YouVersion Logo
Search Icon

গণনা পুস্তক 29

29
তূরীধ্বনির উৎসব
1“ ‘সপ্তম মাসের প্রথম দিনে, এক পবিত্র সভার আয়োজন কোরো এবং কোনো নিয়মিত কাজ করবে না। এই দিন তোমরা তূরী বাজাবে। 2সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিস্বরূপ হোম-নৈবেদ্যরূপে ত্রুটিহীন একটি এঁড়ে বাছুর, একটি মেষ ও সাতটি এক বর্ষীয় মেষশাবকের আয়োজন করবে। 3এঁড়ে বাছুরটির সঙ্গে শস্য-নৈবেদ্য দিতে হবে, এক ঐফার তিন-দশমাংশ#29:3 প্রায় 5 কিলোগ্রাম জলপাই তেলে মিশ্রিত মিহি ময়দা, মেষটির সঙ্গে দুই-দশমাংশ#29:3 প্রায় 3.2 কিলোগ্রাম 4এবং সাতটি মেষশাবকের প্রত্যেকটির সঙ্গে এক-দশমাংশ#29:4 প্রায় 1.6 কিলোগ্রাম5তোমাদের প্রায়শ্চিত্ত সাধনের উদ্দেশে পাপার্থক বলির জন্য একটি পাঁঠাও নেবে। 6যেমন সবিস্তারে বর্ণিত হয়েছে, এসব নৈবেদ্য, মাসিক ও প্রাত্যহিক হোম-নৈবেদ্য এবং তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্যর অতিরিক্ত। এই সমস্তই অগ্নির মাধ্যমে সদাপ্রভুকে নিবেদিত আনন্দদায়ক সুরভিত ভক্ষ্য-নৈবেদ্য।
প্রায়শ্চিত্ত দিবস
7“ ‘এই সপ্তম মাসের দশম দিনে এক পবিত্র সভা আহ্বান করবে। তোমরা কৃচ্ছ্রসাধন করবে এবং কোনো কাজ করবে না। 8সদাপ্রভুর কাছে আনন্দদায়ক সুরভিস্বরূপ হোম-নৈবেদ্যর জন্য একটি এঁড়ে বাছুর, একটি মেষ ও সাতটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক উৎসর্গ করবে। প্রত্যেকটি ত্রুটিহীন হওয়া চাই। 9এঁড়ে বাছুরটির জন্য পরিপূরক শস্য-নৈবেদ্যরূপে আনতে হবে এক ঐফার তিন-দশমাংশ তেলে মিশ্রিত মিহি ময়দা; মেষটির সঙ্গে দুই-দশমাংশ, 10সাতটি মেষশাবকের প্রত্যেকটির সঙ্গে এক-দশমাংশ করে। 11প্রায়শ্চিত্তের জন্য পাপার্থক বলিরূপে নিয়মিত হোম-নৈবেদ্য ও তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্যর অতিরিক্ত পাপার্থক বলিরূপে একটি পাঁঠাও অন্তর্ভুক্ত করবে।
কুটিরবাস-পর্ব
12“ ‘সপ্তম মাসের পঞ্চদশ দিনে, একটি পবিত্র সভার আয়োজন করবে এবং সেদিন কোনো নিয়মিত কাজ করবে না। সদাপ্রভুর উদ্দেশে, সাত দিন ব্যাপী এক আনন্দোৎসব করবে। 13তেরোটি এঁড়ে বাছুর, দুটি মেষ এবং চোদ্দটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক নিয়ে, আগুনের মাধ্যমে সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিরূপে হোম-নৈবেদ্য উৎসর্গ করবে। প্রত্যেকটি ত্রুটিহীন হওয়া চাই। 14পরিপূরক শস্য-নৈবেদ্য আনতে হবে, তেরোটি এঁড়ে বাছুরের প্রত্যেকটির জন্য এক ঐফার তিন-দশমাংশ, দুটি মেষের প্রত্যেকটির সঙ্গে দুই-দশমাংশ 15এবং চোদ্দটি মেষশাবকের প্রত্যেকটির সঙ্গে এক-দশমাংশ তেলে মিশ্রিত মিহি ময়দা। 16নিয়মিত হোম-নৈবেদ্য এবং তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্যর অতিরিক্ত, পাপার্থক বলিরূপে একটি পাঁঠাও অন্তর্ভুক্ত করবে।
17“ ‘দ্বিতীয় দিনে বারোটি এঁড়ে বাছুর, দুটি মেষ ও চোদ্দটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক উৎসর্গ করবে। এদের প্রত্যেকটি ত্রুটিহীন হতে হবে। 18সেই ষাঁড়, মেষ ও মেষশাবকদের সংখ্যা অনুযায়ী তাদের পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করবে। 19পাপার্থক বলিরূপে একটি পাঁঠাও অন্তর্ভুক্ত করবে। এই সমস্ত, নিয়মিত হোম-নৈবেদ্য ও তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও তাদের পেয়-নৈবেদ্যর অতিরিক্ত হবে।
