২ বাদশাহ্নামা 13
13
ইসরাইলের বাদশাহ্ যিহোয়াহস
1অহসিয়ের পুত্র এহুদার বাদশাহ্ যোয়াশের তেইশ বছরে যেহূর পুত্র যিহোয়াহস সামেরিয়ায় ইসরাইলে রাজত্ব করতে শুরু করেন এবং সতের বছর রাজত্ব করেন। 2মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা-ই তিনি করতেন এবং নবাটের পুত্র ইয়ারাবিম যেসব গুনাহ্ দ্বারা ইসরাইলকে গুনাহ্ করিয়েছিলেন, তাঁর সেসব গুনাহ্র অনুগামী হলেন— তা থেকে ফিরলেন না। 3তখন ইসরাইলের বিরুদ্ধে মাবুদের ক্রোধ প্রজ্বলিত হল, আর তিনি অরামের বাদশাহ্ হসায়েল ও হসায়েলের পুত্র বিন্হদদের হাতে তাদেরকে তুলে দিলেন, তারা যিহোয়াহসের সমস্ত রাজত্ব কাল তাঁদের অধীন হয়ে রইলো। 4পরে যিহোয়াহস মাবুদের কাছে ফরিয়াদ জানালেন, আর মাবুদ তাঁর মুনাজাতে কান দিলেন, কেননা অরামের বাদশাহ্ ইসরাইলে যে জুলুম করতেন, সেই জুলুম তিনি দেখলেন। 5আর মাবুদ ইসরাইলকে এক জন উদ্ধারকর্তা দিলেন, তাতে তারা অরামের হাত থেকে উদ্ধার পেল এবং বনি-ইসরাইল আগের মত যার যার তাঁবুতে বাস করতে লাগল। 6তবুও ইয়ারাবিম যেসব গুনাহ্ দ্বারা ইসরাইলকে গুনাহ্ করিয়েছিলেন, তাঁর কুলের সেসব গুনাহ্ থেকে তারা ফিরল না, সেই পথে চলতো, আর সামেরিয়াতে আশেরা-মূর্তিও রইলো। 7বাস্তবিক, অরামের বাদশাহ্ কেবল পঞ্চাশ জন ঘোড়সওয়ার, দশটি রথ ও দশ হাজার পদাতিক ছাড়া যিহোয়াহসের জন্য অন্য কোন সৈন্য অবশিষ্ট রাখেন নি; তিনি তাদেরকে বিনষ্ট করেছিলেন, দলনীয় ধূলিকণার সমান করেছিলেন।
8যিহোয়াহসের অবশিষ্ট কাজের বৃত্তান্ত, সমস্ত কাজের বিবরণ ও তাঁর বিক্রমের কথা কি ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে লেখা নেই? 9পরে যিহোয়াহস তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন, আর সামেরিয়াতে তাঁকে দাফন করা হল এবং তাঁর পুত্র যোয়াশ তাঁর পদে বাদশাহ্ হলেন।
10এহুদার বাদশাহ্ যোয়াশের সাঁইত্রিশ বছরে যিহোয়াহসের পুত্র যিহোয়াশ সামেরিয়াতে ইসরাইলে রাজত্ব করতে আরম্ভ করেন এবং ষোল বছর রাজত্ব করেন। 11মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তিনি তা-ই করতেন; নবাটের পুত্র ইয়ারাবিম যেসব গুনাহ্ দ্বারা ইসরাইলকে গুনাহ্ করিয়েছিলেন, তাঁর সেসব গুনাহ্ থেকে ফিরলেন না— সেই পথে চলতেন। 12যোয়াশের অবশিষ্ট কাজের বৃত্তান্ত ও সমস্ত কাজ এবং যে বিক্রমের দ্বারা তিনি এহুদার বাদশাহ্ অমৎসিয়ের সঙ্গে যুদ্ধ করলেন, সেসব কথা কি ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে লেখা নেই? 13পরে যোয়াশ তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন; আর ইয়ারাবিম তাঁর সিংহাসনে উপবিষ্ট হলেন; এবং যোয়াশকে ইসরাইলের বাদশাহ্দের সঙ্গে সামেরিয়ায় দাফন করা হল।
