১ বাদশাহ্নামা 13
13
এহুদার এক জন নবীর বিবরণ
1আর দেখ, আল্লাহ্র এক জন লোক মাবুদের কালামের দ্বারা এহুদা থেকে বেথেলে উপস্থিত হলেন; আর ইয়ারাবিম ধূপদাহের জন্য কোরবানগাহ্র কাছে দাঁড়িয়ে ছিলেন। 2আর সেই ব্যক্তি কোরবানগাহ্র বিরুদ্ধে মাবুদের কালামের দ্বারা এই কথা ঘোষণা করলেন, হে কোরবানগাহ্, হে কোরবানগাহ্, মাবুদ এই কথা বলেন, দেখ দাউদ-কুলে ইউসিয়া নামে একটি বালকের জন্ম হবে; উচ্চস্থলীগুলোর যে ইমামেরা তোমার উপরে ধূপ জ্বালায়, তাদেরকে তিনি তোমার উপরে কোরবানী করবেন ও তোমার উপরে মানুষের অস্থি পোড়ানো হবে। 3আর সেই দিনে সেই ব্যক্তি একটি চিহ্ন নির্ধারণ করে বললেন, মাবুদ এই চিহ্নের কথা বলেছেন; দেখ, এই কোরবানগাহ্ ফেটে যাবে ও এর উপরিস্থ ভস্ম পড়ে যাবে। 4আল্লাহ্র লোক বৈথেলস্থ কোরবানগাহ্র বিরুদ্ধে যে কথা ঘোষণা করলেন, তা শুনে বাদশাহ্ ইয়ারাবিম কোরবানগাহ্ থেকে হাত প্রসারিত করে বললেন, ওকে ধর। কিন্তু তিনি তাঁর বিরুদ্ধে যে হাত প্রসারিত করলেন তা শুকিয়ে গেল, তিনি তা আর গুটিয়ে নিতে পারলেন না। 5আর আল্লাহ্র লোক মাবুদের কালামের দ্বারা যে চিহ্ন নির্ধারণ করেছিলেন, সেই অনুসারে কোরবানগাহ্ ফেটে গেল এবং কোরবানগাহ্ থেকে ভস্ম পড়ে গেল। 6তখন বাদশাহ্ আল্লাহ্র লোককে বললেন, আমার হাত যেন পুনরায় সুস্থ হয়, এজন্য আপনি আপনার আল্লাহ্ মাবুদের কাছে রহমত যাচ্ঞা করুন, আমার জন্য মুনাজাত করুন। তাতে আল্লাহ্র লোক মাবুদের কাছে যাচ্ঞা করলেন, আর বাদশাহ্র হাত পুনরায় সুস্থ হল, আগের মত হল। 7তখন বাদশাহ্ আল্লাহ্র লোককে বললেন, আপনি আমার সঙ্গে বাড়িতে এসে আরাম করুন, আর আমি আপনাকে উপহার দেব। 8আল্লাহ্র লোক বাদশাহ্কে বললেন, যদি আপনি আমাকে আপনার বাড়ির অর্ধেকও দিয়ে দেন তবুও আপনার সঙ্গে প্রবেশ করবো না, আমি এই স্থানে অন্ন ভোজন বা পানি পান করবো না; 9কেননা মাবুদের কালাম দ্বারা আমি এই হুকুম পেয়েছি, তুমি অন্ন ভোজন ও পানি পান করো না এবং যে পথ দিয়ে যাবে, সেই পথ দিয়ে ফিরে এসো না। 10পরে তিনি যে পথ দিয়ে বেথেলে এসেছিলেন, সেই পথে না গিয়ে অন্য পথ ধরে প্রস্থান করলেন।
11বেথেলে এক জন প্রাচীন নবী বাস করতেন; তাঁর এক পুত্র এসে, বেথেলে সেই দিন আল্লাহ্র লোক যা যা করেছিলেন, সমস্তই তাঁকে জানালো; তিনি বাদশাহ্কে যে যে কথা বলেছিলেন, তার বৃত্তান্তও পুত্রেরা পিতাকে বললো। 12তাদের পিতা জিজ্ঞাসা করলো, তিনি কোন পথে গেলেন? এহুদা থেকে আগত আল্লাহ্র লোক কোন্ পথ ধরে গিয়েছিলেন, তা তাঁর পুত্রেরা দেখেছিল। 13তখন তিনি তাঁর পুত্রদেরকে বললেন, আমার জন্য গাধা সাজাও; তারা তাঁর জন্য গাধা সাজালে তিনি তার উপরে চড়লেন। 14আর তিনি আল্লাহ্র লোকের পিছনে গেলেন এবং একটি এলা গাছের তলে তাঁকে বসে থাকতে দেখে বললেন, আপনি কি এহুদা থেকে আগত আল্লাহ্র লোক? তিনি বললেন, আমি সেই। 15তখন তিনি তাঁকে বললেন, আমার সঙ্গে বাড়িতে চলুন, আহার করুন। 16তিনি বললেন, আমি আপনার সঙ্গে ফিরে যেতে ও আপনার বাড়িতে প্রবেশ করতে পারি না; এবং এই স্থানে আপনার সঙ্গে অন্ন ভোজন বা পানি পান করবো না; 17কেননা মাবুদের কালাম দ্বারা আমাকে বলা হয়েছে, তুমি সেই স্থানে অন্ন ভোজন ও পানি পান করো না এবং যে পথ দিয়ে যাবে, সেই পথ দিয়ে ফিরে এসো না। 18তিনি তাঁকে বললেন, আপনি যেমন, আমিও তেমনি নবী; এক জন ফেরেশতা আমাকে মাবুদের কালামের মাধ্যমে এই কথা বলেছেন, তুমি ওকে অন্ন ভোজন ও পানি পান করাবার জন্য সঙ্গে করে তোমার বাড়িতে ফিরিয়ে আন। কিন্তু তিনি তাঁকে মিথ্যা কথা বললেন। 19তখন তিনি তাঁর সঙ্গে ফিরে গিয়ে তাঁর বাড়িতে অন্ন ভোজন ও পানি পান করলেন।
