YouVersion Logo
Search Icon

১ শামুয়েল 12

12
বনি-ইসরাইলদের কাছে হযরত শামুয়েলের বাণী
1পরে শামুয়েল সমস্ত ইসরাইলকে বললেন, দেখ, তোমরা আমাকে যা যা বললে, আমি তোমাদের সেসব কথা শুনে তোমাদের উপরে এক জনকে বাদশাহ্‌ নিযুক্ত করলাম। 2এখন দেখ, বাদশাহ্‌ তোমাদের সম্মুখে গমনাগমন করছেন; কিন্তু আমি বৃদ্ধ হয়েছি ও আমার চুল পেকে গেছে; আর দেখ, আমার পুত্ররা তোমাদের সঙ্গে আছে এবং আমি বাল্যকাল থেকে আজ পর্যন্ত তোমাদের সম্মুখে গমনাগমন করে আসছি। 3আমি এই স্থানে আছি; তোমরা মাবুদের সাক্ষাতে এবং তাঁর অভিষিক্ত ব্যক্তির সাক্ষাতে আমার বিপক্ষে সাক্ষ্য দিয়ে বল দেখি, আমি কার গরু নিয়েছি? কার গাধা নিয়েছি? কার প্রতি দৌরাত্ম্য করেছি? কার উপরেই বা উৎপীড়ন করেছি? কিম্বা নিজের চোখ অন্ধ করার জন্য কার হাত থেকে ঘুষ গ্রহণ করেছি? আমি তোমাদের তা ফিরিয়ে দেব। 4তারা বললো, আপনি আমাদের উপর দৌরাত্ম্য করেন নি, আমাদের উপরে উৎপীড়ন করেন নি, কারো হাত থেকে কিছু গ্রহণ করেন নি। 5তিনি তাদের বললেন, তোমরা আমার হাতে কোন দ্রব্য পাও নি, এই বিষয়ে আজ তোমাদের বিপক্ষে মাবুদ সাক্ষী এবং তাঁর অভিষিক্ত ব্যক্তি সাক্ষী। তারা জবাবে বললো, তিনি সাক্ষী।
6পরে শামুয়েল লোকদের বললেন, মাবুদই মূসা ও হারুনকে নিযুক্ত করেছিলেন এবং তোমাদের পূর্বপুরুষদের মিসর দেশ থেকে বের করে এনেছেন। 7তোমরা এখন প্রস্তুত হও; তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের প্রতি মাবুদ যে সমস্ত মঙ্গলের কাজ সাধন করেছেন, সেই বিষয়ে আমি মাবুদের সাক্ষাতে তোমাদের সঙ্গে আলোচনা করবো। 8ইয়াকুব মিসরে যাবার পর যখন তোমাদের পূর্বপুরুষেরা মাবুদের কাছে কান্নাকাটি করেছিল, তখন মাবুদ মূসা ও হারুনকে প্রেরণ করেন; আর তাঁরা মিসর থেকে তোমাদের পূর্বপুরুষদের বের করে আনলেন এবং এই স্থানে তাদের বাস করালেন। 9কিন্তু লোকেরা তাদের আল্লাহ্‌ মাবুদকে ভুলে গেল, আর তিনি হাৎসোরের সেনাপতি সীষরার হাতে, ফিলিস্তিনীদের হাতে ও মোয়াব বাদশাহ্‌র হাতে তাদের বিক্রি করলেন এবং এরা তাদের সঙ্গে যুদ্ধ করলো। 10তখন তারা মাবুদের কাছে কেঁদে কেঁদে বললো, আমরা গুনাহ্‌ করেছি, আমরা মাবুদকে ত্যাগ করে বালদেবতাদের ও অষ্টারোৎ দেবীদের সেবা করেছি; কিন্তু এখন তুমি দুশমনদের হাত থেকে আমাদের উদ্ধার কর, আমরা তোমার সেবা করবো। 11পরে মাবুদ যিরুব্বাল, বদান, যিপ্তহ ও শামুয়েলকে প্রেরণ করে তোমাদের চারদিকের দুশমনদের হাত থেকে তোমাদের উদ্ধার করলেন; তাতে তোমরা নির্ভয়ে বাস করলে। 