গণনা পুস্তক 25
25
ইস্রায়েলকে মোয়াবের বিপথে পরিচালনা
1শিটিমে অবস্থানকালে ইস্রায়েলীরা, মোয়াবীয় স্ত্রীলোকদের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হল, 2যারা তাদের দেবতাদের উদ্দেশে বলিকৃত খাদ্য খাওয়ার জন্য তাদের আমন্ত্রণ জানাল। লোকেরা তা খেয়ে সেই দেবতাদের কাছে প্রণিপাত করল। 3এইভাবে ইস্রায়েল, পিয়োরের বায়ালের উপাসনায় যোগ দিল। তখন তাদের বিপক্ষে সদাপ্রভুর ক্রোধ বহ্নিমান হল।
4সদাপ্রভু মোশিকে বললেন, “এই জাতির সমস্ত নেতৃবর্গকে নাও এবং প্রকাশ্য দিবালোকে তাদের বধ করো, যেন সদাপ্রভুর প্রচণ্ড ক্রোধ ইস্রায়েল থেকে দূরীভূত হয়।”
5তাই মোশি ইস্রায়েলের বিচারকদের বললেন, “তোমরা প্রত্যেকে পিয়োরের বায়াল-প্রতিমার উপাসনাকারী স্বজনদের অবশ্যই বধ করবে।”
6সেই সময়, একজন ইস্রায়েলী ব্যক্তি, মোশি এবং সমগ্র ইস্রায়েলী সমাজের দৃষ্টিগোচরে, একজন মিদিয়নীয় স্ত্রীলোককে তার বাড়িতে নিয়ে এল। তখন সমাগম তাঁবুর প্রবেশপথে, তারা সকলে কান্নাকাটি করছিল। 7যখন যাজক হারোণের নাতি, ইলিয়াসরের ছেলে পীনহস তা দেখলেন, তিনি সমাজ থেকে প্রস্থান করে হাতে একটি বর্শা নিলেন। 8তিনি সেই ইস্রায়েলী ব্যক্তিকে অনুসরণ করে তার তাঁবু পর্যন্ত গেলেন। তিনি তাদের উভয়ের, সেই ইস্রায়েলী ব্যক্তি ও স্ত্রীলোকটির পেটে বর্শা বিদ্ধ করলেন। তখন ইস্রায়েলীদের মধ্যে ছড়িয়ে পড়া মহামারি নিবৃত্ত হল; 9কিন্তু সেই মহামারিতে যারা মারা গিয়েছিল তাদের সংখ্যা 24,000।
10সদাপ্রভু মোশিকে বললেন, 11“যাজক হারোণের নাতি, ইলিয়াসরের ছেলে পীনহস, ইস্রায়েলীদের প্রতিকূলে আমার ক্রোধ নিবৃত্ত করেছে, কারণ আমার সম্মান রক্ষার জন্য আমার মতোই সেও উদ্যোগী হয়েছে। তাই আমি ক্রোধ প্রকাশ করে তাদের শেষ করে দিইনি। 12সেইজন্য তাকে বলো, আমি তার সঙ্গে আমার শান্তিচুক্তি কার্যকর করছি। 13সে ও তার বংশধরেরা চিরকাল যাজকত্ব পদের জন্য চুক্তিবদ্ধ হল, কারণ সে তার ঈশ্বরের সম্মান রক্ষার উদ্যোগী হয়ে ইস্রায়েলীদের জন্য প্রায়শ্চিত্ত সাধন করেছে।”
14যে ইস্রায়েলী ব্যক্তি, ওই মিদিয়নীয় স্ত্রীলোকটির সঙ্গে হত হয়েছিল, তার নাম সিম্রি। সে সালুর ছেলে ও শিমিয়োনীয় গোষ্ঠীর একজন নেতা ছিল। 15আর সেই মিদিয়নীয় স্ত্রীলোক, যাকে হত্যা করা হয়েছিল, তার নাম কস্বী। সে মিদিয়ন বংশের জনৈক গোষ্ঠীর প্রধান, সূর-এর মেয়ে ছিল।
16সদাপ্রভু মোশিকে বললেন, 17“মিদিয়নীয়দের শত্রু-জ্ঞান করে তাদের বধ করো। 18কারণ তারাও তোমাদের শত্রু-জ্ঞান করেছে; তারা পিয়োর সংক্রান্ত বিষয়ে এবং মিদিয়নীয় জনৈক নেতার মেয়ে তাদের বোন কস্বী নামক যে স্ত্রীলোকটি হত হয়েছিল, তার মাধ্যমে তোমাদের প্রতারণা করেছিল। পরিণতিস্বরূপ, এই পিয়োরের জন্য তোমরা মহামারিতে আক্রান্ত হয়েছিলে।”
Currently Selected:
গণনা পুস্তক 25: BCV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত।
The Holy Bible, Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.