লেবীয় পুস্তক 23
23
নির্দিষ্ট উৎসব সমূহ
1সদাপ্রভু মোশিকে বললেন, 2“ইস্রায়েলীদের সঙ্গে তুমি কথা বলো এবং তাদের বলো, ‘এগুলি আমার নির্দিষ্ট উৎসব, সদাপ্রভুর নির্দিষ্ট উৎসব, পবিত্র সমাবেশরূপে সেগুলি তোমরা ঘোষণা করবে।
বিশ্রামদিন
3“ ‘তোমরা ছয় দিন কাজ করতে পারবে, কিন্তু সপ্তম দিন বিশ্রামের জন্য বিশ্রামদিন, পবিত্র সমাবেশ দিবস। এই দিনে তোমরা কোনো কাজ করবে না; তোমরা যেখানেই থাকো, দিনটি সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন।
নিস্তারপর্ব ও খামিরবিহীন রুটির উৎসব
4“ ‘এগুলি সদাপ্রভুর নির্দিষ্ট উৎসব, এগুলি নির্দিষ্ট সময়ে তোমরা বিভিন্ন পবিত্র সমাবেশে ঘোষণা করবে। 5প্রথম মাসের চতুর্দশ দিনে গোধূলি লগ্নে সদাপ্রভুর নিস্তারপর্ব শুরু হয়। 6সেই মাসের পঞ্চদশ দিনে সদাপ্রভুর খামিরবিহীন রুটির উৎসব শুরু হয়; সাত দিন ধরে খামিরবিহীন রুটি তোমরা অবশ্যই ভোজন করবে। 7প্রথম দিনে পবিত্র সমাবেশ রাখবে এবং সেদিন নিয়মিত কাজ করবে না। 8সাত দিন ধরে সদাপ্রভুর উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য আনবে। সপ্তম দিনে পবিত্র সভা রাখবে এবং সেদিন কোনো নিয়মিত কাজ করবে না।’ ”
প্রথম ফলের নৈবেদ্য
9সদাপ্রভু মোশিকে বললেন, 10“ইস্রায়েলীদের সঙ্গে তুমি কথা বলো এবং তাদের বলো, ‘তোমরা যে দেশে প্রবেশ করবে, যা আমি তোমাদের দিতে যাচ্ছি, সেখানে তোমরা ফসল সংগ্রহ করবে এবং সংগৃহীত শস্যের প্রথম আঁটি যাজকের কাছে আনবে। 11সদাপ্রভুর সামনে যাজক সেই আঁটি দোলাবে, যেন তোমাদের পক্ষে তা গৃহীত হয়; বিশ্রামদিনের পরবর্তী দিনে যাজক সেই আঁটি দোলাবে। 12যেদিন তোমরা বাঁধা আঁটি দোলাবে, সেদিন এক বর্ষীয় নির্দোষ মেষশাবক হোমবলিরূপে সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করবে, 13এবং একইসঙ্গে তেল মিশ্রিত এক ঐফা#23:13 প্রায় 3.2 কিলোগ্রাম; আরও 17 পদে মিহি ময়দার দুই-দশমাংশ শস্য-নৈবেদ্য আনবে—সদাপ্রভুর উদ্দেশে সুগন্ধযুক্ত সন্তোষজনক এক উপহার—এবং এক হিন#23:13 প্রায় 1 লিটার দ্রাক্ষারসের এক-চতুর্থাংশ পেয়-নৈবেদ্য রাখবে। 14যতদিন না নির্দিষ্ট দিনে সদাপ্রভুর উদ্দেশে তোমরা এই উপহার আনছ, ততদিন পর্যন্ত কোনো রুটি বা সেঁকা খাদ্য অথবা নবান্ন ভোজন করবে না। তোমরা যেখানেই বসবাস করো, আগামী প্রজন্মগুলির পক্ষে এ এক চিরস্থায়ী বিধি।
সাত সপ্তাহ ব্যাপী উৎসব
15“ ‘বিশ্রামদিনের পরবর্তী দিন থেকে, দোলনীয় উপহাররূপ আঁটি আনার দিন থেকে সম্পূর্ণ সাত সপ্তাহ গণনা করবে। 16সপ্তম বিশ্রামদিনের পরবর্তী দিন থেকে পঞ্চাশ দিন গণনা করবে এবং পরে সদাপ্রভুর উদ্দেশে নতুন শস্যের নৈবেদ্য নিয়ে আসবে। 17তোমরা যেখানেই বসবাস করো সেখান থেকে এক ঐফা মিহি ময়দার দুই-দশমাংশ দিয়ে তৈরি খামিরযুক্ত দুটি রুটি সদাপ্রভুর উদ্দেশে প্রথম ফসলের দোলনীয় উপহাররূপে আনবে। 