YouVersion Logo
Search Icon

মালাখি ভাববাদীর পুস্তক 2

2
যাজকদের জন্য নিয়মসকল
1“এখন ওহে যাজকরা, এই নিয়ম তোমাদের জন্য। 2যদি তোমরা এর অবাধ্য হও এবং আমাকে সম্মান করার এই প্রয়োজনীয় ব্যাপারটিকে যদি গুরুত্ব না দাও তবে আমি তোমাদের বিরুদ্ধে অভিশাপ পাঠাব, সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন। তোমরা আশীর্বাদ দিলে আমি তা অভিশাপে পরিণত করব, আর আমি তাদের অভিশাপ দিয়েছি কারণ তোমরা এই বিষয়টার ওপর গুরুত্ব দাও না।”
3“দেখ, আমি তোমার উত্তরপুরুষদের শাস্তি দেব। আমি তোমাদের মুখে উৎসব নৈবেদ্য থেকে জন্তুদের বীষ্ঠা লেপে দেবো এবং তোমাদের ওগুলোর সঙ্গে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। 4তখন তোমরা জানবে যে আমি এই আদেশ দিচ্ছি যাতে লেবির সঙ্গে আমার চুক্তি চলতে থাকে।” সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন।
5প্রভু বলেছেন, “লেবির সঙ্গে আমার চুক্তি ছিল জীবন ও শান্তির চুক্তি। সে আমায় সম্মান করে এবং আমার নামে ভীত হয়। 6লেবি সত্য শিক্ষা দিয়েছে। সে কখনও মন্দ জিনিস শেখায় নি। সে ছিল সৎ‌‌ এবং সে শান্তি ভালবাসত এবং সে অনেক লোককে মন্দ কাজ করা থেকে ফিরিয়ে এনেছিল। 7আমি এসব বলি কারণ লোকে জ্ঞানের প্রয়োজনে যাজক খোঁজে আর ঈশ্বরের আজ্ঞা শিক্ষা করতে তারা তার কাছে যায়, কারণ সেই তো ঈশ্বরের বার্তাবাহক।”
8কিন্তু প্রভু বলেছেন: “যাজকরা আমার পথ থেকে সরে গিয়েছিল এবং অনেক লোককে বিধি অস্বীকার করতে বাধ্য করেছে। তোমরা লেবির সঙ্গে আমার চুক্তি ধ্বংস করেছ।” সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন। 9“যেহেতু তোমরা আমার পথগুলি অনুসরণ করনি এবং আমার নীতি শিক্ষায় পক্ষপাতিত্ব করেছ সেহেতু আমি তোমাদের অস্বীকৃত এবং অপমানিত করাব!”
যিহূদা ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত
10আমাদের সকলেরই সেই এক পিতা। একই ঈশ্বর আমাদের তৈরী করেছেন। তাহলে কেন লোকে তাদের ভাইদের ঠকিয়ে ঈশ্বর যে চুক্তি তাদের পূর্বপুরুষদের সঙ্গে করেছিলেন তাকে অসম্মান করে? 11যিহূদার লোকরা বিশ্বাসঘাতকদের মত ব্যবহার করেছিল। জেরুশালেম এবং ইস্রায়েলের লোকরা মারাত্মক জিনিষ করেছে। যিহূদার লোক ঈশ্বরের পবিত্র মন্দির, যেটাকে ঈশ্বর ভালবাসতেন, নষ্ট করেছে। যিহূদার লোকরা বিদেশী রমনীদের বিয়ে করেছিল যারা বিদেশী দেবতা সমূহের অধিকারপ্রাপ্ত এবং ঐ সব বিদেশী দেবতাদের পূজো শুরু করেছিল। 12প্রভু যাকোবের পরিবার থেকে ঐ সমস্ত লোকদের সরিয়ে দেবেন। এমন কি যদিও সেই ব্যক্তি সর্বশক্তিমান প্রভুর উদ্দেশ্যে উপহার আনে। 13তোমরা কাঁদতে পারো এবং প্রভুর বেদী চোখের জলে ঢেকে দিতে পারো, কিন্তু প্রভু তোমাদের উপহার গ্রহণ করবেন না এবং তোমরা যা কিছু আনো তাতে তিনি খুশী হবেন না।
14আর তোমরা বলে থাকো, “এর কারণ কি?” কারণ তোমরা তোমাদের স্ত্রীর বিরুদ্ধে যে সব মন্দ কাজ করেছ তা প্রভু দেখেছেন। সেই স্ত্রী যদিও তোমার বিশ্বস্ত সঙ্গী ছিল এবং তোমার নিয়মের স্ত্রী ছিল তবু তুমি তার সঙ্গে প্রতারণা করেছ। 15ঈশ্বর চান যে স্বামী ও স্ত্রী একদেহ ও এক আত্মাবিশিষ্ট হোক্। তবেই তাদের পবিত্র সন্তান-সন্ততি হবে। সুতরাং সেই আত্মিক একাত্মতা রক্ষা কর। তোমার স্ত্রীকে ঠকিও না। সে তোমার যৌবনের স্ত্রী।
16ইস্রায়েলের প্রভু ঈশ্বর বলেন, “আমি বিবাহ বিচ্ছেদ এবং পুরুষরা যে সমস্ত নিষ্ঠুর কাজ করে তা ঘৃণা করি। সুতরাং অবিশ্বস্ত হয়ো না, তোমাদের নিজ নিজ আত্মাকে সাবধানতাসহ রক্ষা কর।”
বিচারের জন্য নিরূপিত সময়
17তোমরা ভুল শিক্ষা দিয়েছ। সেই ভুল শিক্ষাগুলি প্রভুকে খুব ক্লান্ত করেছে। তোমরা শিখিয়েছ যে, যে সব ব্যক্তি কুকর্ম করে প্রভু তাদের ভালবাসেন। তোমরা বলছ যে ঈশ্বর মনে করেন সেই লোকরা ভালো এবং তোমরা শিখিয়েছ যে কুকর্ম করবার জন্য ঈশ্বর লোকদের শাস্তি দেন না।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for মালাখি ভাববাদীর পুস্তক 2