YouVersion Logo
Search Icon

১ শামুয়েল 9

9
বাদশাহ্‌র পদে তালুতকে বেছে নেওয়া
1আর বিন্‌ইয়ামীন-বংশীয় এক জন লোক ছিলেন, তাঁর নাম কীশ। তিনি অবীয়েলের পুত্র, ইনি সরোরের পুত্র, ইনি বখোরতের পুত্র, ইনি অফিহের পুত্র। কীশ এক জন বিন্‌ইয়ামীনীয় বলবান বীর ছিলেন। 2আর তালুত নামে তাঁর এক জন পুত্র ছিলেন; তিনি সুন্দর যুবা পুরুষ; বনি-ইসরাইলদের মধ্যে তার চেয়ে সুন্দর কোন পুরুষ ছিল না এবং তিনি অন্য সমস্ত লোক থেকে প্রায় এক ফুট লম্বা ছিলেন।
3একদিন তালুতের পিতা কীশের গাধীগুলো হারিয়ে গেল, তাতে কীশ তাঁর পুত্র তালুতকে বললেন, তুমি এক জন ভৃত্য সঙ্গে নাও, উঠ, গাধীগুলোর খোঁজ করতে যাও। 4তাতে তিনি পর্বতময় আফরাহীম প্রদেশে ভ্রমণ করে শালিশা প্রদেশে দিয়ে গমন করলেন; কিন্তু তারা তাদের খুঁজে পেলেন না। পরে তারা শালীম প্রদেশ দিয়ে গেল; সেখানেও নেই। পরে তিনি বিন্‌ইয়ামীনীয়দের দেশে গেল, কিন্তু তারা সেখানেও গাধীগুলোকে পেলেন না।
5পরে সূফ প্রদেশে উপস্থিত হলে তালুত তাঁর সঙ্গী ভৃত্যটিকে বললেন, এসো, আমরা ফিরে যাই; কি জানি আমার পিতা গাধীগুলোর ভাবনা ছেড়ে দিয়ে আমাদের জন্য দুশ্চিন্তা করবেন। 6সে তাঁকে বললো, দেখুন, এই নগরে আল্লাহ্‌র এক জন ব্যক্তি আছেন; তিনি অতি সম্মানিত; তিনি যা যা বলেন, সকলই সিদ্ধ হয়; চলুন, আমরা এখন সেই স্থানে যাই; হয়তো তিনি আমাদের গন্তব্য পথ বলে দিতে পারবেন। 7তখন তালুত তাঁর ভৃত্যকে বললেন, কিন্তু দেখ, যদি আমরা যাই, তবে সেই ব্যক্তির কাছে কি নিয়ে যাব? আমাদের থলির মধ্যে যে খাদ্য ছিল তা শেষ হয়েছে; আল্লাহ্‌র লোকের কাছে নিয়ে যাবার জন্য আমাদের কাছে কোন উপহার নেই; আমাদের কাছে কি আছে? 8তখন ভৃত্যটি তালুতকে জবাবে বললো, দেখুন, আমার হাতে এক শেকলের চার ভাগের এক ভাগ রূপা আছে; আমি আল্লাহ্‌র লোককে এ-ই দেব, আর তিনি আমাদেরকে পথ বলে দেবেন। 9(আগেকার দিনে ইসরাইলের মধ্যে আল্লাহ্‌র কাছে জিজ্ঞাসা করার জন্য যেতে হলে লোকে এরকম বলতো, চল, আমরা দর্শকের কাছে যাই; কেননা সম্প্রতি যাঁকে নবী বলা যায়, আগেকার দিনে তাকে দর্শক বলা হত।) 10তখন তালুত তাঁর ভৃত্যটিকে বললেন, ভালই বললে; চল আমরা যাই। আর আল্লাহ্‌র লোক যেখানে ছিলেন তাঁরা সেই নগরে গেলেন।
11যখন তাঁরা পাহাড়ী পথ বেয়ে নগরের দিকে উঠছিলেন; তখন পানি তুলবার জন্য কয়েক জন যুবতী মেয়ে বাইরে এসেছিল, তাঁরা তাদের দেখে জিজ্ঞাসা করলেন, দর্শক কি এই স্থানে আছেন? 12তারা তাঁদের জবাবে বললো, হ্যাঁ, আছেন; দেখ তিনি তোমাদের সম্মুখে আছেন; শীঘ্র এখনই যাও, তিনি আজ নগরে এসেছেন, কারণ ঐ উচ্চস্থলীতে আজ লোকদের একটি কোরবানীর অনুষ্ঠান হবে। 13তোমরা নগরের মধ্যে প্রবেশ করবামাত্র, তিনি উচ্চস্থলীতে আহার করতে যাবার আগে, তাঁর দেখা পাবে; কেননা তিনি যতক্ষণ উপস্থিত না হবেন, ততক্ষণ লোকেরা ভোজন করবে না, কারণ তিনি কোরবানীর দ্রব্যে দোয়া করেন, পরে দাওয়াত পাওয়া লোকেরা ভোজন করে; অতএব তোমরা এখন গিয়ে উঠ; এই সময়ে তাঁর দেখা পাবে। 14তখন তাঁরা নগরে উঠলেন; তাঁরা নগরের মধ্যে উপস্থিত হলে দেখ, শামুয়েল উচ্চস্থলীতে যাবার জন্য বের হয়ে তাঁদের সম্মুখে উপস্থিত হলেন।