12পরে যখন তোমরা দেখলে অম্মোণ সন্তানদের বাদশাহ্‌ নাহশ তোমাদের বিরুদ্ধে বের হয়ে আসছে, তখন, তোমাদের আল্লাহ্‌ মাবুদ তোমাদের বাদশাহ্‌ থাকতেও তোমরা আমাকে বললে, না, আমাদের উপরে এক জন বাদশাহ্‌ রাজত্ব করুন। 13অতএব এই দেখ, সেই বাদশাহ্‌, যাঁকে তোমরা মনোনীত করেছ ও বেছে নিয়েছ; দেখ, মাবুদ তোমাদের উপরে এক জন বাদশাহ্‌ নিযুক্ত করেছেন। 14যদি তোমরা মাবুদকে ভয় কর, তাঁর সেবা কর ও তাঁর কালাম পালন কর এবং মাবুদের হুকুমের বিরুদ্ধাচরণ না কর, আর তোমরা ও তোমাদের উপরে যিনি কর্তৃত্ব করবেন সেই বাদশাহ্‌, উভয়ে যদি তোমাদের আল্লাহ্‌ মাবুদের অনুগামী হও, তবে ভাল। 15কিন্তু তোমরা যদি মাবুদের কথায় মনযোগ না দাও এবং মাবুদের হুকুমের বিরুদ্ধাচরণ কর, তবে মাবুদের হাত যেমন তোমাদের পূর্ব-পুরুষদের বিরুদ্ধে ছিল, তেমনি তোমাদেরও বিরুদ্ধে যাবে। 16অতএব তোমরা প্রস্তুত হও; মাবুদ তোমাদের সাক্ষাতে যে মহৎ কাজ করবেন, তা দেখ। 17আজ কি গম কাটার সময় নয়? আমি মাবুদকে ডাকব, যেন তিনি মেঘ-গর্জন ও বৃষ্টি দেন; তাতে তোমরা জানবে ও বুঝবে যে, তোমরা নিজেদের জন্য বাদশাহ্‌ চেয়ে মাবুদের সাক্ষাতে খুব অন্যায় করেছ। 18তখন শামুয়েল মাবুদকে ডাকলে মাবুদ ঐ দিনে মেঘ-গর্জন ও বৃষ্টি দিলেন; তাতে সমস্ত লোক মাবুদ ও শামুয়েলকে খুব ভয় করতে লাগল।
19আর সমস্ত লোক শামুয়েলকে বললো, আমরা যেন মারা না পড়ি, এজন্য আপনি আপনার গোলামদের জন্য আপনার আল্লাহ্‌ মাবুদের কাছে মুনাজাত করুন; কেননা আমরা আমাদের সকল গুনাহ্‌র উপরে এই দুষ্কর্ম করেছি যে, আমাদের জন্য বাদশাহ্‌ চেয়েছি। 20শামুয়েল লোকদের বললেন, ভয় করো না; তোমরা এই সমস্ত দুষ্কর্ম করেছ বটে, কিন্তু কোন মতে মাবুদের পেছন থেকে সরে যেও না, সর্বান্তঃকরণে মাবুদের সেবা কর। 21সরে যেও না, গেলে সেসব অবস্তুর অনুগামী হবে, যারা অবস্তু বলে উপকার ও উদ্ধার করতে পারে না। 22কারণ মাবুদ তাঁর মহানামের গুণে তাঁর লোকদের ত্যাগ করবেন না; কেননা তোমাদের তাঁর লোক করতে মাবুদের অভিমত হয়েছে। 23আর আমিই যে তোমাদের জন্য মুনাজাত করতে বিরত হয়ে মাবুদের বিরুদ্ধে গুনাহ্‌ করবো, তা দূরে থাকুক; আমি তোমাদের উত্তম ও সরল পথ শিক্ষা দেব; 24তোমরা কেবল মাবুদকে ভয় কর ও সর্বান্তঃকরণে ও সত্যে তাঁর সেবা কর; কেননা দেখ, তিনি তোমাদের জন্য কেমন মহৎ মহৎ কাজ করলেন। 25কিন্তু তোমরা যদি মন্দ আচরণ কর, তবে তোমরা ও তোমাদের বাদশাহ্‌ উভয়ে বিনষ্ট হবে।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for ১ শামুয়েল 12