কলসীয়দের প্রতি পত্র 4
4
1মনিবরা, তোমরা তোমাদের ক্রীতদাসদের প্রতি ন্যায় ও সৎ ব্যবহার করো। মনে রেখো, স্বর্গে তোমাদেরও এক প্রভু আছেন।
খ্রীষ্টীয়ানদের জন্য পৌলের উপদেশ
2তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাক; সর্বদা সজাগ থেকো এবং প্রার্থনার সময়ে প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানিও। 3এই সঙ্গে আমাদের জন্যও প্রার্থনা করো, প্রার্থনা করো যেন ঈশ্বর আমাদের জন্য অপরের কাছে সুসমাচার প্রচারের সুযোগ করে দেন, প্রার্থনা করো আমরা যেন সেই নিগূঢ়তত্ত্ব, যা ঈশ্বর খ্রীষ্টের সম্বন্ধে প্রকাশ করেছেন, তাও লোকদের জানাতে পারি। এই সত্য প্রচারের জন্যই আমি আজ কারাগারে আছি। 4প্রার্থনা করো যেন পরিষ্কার করে সেই সত্য লোকদের কাছে আমি তুলে ধরতে পারি। এটাই আমার কর্তব্য।
5যারা খ্রীষ্টে বিশ্বাসী নয় তাদের সঙ্গে বুদ্ধি খাটিয়ে আচরণ করো; আর সমস্ত সুযোগের সদ্বব্যবহার করো। 6তোমাদের কথাবার্তা সব সময় যেন বিজ্ঞতা ও মাধুর্য্য পূর্ণ হয়, তাহলে প্রত্যেক মানুষকে তোমরা যথাযথভাবে উত্তর দিতে পারবে।
পৌলের সঙ্গী সাথীদের সমাচার
7তুখিক খ্রীষ্টেতে আমার স্নেহের ভাই, তিনি প্রভুতে একজন বিশ্বস্ত সেবক ও আমার সহকর্মী। তিনি গিয়ে আমার জীবনে কি ঘটছে তার সব তোমাদের জানাবেন। 8আমি তোমাদের কাছে তাকে এই উদ্দেশ্যেই পাঠালাম। আমি চাই যেন তোমরা জানতে পার আমরা সকলে কেমন আছি। আমি তাঁকে পাঠালাম, যেন তিনি গিয়ে তোমাদের মনে ভরসা দেন। 9আমি ওনীষিমাসের সঙ্গে তাকে পাঠালাম। ওনীষিমাস হলেন খ্রীষ্টেতে একজন বিশ্বস্ত ও প্রিয় ভাই। তিনি তো তোমাদের দলেরই একজন। তুখিক এবং ওনীষিমাস গিয়ে এখানকার সব সমাচার তোমাদের দেবেন।
10আরিষ্টার্খ তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন, তিনি আমার এখানে কারাগারের মধ্যে আছেন আর বার্ণবার খুড়তুতো ভাই মার্কও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। (মার্কের ব্যাপারে এর আগেই তোমাদের জানিয়ে ছিলাম। তিনি ওখানে গেলে তাঁকে সাদরে গ্রহণ করো।) 11যুষ্ট, যাকে যীশু বলেও ডাকা হয় তিনিও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। ইহুদীদের মধ্য থেকে যাঁরা খ্রীষ্টবিশ্বাসী হয়েছেন, তাঁদের মধ্যে কেবল এঁরাই আমার সঙ্গে ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য কাজ করছেন। এঁরা আমার মনে আনন্দ দিয়েছেন।
12ইপাফ্রাও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন; তিনি তো তোমাদেরই লোক, তিনি খ্রীষ্ট যীশুর একজন সেবক। তিনি সব সময় তোমাদের জন্য ব্যাকুলভাবে প্রার্থনা করেন যেন তোমরা ঈশ্বরের ইচ্ছায় আত্মিকভাবে বৃদ্ধিলাভ কর, সিদ্ধ হও ও ঈশ্বরের অভিপ্রেত সব কিছুতে তোমরা পূর্ণ হও। 13আমি তাঁর বিষয়ে এই সাক্ষ্য দিচ্ছি যে তিনি তোমাদের জন্য ও লায়দিকেয়া এবং হিয়রাপলির খ্রীষ্ট-বিশ্বাসীদের জন্য কঠোর পরিশ্রম করেছেন। 14আমাদের প্রিয় চিকিৎসক লূক ও দীমা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।
15তোমরা লায়দিকেয়ার সমবিশ্বাসী ভাই ও বোনেদের এবং নুম্ফাকে ও তার গৃহে যে মণ্ডলী সমবেত হন তাঁদের সকলকে আমার শুভেচ্ছা জানিও। 16এই চিঠি পড়ার পর তোমরা এই চিঠিটি লায়দিকেয়ার মণ্ডলীতে পাঠিয়ে দিও এবং নিশ্চিতভাবে দেখো যাতে ঐ মণ্ডলীকে তা পড়ে শোনানো হয়। আমি লায়দিকেয়ার মণ্ডলীকে যে চিঠি লিখছি তা তোমরাও পাঠ করো। 17আর্খিপ্পকে বলো, “প্রভু তোমাকে যে কাজ দিয়েছেন তা নিশ্চয় করে শেষ করো।”
18আমি পৌল, নিজে হাতে লিখে তোমাদের আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে স্মরণে রেখো, আমি কারাগারে বন্দী অবস্থায় আছি। ঈশ্বরের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক্।
Currently Selected:
কলসীয়দের প্রতি পত্র 4: BERV
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 2001 Bible League International