছর বয়সে ইসরাইলের উপরে রাজত্ব করতে আরম্ভ করে দু’বছর রাজত্ব করেন। কিন্তু এহুদা-কুল দাউদের পক্ষে ছিল। 11আর দাউদ সাত বছর ছয় মাস হেবরনে এহুদা-কুলের উপরে রাজত্ব করলেন।
গিবিয়োনে যুদ্ধ
12একবার নেরের পুত্র অব্নের এবং তালুতের পুত্র ঈশ্বোশতের গোলামেরা মহনয়িম থেকে গিবিয়োনে গমন করলেন। 13তখন সরূয়ার পুত্র যোয়াব ও দাউদের গোলামরাও বের হলেন, আর গিবিয়োনের পুস্করিণীর কাছে তাঁরা পরস্পর সম্মুখা-সম্মুখী হলেন, এক দল পুস্করিণীর এপারে, অন্য দল পুস্করিণীর ওপারে বসলো। 14পরে অব্নের যোয়াবকে বললেন, আরজ করি, যুবকরা উঠে আমাদের সম্মুখে যুদ্ধক্রীড়া করুক। 15যোয়াব বললেন, ওরা উঠুক। অতএব লোকেরা সংখ্যা অনুসারে উঠে অগ্রসর হল; তালুতের পুত্র ঈশ্-বোশতের ও বিন্ইয়ামীনের পক্ষে বারো জন এবং দাউদের গোলামদের মধ্যে বারো জন। 16আর তারা প্রত্যেকে নিজ নিজ প্রতিযোদ্ধার মাথা ধরে কুক্ষিদেশে তলোয়ার বিদ্ধ করে সকলে এক সঙ্গে মারা পড়লো। এজন্য সেই স্থানের নাম হিলকৎ-হৎসূরীম [ছুরিকা-ভূমি] হল; তা গিবিয়োনে আছে। 17আর সেই দিনে ঘোরতর যুদ্ধ হল এবং অব্নের ও ইসরাইলের লোকেরা দাউদের গোলামদের সম্মুখে পরাজিত হল।
18সেই স্থানে যোয়াব, অবীশয় ও অসাহেল নামে সরূয়ার তিন পুত্র ছিলেন, সেই অসাহেল বন্য হরিণের মত জোরে দৌড়াতে পারতেন। 19আর অসাহেল অব্নেরকে তাড়া করে তাঁর পিছনে দৌড়াতে লাগলেন, যেতে যেতে তাঁর পিছনে দৌড়ানো থেকে ডানে বা বামে ফিরলেন না। 20পরে অব্নের পিছনের দিকে ফিরে বললেন, তুমি কি অসাহেল? তিনি জবাব দিলেন, জ্বী, আমি সেই। 21অব্নের তাঁকে বললেন, তুমি ডানে বা বামে ফিরে এই যুবকদের কোন এক জনকে ধরে তার সাজ-পোশাক গ্রহণ কর। কিন্তু অসাহেল তাঁর পিছনে তাড়া করা থেকে ফিরে যেতে সম্মত হলেন না। 22পরে অব্নের অসাহেলকে আবার বললেন, আমাকে তাড়া না করে ফিরে যাও; আমি কেন তোমাকে আঘাত করে ভূতলশায়ী করবো? করলে তোমার ভাই যোয়াবের সাক্ষাতে কি করে মুখ দেখাব? 23তবুও তিনি ফিরতে সম্মত হলেন না; অতএব অব্নের বর্শার গোড়া তাঁর উদরে এমনভাবে বিদ্ধ করলেন, যে বর্শা তাঁর পৃষ্ঠদেশ দিয়ে বের হল; তাতে তিনি সেখানে পড়ে গেলেন, সেই স্থানেই মারা গলেন এবং যত লোক অসাহেলের পতন ও মরণ স্থানে উপস্থিত হল, সকলেই দাঁড়িয়ে রইলো।
24কিন্তু যোয়াব ও অবীশয় অব্নেরের পিছনে পিছনে তাড়া করে গেলেন; সূর্যাস্ত-কালে গিবিয়োন মরুভূমিগামী পথের নিকটবর্তী গীহের সম্মুখস্থ অম্মা পাহাড়ের কাছে উপস্থিত হলেন। 25আর বিন্ইয়ামীনের লোকেরা অব্নেরের পিছনে একত্র দলবদ্ধ হয়ে একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রইলো। 26তখন অব্নের যোয়াবকে ডেকে বললেন, তলোয়ার কি চিরকাল গ্রাস করবে? অবশেষে তিক্ততা হবে, এই কথা কি জান না? অতএব তুমি তোমার ভাইদের পিছনে তাড়া করা বন্ধ করতে তোমার লোকদের কত কাল হুকুম না দিয়ে থাকবে? 27যোয়াব বললেন, জীবন্ত আল্লাহ্র কসম তুমি যদি কথা না বলতে, তবে লোকে প্রাতঃকালেই চলে যেত, আপন ভাইদের পেছন তাড়া করে যেত না। 28পরে যোয়াব তূরী বাজালেন; তাতে সমস্ত লোক থেমে গেল, ইসরাইলের পিছনে আর তাড়া করলো না, যুদ্ধও আর করলো না।
29পরে অব্নের ও তাঁর লোকেরা অরাবা উপত্যকা দিয়ে সমস্ত রাত চলে জর্ডান পার হলেন এবং পুরো বিথ্রোণ পাড়ি দিয়ে মহনয়িমে উপস্থিত হলেন। 30আর যোয়াব অব্নেরের পিছনে তাড়া করা বাদ দিয়ে ফিরে গেলেন; পরে সমস্ত লোককে জমায়েত করলে দাউদের গোলামদের মধ্যে ঊনিশজন এবং অসাহেলকে পাওয়া গেল না। 31কিন্তু দাউদের গোলামদের আঘাতে বিন্ইয়ামীন ও অব্নেরের লোকদের তিন শত ষাটজন মারা গিয়েছিল। 32পরে লোকেরা অসাহেলকে তুলে নিয়ে বেথেলহেমে তাঁর পিতার কবরে দাফন করলো। পরে যোয়াব ও তাঁর লোকেরা সমস্ত রাত শেষে ভোর বেলায় হেবরনে উপস্থিত হলেন।
Currently Selected:
২ শামুয়েল 2: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013