গীতসংহিতা 71
71
1হে প্রভু, আমি আপনাতে বিশ্বাস রাখি,
তাই আমি কখনও হতাশ হব না।
2আপনার ধার্ম্মিকতা দিয়ে আপনি আমায় রক্ষা করবেন।
আপনিই আমায় উদ্ধার করবেন। আমার কথা শুনুন, আমায় রক্ষা করুন।
3আপনি আমার দুর্গ হোন,
সেই গৃহ হোন যেখানে আমি নিরাপত্তার জন্য ছুটে যেতে পারি।
আপনিই আমার শিলা এবং আমার নিরাপদ আশ্রয়স্থল।
তাই আমাকে রক্ষার আজ্ঞা দিন।
4হে আমার ঈশ্বর, আমায় দুষ্ট লোকের হাত থেকে রক্ষা করুন।
নৃশংস ও মন্দ লোকেদের হাত থেকে আমায় রক্ষা করুন।
5আমার জন্মের সময় থেকে আমি আপনার যত্নে ছিলাম।
আমার জন্মের সময় থেকে আপনি আমার সঙ্গে ছিলেন।
6এমনকি আমার জন্মের আগে থেকেই আমি আপনার ওপর নির্ভর করেছি।
আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখনও আমি আপনার ওপর আস্থা রেখেছি।
সর্বদাই আমি আপনার কাছে প্রার্থনা করেছি।
7আপনিই আমার শক্তির উৎস।
তাই অন্য লোকদের কাছে আমি দৃষ্টান্তস্বরূপ ছিলাম।
8যে সব বিস্ময়কর জিনিস আপনি করেন তার সম্বন্ধে সর্বদাই আমি গান গাই।
9আমি বৃদ্ধ হয়েছি বলে আমায় ছুঁড়ে ফেলে দেবেন না।
হত-শক্তি হয়েছি বলে আমায় ত্যাগ করবেন না।
10শত্রুরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে।
ওরা একসঙ্গে মিলিত হয়েছিলো, এবং আমাকে হত্যা করার চক্রান্ত করেছিলো।
11আমার শত্রুরা বলছে, “যাও ওকে তুলে নিয়ে এসো!
ঈশ্বর ওকে ত্যাগ করেছেন। আর কেউ ওকে সাহায্য করবে না।”
12ঈশ্বর, আমায় পরিত্যাগ করবেন না!
ঈশ্বর তাড়াতাড়ি এসে আমায় রক্ষা করুন!
13আমার শত্রুদের পরাজিত করুন!
ওদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দিন!
যারা আমার ক্ষতি করতে চাইছে,
তারা যেন লজ্জিত ও অপমানিত হয়।
14তাহলে আমি সব সময়ই আপনার ওপর নির্ভর করবো
এবং আমি আরো বেশী করে আপনার প্রশংসা করবো।
15আপনি যে কত ভালো, তা আমি লোকদের বলবো।
আমি লোকদের বলবো কিভাবে আপনি আমায় প্রতিবার রক্ষা করেছিলেন।
তা এত বার ঘটেছে যে গুনে শেষ করা যায় না।
16আমি আপনার মহত্বের কথা বলবো, প্রভু আমার সদাপ্রভু।
আমি সেই সব ধার্ম্মিকতার কথা বলব, যা শুধুমাত্র আপনি করতে পারেন।
17ঈশ্বর, আমি যখন একটি ছোট্ট বালক ছিলাম তখন থেকে আপনি আমায় শিক্ষা দিয়েছেন।
তখন থেকে আজ পর্যন্ত আপনি যে সব আশ্চর্য কার্য করেছেন তা আমি মানুষকে বলেছি!
18এখন আমি বৃদ্ধ হয়েছি, আমার চুল পেকে গেছে।
কিন্তু হে ঈশ্বর, আমি জানি, আপনি আমায় ত্যাগ করবেন না।
প্রত্যেকটি নতুন প্রজন্মকে আমি আপনার ক্ষমতা ও মহত্বের কথা বলবো।
19ঈশ্বর, আপনার ধার্ম্মিকতা আকাশের সীমা অতিক্রম করে যায়।
ঈশ্বর, কোন দেবতাই আপনার মত নয়।
আপনি বিস্ময়কর সব কাজ করেছেন।
20আপনি আমাকে সমস্যা এবং দুঃসময় প্রত্যক্ষ করিয়েছেন।
কিন্তু তাদের সবকিছু থেকে রক্ষা করে আপনি আমায় বাঁচিয়ে রেখেছেন।
কত গভীরে আমি ডুবে গিয়েছিলাম সেটা কথা নয়, কিন্তু আপনি আমায় সমস্যা থেকে টেনে তুলেছেন।
21অতীতে যা করেছি তার থেকেও মহৎ কাজসমূহ করতে আমায় সাহায্য করুন।
আমাকে আরাম দিতে থাকুন।
22আমি বীণা বাজিয়ে আপনার প্রশংসা করবো।
হে ঈশ্বর আমি গাইবো ও বলবো যে, আপনার ওপর নির্ভর করা যেতে পারে।
ইস্রায়েলের পবিত্র এক এর জন্য বীণা বাজিয়ে আমি গান গাইবো।
23আপনি আমার আত্মাকে রক্ষা করেছেন।
আমার আত্মা সুখী হবে। নিজের মুখে আমি আপনার প্রশংসা গান করবো।
24আমার জিভ সর্বদাই আপনার ধর্মশীলতার গান গাইবে
এবং যারা আমাকে হত্যা করতে চেয়েছিলো তারা পরাজিত ও অসম্মানিত হবে।
Currently Selected:
গীতসংহিতা 71: BERV
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 2001 Bible League International