YouVersion Logo
Search Icon

গণনাপুস্তক 10

10
রূপোর শিঙা
1প্রভু মোশিকে বললেন: 2“দুটি রূপোর শিঙা তৈরী কর। শিঙা দুটি তৈরী করার জন্য পেটানো রূপো ব্যবহার কর। লোকদের একসঙ্গে ডাকার জন্য এবং শিবির স্থানান্তরের সময় বলার জন্য এই শিঙা দুটি ব্যবহার করা হবে। 3যদি শিঙা দুটি এক সাথে দীর্ঘ সুরে জোরে বাজাও, তাহলে সব লোক যেন সমাগম তাঁবুর প্রবেশ পথে তোমার সামনে আসে। 4কিন্তু যদি তুমি তোমার সঙ্গে দেখা করার জন্য নেতাদের অর্থাৎ‌ ইস্রায়েলের বারোটি পরিবারগোষ্ঠীর প্রধানদের জড়ো করতে চাও, তাহলে কেবলমাত্র একটি শিঙাকেই দীর্ঘ সুরে বাজাবে।
5“শিঙা দুটি অল্পক্ষণের জন্য বাজানো হলে বোঝাবে যে শিবিরকে সরিয়ে নিয়ে যেতে হবে। তখন সমাগম তাঁবুর পূর্বদিকে যে পরিবারগোষ্ঠী শিবির স্থাপন করেছে তারা অবশ্যই চলতে শুরু করবে। 6দ্বিতীয়বার শিঙা দুটিকে অল্পক্ষণের জন্য বাজালে সমাগম তাঁবুর দক্ষিণদিকে যে পরিবারগোষ্ঠী শিবির স্থাপন করেছে তারা চলতে শুরু করবে। 7কিন্তু যদি বিশেষ সভার জন্য লোকদের এক জায়গায় একত্রিত করতে চাও, তাহলে শিঙা দুটিকে দীর্ঘ সময় ধরে কিন্তু অন্যভাবে বাজাবে। 8কেবলমাত্র হারোণের পুত্ররা এবং যাজকরা শিঙা দুটিকে বাজাবে। এই বিধি তোমাদের এবং তোমাদের পরবর্তী বংশধরদের জন্য চিরকালীন বিধি।
9“যদি তুমি তোমার কোনো শত্রুর সঙ্গে তোমার নিজের দেশে যুদ্ধ করতে যাও, তাহলে তুমি তাদের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার আগে শিঙা দুটিকে অল্প সময়ের জন্য জোরে বাজাবে। প্রভু তোমার ঈশ্বর, তোমার শিঙার আওয়াজ শুনতে পাবেন এবং তিনি তোমাকে তোমার শত্রুদের হাত থেকে বাঁচাবেন। 10এছাড়াও তোমার বিশেষ সভার সময়, অমাবস্যার দিনগুলোতে এবং তোমাদের সকলের সুখের সমাবেশে এই শিঙা দুটিকে বাজাবে। তুমি যখন তোমার হোমবলি এবং মঙ্গল নৈবেদ্য প্রদান করবে সেই সময়ও শিঙা দুটিকে বাজাবে। প্রভু, তোমার ঈশ্বর তোমাকে যেন মনে রাখেন, সে জন্যই এই বিশেষ পদ্ধতি। এটি করার জন্য আমি তোমাকে আদেশ করছি; আমিই প্রভু তোমার ঈশ্বর।”
ইস্রায়েলের লোকরা তাদের তাঁবু স্থানান্তরিত করল
11ইস্রায়েলের লোকরা মিশর ত্যাগ করার পরে, দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসের 20 তম দিনে চুক্তির তাঁবুর ওপর থেকে মেঘ উঠল। 12তাই ইস্রায়েলের লোকরা তাদের যাত্রা শুরু করল। তারা সীনয় মরুভূমি ত্যাগ করে পারণ মরুভূমিতে মেঘ থামা পর্যন্ত ভ্রমণ করল। 13এই প্রথম লোকরা তাদের শিবির স্থানান্তর করল। প্রভু মোশিকে যেমন আদেশ করলেন, সেই ভাবেই তারা এটিকে স্থানান্তর করল।
14যিহূদার শিবির থেকে প্রথমে তিনটি গোষ্ঠী গেল। তারা তাদের পতাকা নিয়েই ভ্রমণ করল। প্রথম গোষ্ঠীটি ছিল যিহূদার পরিবারগোষ্ঠী। অম্মীনাদবের পুত্র নহশোন ছিল ঐ গোষ্ঠীর দল নেতা। 15এরপর এলেন ইষাখরের পরিবারগোষ্ঠী। সূয়ারের পুত্র নথনেল ছিল ঐ গোষ্ঠীর দল নেতা। 16তারপরে এল সবূলূনের পরিবারগোষ্ঠী। হেলোনের পুত্র ইলীয়াব ছিল ঐ গোষ্ঠীর দল নেতা।
17এরপর পবিত্র তাঁবুটিকে তোলা হল। গের্শোন এবং মরারি পরিবারের লোকরা পবিত্র তাঁবুটিকে বহন করছিল, সুতরাং এই পরিবারের লোকরা সারিতে ঠিক তার পরেই ছিল।