হযরত আল-ইয়াসার মৃত্যু
14আল-ইয়াসা অসুস্থ হলেন, সেই অসুস্থতাতেই তাঁর মৃত্যু হয়; আর ইসরাইলের বাদশাহ্ যোয়াশ তাঁর কাছে গিয়ে তাঁর মুখের উপরে হেঁট হয়ে কেঁদে কেঁদে বললেন, হে আমার পিতা, হে আমার পিতা, ইসরাইলের রথগুলো ও ঘোড়-সওয়ারগণ। 15তখন আল-ইয়াসা তাঁকে বললেন, আপনি তীর-ধনুক নিন। তিনি তীর-ধনুক নিলেন। 16পরে তিনি ইসরাইলের বাদশাহ্কে বললেন, ধনুকের উপরে হাত রাখুন। তিনি হাত রাখলেন। পরে আল-ইয়াসা বাদশাহ্র হাতের উপরে তাঁর হাত রাখলেন, 17আর বললেন, পূর্ব দিকের জানালা খুলুন। তিনি খুললেন। পরে আল-ইয়াসা বললেন, তীর নিক্ষেপ করুন। তিনি নিক্ষেপ করলেন। তখন আল-ইয়াসা বললেন, এ মাবুদের বিজয়-তীর, অরামের বিপক্ষে বিজয়-তীর, কেননা আপনি অফেকে অরামীয়দেরকে আক্রমণ করবেন, করতে করতে তাদেরকে নিঃশেষ করবেন। 18পরে তিনি বললেন, ঐ সমস্ত তীর নিন। বাদশাহ্ সেগুলো নিলেন। তখন তিনি ইসরাইলের বাদশাহ্কে বললেন, ভূমিতে আঘাত করুন; বাদশাহ্ তিনবার আঘাত করে ক্ষান্ত হলেন। 19তখন আল্লাহ্র লোক তাঁর প্রতি ক্রুদ্ধ হলেন, বললেন, পাঁচ ছয়বার আঘাত করতে হত, করলে অরামকে নিঃশেষ করণ পর্যন্ত আঘাত করতেন, কিন্তু এখন অরামকে মাত্র তিনবার আঘাত করবেন।
20পরে আল-ইয়াসার মৃত্যু হল ও লোকেরা তাঁকে দাফন করলো। তখন মোয়াবীয় লুণ্ঠনকারী সৈন্যদল বসন্তকালে দেশে এসে প্রবেশ করলো। 21আর লোকেরা একটা লোককে কবর দিচ্ছিল, আর দেখ, তারা এক লুণ্ঠনকারী সৈন্যদল দেখে সেই লাশ আল-ইয়াসার কবরে ফেলে দিল; তখন সেই ব্যক্তি প্রবিষ্ট হয়ে আল-ইয়াসার অস্থি স্পর্শ করামাত্র জীবিত হয়ে পায়ে ভর দিয়ে দাঁড়ালো।
নগরগুলোর পুর্নদখল
22যিহোয়াহসের সময়ে অরামের বাদশাহ্ হসায়েল ইসরাইলের উপরে সব সময়ই জুলুম করতেন। 23কিন্তু মাবুদ ইব্রাহিম, ইস্হাক ও ইয়াকুবের সঙ্গে যে নিয়ম করেছিলেন, তার দরুন তাদের প্রতি রহমত ও করুণা করলেন, তাদের সপক্ষ রইলেন, তাদেরকে বিনষ্ট করতে চাইলেন না, তখনও পর্যন্ত তিনি নিজের সম্মুখ থেকে দূর করতে চাইলেন না।
24পরে অরামের বাদশাহ্ হসায়েলের মৃত্যু হল এবং তাঁর পুত্র বিন্হদদ তাঁর পদে বাদশাহ্ হলেন। 25যিহোয়াশের পিতা যিহোয়াহসের হাত থেকে হসায়েল যেসব নগর যুদ্ধে অধিকার করেছিলেন, সেসব নগর যিহোয়াহসের পুত্র যিহোয়াশ হসায়েলের পুত্র বিন্হদদের হাত থেকে পুনরায় অধিকার করলেন। যোয়াশ তাঁকে তিন বার আঘাত করে ইসরাইলের ঐ সমস্ত নগর পুনর্বার নিলেন।
Currently Selected:
২ বাদশাহ্নামা 13: BACIB
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013