YouVersion Logo
Search Icon

শমূয়েলের প্রথম পুস্তক 27

27
দায়ূদ পলেষ্টীয়দের সঙ্গে বসবাস করলেন
1দায়ূদ মনে মনে বললেন, “একদিন না একদিন শৌল আমাকে নিশ্চয়ই ধরবেন। সবচেয়ে ভাল হয় যদি আমি পলেষ্টীয়দের দেশে চলে যাই। তাহলে শৌল আমাকে ইস্রায়েলে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়বেন। এভাবে আমি শৌলের হাত থেকে বেরিয়ে আসতে পারবো।”
2সুতরাং 600 জন পুরুষ নিয়ে দায়ূদ ইস্রায়েল ছেড়ে চলে গেলেন। তারা মায়োকের পুত্র আখীশের কাছে গেলেন। আখীশ তখন গাতের রাজা। 3দায়ূদ সপরিবারে তাঁর যুবকদের সঙ্গে গাতের আখীশের সঙ্গে থেকে গেলেন। দায়ূদের সঙ্গে ছিল তাঁর দুই স্ত্রী। যিষ্রিয়েলের অহীনোয়ম আর কর্ম্মিলীয় অবীগল। অবীগল নাবলের বিধবা পত্নী। 4সবাই শৌলকে বলল, দায়ূদ গাৎ‌ দেশে পালিয়ে গেছে। তাই শৌল আর দায়ূদকে খুঁজলেন না।
5দায়ূদ আখীশকে বললেন, “আপনি যদি আমার ওপর প্রসন্ন হন, তবে আপনার যে কোন একটা শহরে আমাকে থাকতে দিন। আমি আপনার একজন ভৃত্য মাত্র। সেখানেই আমার উপযুক্ত জায়গা। এই রাজধানীতে আপনার কাছে থাকা আমার মানায় না।”
6সেদিন আখীশ দায়ূদকে সিক্লগ শহরে পাঠালেন। সেহেতু সিক্লগ আজ পর্যন্ত যিহূদা রাজাদের শহর হয়ে আছে। 7এক বছর চার মাস দায়ূদ পলেষ্টীয়দের সঙ্গে ছিলেন।
দায়ূদ আখীশকে বোকা বানালেন
8দায়ূদ এবং তাঁর সঙ্গীরা অমালেকীয়, গশূরীয়, গির্ষীয় অধিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, যারা সেই মিশর পর্যন্ত শূরের কাছে টেলেম অঞ্চলে বাস করত। দায়ূদের কাছে তারা পরাজিত হল। তাদের সব ধনসম্পদ দায়ূদের হাতে গেলো। 9ঐ অঞ্চলের সকলকে হারিয়ে দায়ূদ তাদের মেষ, গরু, গাধা, উট, বস্ত্র সবকিছু নিয়ে আখীশের কাছে তুলে দিলেন। কিন্তু দায়ূদ এই লোকদের মধ্যে একজনকেও জীবিত রাখলেন না।
10এরকম লড়াই দায়ূদ অনেকবার করেছিলেন। প্রত্যেকবারই আখীশ দায়ূদকে জিজ্ঞাসা করতেন কোথায় সে যুদ্ধ করে এত সব জিনিস এনেছে। দায়ূদ বলতেন, “আমি যুদ্ধ করেছি এবং যিহূদার দক্ষিণ অঞ্চল জিতেছি।” অথবা “আমি যুদ্ধ করে যিরহমীলের দক্ষিণ দিক জিতেছি,” অথবা বলতেন, “আমি কেনীয়দের দক্ষিণে লড়াই করে জিতেছি।” 11দায়ূদ গাতে কাউকেই জীবিত আনতেন না। তিনি ভাবলেন, “যদি আমরা কাউকে জীবিত রাখি তাহলে সে আখীশকে বলে দেবে আমি কি করেছি।”
পলেষ্টীয়দের দেশে থাকার সময় দায়ূদ সব সময় এই ধরণের কাজ করতেন। 12আখীশ দায়ূদকে বিশ্বাস করতে শুরু করেছিলেন। আখীশ মনে মনে বলতেন, “নিজের লোকরাই এখন দায়ূদকে ঘৃণা করছে। ইস্রায়েলীয়রা তাকে একেবারেই দেখতে পারে না। এখন থেকে চিরদিন দায়ূদ আমার সেবা করবে।”

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for শমূয়েলের প্রথম পুস্তক 27