18এরপর রূবেণের শিবির থেকে তিনটি গোষ্ঠী তাদের পতাকাসহ ভ্রমণ করল। প্রথম গোষ্ঠীটি ছিল রূবেণের পরিবারগোষ্ঠী। শদেয়ূরের পুত্র ইলীয়ুর ছিল এই গোষ্ঠীর দল নেতা। 19এরপর শিমিয়োনের পরিবারগোষ্ঠী এল। সুরীশদ্দয়ের পুত্র শলূমীয়েল ছিল এই গোষ্ঠীর দল নেতা। 20এবং তারপরে এসেছিল গাদের পরিবারগোষ্ঠী। দ্যূয়েলের পুত্র ইলীয়াসফ ছিল এই গোষ্ঠীর দল নেতা। 21কহাৎ‌ পরিবার, যারা পবিত্র তাঁবু বহন করত, এরপর তারা যাত্রা শুরু করল কারণ নতুন জায়গায় আসামাত্রই তাদের তাঁবুটি স্থাপন করতে হবে।
22এরপর ইফ্রয়িমের শিবির থেকে তিনটি গোষ্ঠী এল। তারা তাদের পতাকাসহ ভ্রমণ করেছিল। প্রথম গোষ্ঠীটি ছিল ইফ্রয়িমের পরিবারগোষ্ঠী। অম্মীহূদের পুত্র ইলীশামা ছিল ঐ গোষ্ঠীর দলনেতা। 23এরপর এসেছিল মনঃশির পরিবারগোষ্ঠী। পদাহসূরের পুত্র গমলীয়েল ছিল এই গোষ্ঠীর দলনেতা। 24এরপর এল বিন্যামীনের পরিবারগোষ্ঠী। গিদিয়োনির পুত্র অবীদান ছিল ঐ গোষ্ঠীর দলনেতা।
25শেষ তিনটি পরিবারগোষ্ঠী ছিল অন্যান্য সকল পরিবারগোষ্ঠীর পশ্চাদভাগরক্ষী। তারা ছিল দানের শিবিরের গোষ্ঠীভুক্ত। তারা তাদের পতাকা নিয়ে ভ্রমণ করল। প্রথম গোষ্ঠীটি ছিল দানের পরিবারগোষ্ঠী। অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর ছিল এই গোষ্ঠীর দল নেতা। 26এরপরে এল আশেরের পরিবারগোষ্ঠী অক্রণের পুত্র। পগীয়েল ছিল ঐ গোষ্ঠীর দল নেতা। 27এরপরে এল নপ্তালি পরিবারগোষ্ঠী। ঐননের পুত্র অহীরঃ ছিল ঐ গোষ্ঠীর দল নেতা। 28স্থানান্তরে যাবার সময় ইস্রায়েলের লোকরা এইভাবেই একসাথে যেত।
29মিদিয়োনীয় রূয়েলের পুত্র ছিল হোবব। (রূয়েল ছিল মোশির শ্বশুর।) মোশি হোববকে বলল, “আমরা সেই দেশের উদ্দেশ্যে যাত্রা করছি যেটা ঈশ্বর আমাদের দেবেন বলে প্রতিশ্রুতি করেছিলেন। আমাদের সঙ্গে এসো আমরা তোমার সঙ্গে ভালো ব্যবহার করবো। প্রভু ইস্রায়েলীয়দের পক্ষে মঙ্গল প্রতিজ্ঞা করেছেন।”
30কিন্তু হোবব উত্তর দিল, “না, আমি তোমাদের সঙ্গে যাবো না। আমি আমার জন্মভূমিতে, আমার নিজের লোকদের কাছে ফিরে যাবো।”
31তখন মোশি বলল, “দয়া করে আমাদের ছেড়ে যাবেন না। আপনি মরুভূমি সম্পর্কে আমাদের থেকেও বেশী জানেন। আপনি আমাদের পথ প্রদর্শক হতে পারেন। 32আপনি যদি আমাদের সঙ্গে আসেন তাহলে প্রভু আমাদের যে সকল উত্তম বিষয়ের অধিকারী করবেন, সেটা আমরা আপনার সঙ্গে ভাগ করে নেব।”
33এতে হোবব রাজী হল এবং তারা প্রভুর পাহাড়ের চূড়া থেকে যাত্রা শুরু করল এবং তিন দিন পথে চলল। যাজকগণ প্রভুর সঙ্গে চুক্তির সিন্দুকটি নিয়ে লোকদের আগে আগে হাঁটল। শিবিরের জন্য স্থান অন্বেষণে তারা তিনদিন পবিত্র সিন্দুকটিকে বহন করল। 34প্রত্যেক দিনই প্রভুর মেঘ তাদের ওপরেই থাকত এবং প্রত্যেক দিন সকালে তারা যখন শিবির ত্যাগ করত, তখন মেঘ তাদের পথ প্রদর্শন করত।
35শিবির স্থানান্তরের জন্য লোকরা যখনই পবিত্র সিন্দুকটিকে ওঠাতো, মোশি তখনই প্রত্যেকবারের মত বলত,
“প্রভু তুমি ওঠ!
তোমার শত্রুরা ছড়িয়ে ছিটিয়ে যাক।
তোমার শত্রুরা তোমার কাছ থেকে পালিয়ে যাক।”
36যখনই পবিত্র সিন্দুকটিকে তার নিজের জায়গায় রাখা হত, মোশি তখনই প্রত্যেকবারের মত বলত,
“প্রভু তুমি, কোটি কোটি ইস্রায়েলীয়দের কাছে ফিরে এসো।”

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গণনাপুস্তক 10