YouVersion Logo
Search Icon

থিষলনীকীয়দের প্রতি প্রথম পত্র 5

5
প্রভুর আগমনের জন্য তৈরী হও
1আমার ভাই ও বোনেরা, বিশেষ কোন কাল ও সময়ের বিষয়ে তোমাদের কিছু লেখার প্রয়োজন নেই। 2তোমরা নিজেরাই ভালো করে জানো, রাতে যেমন চোর চুপিচুপি আসে, তেমনি প্রভুর দিন হঠাৎ‌ আসবে। 3লোকে যখন বলবে, “আমাদের শান্তি আছে এবং আমরা নিরাপদে আছি;” ঠিক এমন সময় তাদের ওপর হঠাৎ‌ চরম বিনাশ নেমে আসবে। সন্তান প্রসবের আগে যেমন নারীর হঠাৎ‌ প্রসব বেদনা শুরু হয়, তেমনি হঠাৎ‌ তাদের উপর বিনাশ নেমে আসবে আর তারা কোনভাবেই পালিয়ে যেতে পারবে না।
4কিন্তু ভাই ও বোনেরা, তোমরা তো আর অন্ধকারে বাস করছ না যে, সেই দিনটা চোরের মতো তোমাদের ওপর এসে পড়বে। 5তোমরা তো সকলে মঙ্গল আলোকের ও দিনের সন্তান। আমরা রাতেরও নই, অন্ধকারেরও নই। 6তাই অন্য লোকদের মতো আমাদের হওয়া উচিত নয়। আমরা জেগে থাকব ও আত্মসংযম রক্ষা করব। 7কারণ যারা ঘুমোয়, তারা রাতেই ঘুমোয়; যারা মদ্যপায়ী, তারা রাতেই মাতাল হয়। 8কিন্তু আমরা দিনের লোক, তাই এস, আমরা নিজেদের দমনে রাখি। আমাদের বুকটা যেন বিশ্বাস ও প্রেমের ঢালে ঢাকা থাকে; আর মাথায় যেন পরিত্রাণের আশারূপী শিরস্ত্রাণ থাকে।
9কারণ ঈশ্বর আমাদের তাঁর ক্রোধের পাত্ররূপে মনোনীত করেন নি, প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে পরিত্রাণ করার জন্যই আমাদের মনোনীত করেছেন। 10যীশু আমাদের জন্য প্রাণ দিলেন যেন আমরা বেঁচে থাকি বা মৃত অবস্থায় থাকি, আমরা তাঁর সঙ্গেই জীবিত থাকি। 11এইজন্য তোমরা এখন যেমন করে চলেছ তেমনই পরস্পরকে সান্ত্বনা দাও ও পরস্পরকে গড়ে তোল।
শেষ নির্দেশ ও শুভেচ্ছা
12আমার ভাই ও বোনেরা, আমরা তোমাদের বলছি, যারা তোমাদের মধ্যে পরিশ্রম করে, যারা তোমাদের প্রভুতে পরিচালনা করে, যারা তোমাদের শিক্ষা দেয়, তাদের তোমরা সম্মান করো। 13তাদের কাজের জন্য তাদের সম্মান করো, সমস্ত অন্তর দিয়ে তাদের ভালবেসো এবং পরস্পরের মধ্যে শান্তি বজায় রেখো।
14আমার ভাই ও বোনেরা, আমরা তোমাদের অনুরোধ করছি, যারা অলস তাদের সাবধান করে দাও। যারা ভয়ে ভীত তাদের সাহস দাও, যারা দুর্বল তাদের সাহায্য কর, আর সকলের প্রতি সহিষ্ণু হও। 15দেখ, যেন অপকারের প্রতিশোধ নিতে কেউ কারোর অপকার না করে। তোমরা পরস্পরের মঙ্গল করতে চেষ্টা কর এবং বাকী সকলের ভাল করতে চেষ্টা কর।
16সব সময় আনন্দ কর। 17অবিরত প্রার্থনা কর। 18সব বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও; কারণ তোমরা যারা খ্রীষ্টের সঙ্গে যুক্ত তাদের বিষয়ে এটাই ঈশ্বরের ইচ্ছা।
19পবিত্র আত্মাকে নির্বাণ করো না। 20ভাববাণী অবজ্ঞা করো না। 21সব কিছু পরীক্ষা কর, যা ভাল তা ধরে রাখ। 22সব রকম মন্দ থেকে দূরে থাক।
23শান্তির ঈশ্বর সম্পূর্ণভাবে তোমাদের শুদ্ধ আর পবিত্র রাখুন এবং তোমাদের সম্পূর্ণ সত্ত্বা আত্মা, প্রাণ ও দেহকে প্রভু যীশু খ্রীষ্টের আগমনের দিন পর্যন্ত তিনি নিষ্কলঙ্ক রাখুন। 24যিনি তোমাদের আহ্বান করেন, তিনি তাঁর প্রতিশ্রুতি অনুসারে তোমাদের জন্য তা করবেন, কারণ তিনি বিশ্বস্ত।
25আমার ভাই ও বোনেরা, আমাদের জন্য প্রার্থনা করো। 26সব ভাইকে পবিত্র চুম্বনের মাধ্যমে আমার শুভেচ্ছা জানিও। 27প্রভুর নামে এই শপথ কর যে সমস্ত খ্রীষ্টান ভাইয়ের কাছে এই চিঠি পড়ে শোনানো হবে। 28আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সকলের সঙ্গে থাকুক।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for থিষলনীকীয়দের প্রতি প্রথম পত্র 5