20“ ‘তৃতীয় দিনে এগারোটি ষাঁড়, দুটি মেষ ও চোদ্দটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক উৎসর্গ করবে। প্রত্যেকটি ত্রুটিহীন হওয়া চাই। 21সেই ষাঁড়, মেষ ও মেষশাবকদের সংখ্যা অনুযায়ী তাদের পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করবে। 22পাপার্থক বলির জন্য একটি পাঁঠাও অন্তর্ভুক্ত করবে। এই সমস্ত নিয়মিত হোম-নৈবেদ্য ও তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও তাদের পেয়-নৈবেদ্যর অতিরিক্ত হবে।
23“ ‘চতুর্থ দিনে এগারোটি ষাঁড়, দুটি মেষ ও চোদ্দটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক উৎসর্গ করবে। প্রত্যেকটি ত্রুটিহীন হওয়া চাই। 24সেই ষাঁড়, মেষ ও মেষশাবকদের সংখ্যা অনুযায়ী, তাদের পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করবে। 25নিয়মিত হোম-নৈবেদ্য এবং তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্যর অতিরিক্ত, পাপার্থক বলিরূপে একটি পাঁঠাও অন্তর্ভুক্ত করবে।
26“ ‘পঞ্চম দিনে নয়টি ষাঁড়, দুটি মেষ ও চোদ্দটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক উৎসর্গ করবে। প্রত্যেকটি ত্রুটিহীন হওয়া চাই। 27সেই ষাঁড়, মেষ ও মেষশাবকদের সংখ্যা অনুযায়ী, তাদের পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করবে। 28পাপার্থক বলির জন্য একটি পাঁঠাও অন্তর্ভুক্ত করবে। এই সমস্ত, নিয়মিত হোম-নৈবেদ্য ও তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও তাদের পেয়-নৈবেদ্যর অতিরিক্ত হবে।
29“ ‘ষষ্ঠ দিনে আটটি ষাঁড়, দুটি মেষ ও চোদ্দটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক উৎসর্গ করবে। প্রত্যেকটি ত্রুটিহীন হওয়া চাই। 30সেই ষাঁড়, মেষ ও মেষশাবকদের সংখ্যা অনুযায়ী তাদের পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করবে। 31পাপার্থক বলির জন্য একটি পাঁঠাও অন্তর্ভুক্ত করবে। এই সমস্ত, নিয়মিত হোম-নৈবেদ্য ও তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও তাদের পেয়-নৈবেদ্যর অতিরিক্ত হবে।
32“ ‘সপ্তম দিনে সাতটি ষাঁড় মেষ, দুটি মেষ ও চোদ্দটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক উৎসর্গ করবে। প্রত্যেকটি ত্রুটিহীন হওয়া চাই। 33সেই ষাঁড়, মেষ ও মেষশাবকদের সংখ্যা অনুযায়ী, তাদের পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করবে। 34পাপার্থক বলির জন্য একটি পাঁঠাও অন্তর্ভুক্ত করবে। এই সমস্ত নিয়মিত হোম-নৈবেদ্য ও তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও তাদের পেয়-নৈবেদ্যর অতিরিক্ত হবে।
35“ ‘অষ্টম দিনে শেষ দিনের এক বিশেষ সভা করবে এবং কোনো নিয়মিত কাজ করবে না। 36একটি ষাঁড়, একটি মেষ ও সাতটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক নিয়ে, সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিত উপহাররূপে, আগুনের মাধ্যমে হোম-নৈবেদ্য উৎসর্গ করবে। প্রত্যেকটি ত্রুটিহীন হওয়া চাই। 37সেই ষাঁড়, মেষ এবং মেষশাবকগুলির সঙ্গে, সংখ্যা অনুযায়ী তাদের শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করবে। 38পাপার্থক বলির জন্য একটি পাঁঠাও অন্তর্ভুক্ত করবে। এই সমস্ত, নিয়মিত হোম-নৈবেদ্য ও তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও তাদের পেয়-নৈবেদ্যর অতিরিক্ত হবে।
39“ ‘তোমাদের মানত ও স্বেচ্ছাদানের অতিরিক্তরূপে, তোমাদের নিরূপিত উৎসবসমূহে, সদাপ্রভুর উদ্দেশে এই সমস্ত উৎসর্গ করবে। তোমাদের হোম-নৈবেদ্য, শস্য-নৈবেদ্য, পেয়-নৈবেদ্য ও মঙ্গলার্থক-নৈবেদ্য থেকে এই সমস্ত স্বতন্ত্র।’ ”
40সদাপ্রভু মোশিকে যে সমস্ত আদেশ দিয়েছিলেন, তিনি ইস্রায়েলীদের সেই সমস্তই বললেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গণনা পুস্তক 29