15আর তালুতের উপস্থিত হবার আগের দিন মাবুদ শামুয়েলের কাছে প্রকাশ করেছিলেন, 16আগামীকাল এমন সময়ে আমি বিন্‌ইয়ামীন প্রদেশ থেকে এক জন লোককে তোমার কাছে প্রেরণ করবো; তুমি তাকে আমার লোক ইসরাইলের নায়ক করার জন্য অভিষেক করবে; আর সে ফিলিস্তিনীদের হাত থেকে আমার লোকদের নিস্তার করবে; কেননা আমার লোকদের কান্না আমার কর্ণগোচর হওয়াতে আমি তাদের প্রতি দৃষ্টিপাত করলাম। 17পরে শামুয়েল তালুতকে দেখলে মাবুদ তাঁকে বললেন, দেখ, এই সেই ব্যক্তি, যার বিষয়ে আমি তোমার কাছে বলেছিলাম, সেই আমার লোকদের উপরে কর্তৃত্ব করবে। 18তখন তালুত ফটকে শামুয়েলের কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, আরজ করি, দর্শকের বাড়ি কোথায়, আমাকে বলে দিন। 19তখন শামুয়েল তালুতকে উত্তর করলেন, আমিই দর্শক, আমার সম্মুখবর্তী হয়ে উচ্চস্থলীতে চল; কেননা আজ তোমরা আমার সঙ্গে ভোজন করবে; সকালে আমি তোমাকে বিদায় করবো এবং তোমার মনের সমস্ত কথা তোমাকে জানাবো। 20আর আজ তিন দিন হল, তোমার যেসব গাধী হারিয়েছে, তাদের জন্য চিন্তিত হয়ো না; সেসব পাওয়া গেছে। আর ইসরাইলের সমস্ত বাঞ্ছনীয় দ্রব্য কার? সেই সমস্ত কি তোমার এবং তোমার সমস্ত পিতৃকুলের নয়? 21তালুত জবাবে বললেন, আমি কি ইসরাইল-বংশগুলোর মধ্যে ক্ষুদ্রতম বিন্‌ইয়ামীন-বংশীয় নই? আবার বিন্‌ইয়ামীন-বংশের মধ্যে আমার গোষ্ঠী কি সবচেয়ে ক্ষুদ্র নয়? তবে আপনি আমাকে কেন এই রকম কথা বলেন?
22পরে শামুয়েল তালুত ও তাঁর ভৃত্যকে নিয়ে খাবার বাড়িতে গেলেন, অনুমান ত্রিশ জন দাওয়াত পাওয়া লোকদের মধ্যে তাঁদেরকে উত্তম স্থানে বসালেন। 23পরে শামুয়েল পাচককে বললেন, আমি যে অংশ তোমাকে দিয়ে তোমার কাছ রাখতে বলেছিলাম, তা নিয়ে এসো। 24তাতে পাচক ঊরু ও তার উপরে যা ছিল তা এনে তালুতের সম্মুখে রাখল। আর শামুয়েল বললেন, দেখ, এটি তোমার জন্য রাখা হয়েছিল; তুমি এটি তোমার সম্মুখে রাখ, ভোজন কর; কেননা নির্দিষ্ট সময়ের অপেক্ষাতে এটি তোমার জন্য রাখা গেছে, আমি বলেছিলাম যে, আমি লোকদের দাওয়াত করেছি। তাতে সেদিন তালুত শামুয়েলের সঙ্গে আহার করলেন।
25পরে তাঁরা উচ্চস্থলী থেকে নগরে নেমে গেলে শামুয়েল বাড়ির ছাদের উপরে তালুতের সঙ্গে কথাবার্তা বললেন। 26পরে তাঁরা প্রভাতে উঠলেন, আর আলো ফুটে উঠলে শামুয়েল বাড়ির ছাদের উপরে তালুতকে ডেকে বললেন, উঠ, আমি তোমাকে বিদায় করি। তখন তালুত উঠলেন, আর তিনি ও শামুয়েল দু’জন বাইরে গেলেন।
27পরে তাঁরা নেমে নগরের প্রান্তভাগ দিয়ে যাচ্ছিলেন, এমন সময়ে শামুয়েল তালুতকে বললেন, তোমার ভৃত্যটিকে আগে যেতে বল, কিন্তু তুমি কিছুকাল দাঁড়াও, আমি তোমাকে আল্লাহ্‌র কালাম শুনাই। তাতে তাঁর ভৃত্য এগিয়ে গেল।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in