20তাঁরা ভোজন স্থানে বসে আছেন, এমন সময়ে যে নবী ওঁকে ফিরিয়ে এনেছিলেন তাঁর কাছে মাবুদের কালাম নাজেল হল; 21তখন তিনি এহুদা থেকে আগত আল্লাহ্র লোককে উচ্চৈঃস্বরে বললেন, মাবুদ এই কথা বলেন, তুমি মাবুদের কালামের বিরুদ্ধাচরণ করেছ; তোমার আল্লাহ্ মাবুদ তোমাকে যা হুকুম করেছিলেন, তা তুমি পালন কর নি, 22তিনি যে স্থানের বিষয়ে বলেছিলেন, তুমি অন্ন ভোজন ও পানি পান করো না, সেই স্থানে ফিরে এসে তুমি অন্ন ভোজন ও পানি পান করেছ; এই কারণে তোমার লাশ তোমার পূর্বপুরুষদের কবরে রাখা হবে না। 23পরে তাঁর অন্ন ভোজন ও পানি পান শেষ হলে তিনি তাঁর জন্য, অর্থাৎ যাঁকে ফিরিয়ে এনেছিলেন, সেই নবীর জন্য গাধা সাজালেন। 24পরে তিনি যাত্রা করলে, পথের মধ্যে একটি সিংহ তাঁকে পেয়ে হত্যা করলো ও তাঁর লাশ পথে পড়ে থাকলো এবং তার পাশে গাধা দাঁড়িয়ে রইলো; লাশের পাশে সিংহ দাঁড়িয়ে রইলো। 25আর দেখ, লোকেরা পথ দিয়ে যাতায়াত করতে করতে দেখলো, লাশ পথে পড়ে রয়েছে এবং লাশের পাশে সিংহ দাঁড়িয়ে আছে; পরে লোকেরা ঐ প্রাচীন নবীর নিজের নগরে এসে সংবাদ দিল।
26আর যে নবী তাঁকে পথ থেকে ফিরিয়ে এনেছিলেন, তিনি ঐ সংবাদ শুনে বললেন, ইনি আল্লাহ্র সেই লোক, যিনি মাবুদের কালামের বিরুদ্ধাচরণ করেছিলেন, তাঁর প্রতি মাবুদের কথিত কালাম অনুসারে মাবুদ তাঁকে সিংহের হাতে তুলে দিয়েছেন, আর সিংহ তাঁকে আক্রমণ করে হত্যা করেছে। 27পরে তিনি তাঁর পুত্রদেরকে বললেন, আমার জন্য গাধা সাজাও; তারা তা সাজাল। 28আর তিনি গিয়ে দেখলেন, লাশ পথে পড়ে রয়েছে এবং লাশের পাশে গাধা ও সিংহ দাঁড়িয়ে আছে; সিংহ লাশ খায় নি, গাধাকেও বিদীর্ণ করে নি। 29পরে সেই নবী আল্লাহ্র লোকের লাশ তুলে নিলেন এবং গাধার উপরে রেখে ফিরিয়ে আনলেন; সেই বৃদ্ধ নবী তাঁর বিষয়ে মাতম করতে ও তাঁকে দাফন করতে নিজ নগরে আসলেন। 30আর তিনি তাঁর কবরে ঐ লাশ রাখলেন এবং তাঁরা হায়, আমার ভাই! বলে তাঁর জন্য মাতম করলেন। 31এভাবে তাঁকে কবর দেবার পর তিনি তাঁর পুত্রদেরকে বললেন, আমি যখন মারা যাব তখন এই যে কবরে আল্লাহ্র লোককে দাফন করা হল, সেই একই কবরে আমাকে দাফন করো, এর অস্থির পাশে আমার অস্থি রেখো। 32কেননা বৈথেলস্থ কোরবানগাহ্র ও সামেরিয়ার নানা নগরে অবস্থিত উচ্চস্থলীর গৃহের বিরুদ্ধে মাবুদের কালাম দ্বারা ইনি যে কথা ঘোষণা করেছেন তা অবশ্য সফল হবে।
33এই ঘটনার পরেও ইয়ারাবিম তাঁর কুপথ থেকে ফিরলেন না, কিন্তু পুনর্বার লোকসাধারণের মধ্য থেকে লোকদেরকে উচ্চস্থলীর ইমাম নিযুক্ত করলেন; যার ইচ্ছা হত, তিনি তাকেই অভিষেক করতেন, যেন সে উচ্চস্থলীর ইমাম হয়। 34আর এই ব্যাপারটি ইয়ারাবিমের কুলের পক্ষে গুনাহ্স্বরূপ হল, যেন তা উচ্ছিন্ন হয় ও দুনিয়ার বুক থেকে মুছে যায়।
Currently Selected:
১ বাদশাহ্নামা 13: BACIB
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013