18এই রুটির সঙ্গে এক বর্ষীয় সাতটি নির্দোষ মদ্দা মেষশাবক, একটি কমবয়সি ষাঁড় ও দুটি মেষ রাখবে। শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্যের সঙ্গে এগুলি সদাপ্রভুর উদ্দেশে হোম-নৈবেদ্যরূপে বিবেচিত হবে—সদাপ্রভুর উদ্দেশে সুরভিযুক্ত ভক্ষ্য-নৈবেদ্যের সন্তোষজনক এক উপহার। 19পরে পাপার্থক বলিরূপে একটি পুংছাগ এবং মঙ্গলার্থক বলিরূপে এক বর্ষীয় দুটি মেষশাবক উৎসর্গ করবে। 20সদাপ্রভুর উদ্দেশে প্রথম ফসলের রুটির সঙ্গে দোলনীয় উপহাররূপে দুটি মেষশাবক যাজক দোলাবে। যাজকের পক্ষে এগুলি সদাপ্রভুর উদ্দেশে পবিত্র উপহার। 21একই দিনে তোমরা পবিত্র সমাবেশ ঘোষণা করবে এবং কোনো নিয়মিত কাজ করবে না। তোমরা যেখানেই বসবাস করো, আগামী প্রজন্মগুলির পক্ষে এ এক চিরস্থায়ী বিধি।
22“ ‘যখন তোমাদের দেশে তোমরা শস্য ছেদন করবে, ক্ষেত্রের প্রান্তসীমার শস্য ছেদন অথবা পতিত শস্য সংগ্রহ করবে না। দরিদ্র ও তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশিদের জন্য সেগুলি রেখে দিয়ো। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।’ ”
তূরীধ্বনির উৎসব
23সদাপ্রভু মোশিকে বললেন, 24“তুমি ইস্রায়েলীদের বলো, ‘সপ্তম মাসের প্রথম দিনে বিশ্রামদিন পালন করবে, তূরীধ্বনি সহকারে পবিত্র সমাবেশ দিবস স্মরণ করবে। 25নিয়মিত কোনো কাজ করবে না, কিন্তু সদাপ্রভুর উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য নিবেদন করবে।’ ”
প্রায়শ্চিত্ত দিবস
26সদাপ্রভু মোশিকে বললেন, 27“এই সপ্তম মাসের দশম দিনটি প্রায়শ্চিত্ত দিবস। এক পবিত্র সমাবেশ আয়োজন করো এবং নিজেদের অস্বীকার করবে ও সদাপ্রভু উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য দেবে। 28ওই দিনে কোনো কাজ করবে না, কারণ দিনটি প্রায়শ্চিত্ত দিবস, যেদিন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করা হয়। 29যদি সেদিন কেউ নিজেকে অস্বীকার না করে, সে তার আপনজনদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে। 30যদি সেদিন কেউ কাজ করে, তাহলে তার আপনজনদের মধ্য থেকে আমি তাকে বিনষ্ট করব। 31তোমরা কোনো কাজই করবে না। তোমরা যেখানেই বসবাস করো, আগামী প্রজন্মগুলির পক্ষে এটি চিরস্থায়ী বিধি। 32এটি তোমাদের জন্যে এক বিশ্রামের দিন, সেদিন তোমরা নিজেদের অস্বীকার করবে। মাসের নবম দিনের সন্ধ্যা থেকে পরবর্তী সন্ধ্যা পর্যন্ত এটি তোমাদের পালনীয় বিশ্রামদিন।”
কুটিরবাস-পর্ব পালন
33সদাপ্রভু মোশিকে বললেন, 34“ইস্রায়েলীদের বলো, ‘সপ্তম মাসের পঞ্চদশ দিনে সদাপ্রভুর উদ্দেশে কুটিরবাস-পর্ব পালন করতে হবে এবং এই পর্ব সাত দিন পর্যন্ত চলবে। 35প্রথম দিনে এক পবিত্র সমাবেশ হবে; সেদিন কোনো নিয়মিত কাজ করবে না। 36সাত দিন ধরে সদাপ্রভুর উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করবে এবং অষ্টম দিনে এক পবিত্র সমাবেশ রাখবে এবং সদাপ্রভুর উদ্দেশে তোমরা ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করবে। এটি বিশেষ সমাপ্তি সমাবেশ; সেদিন কোনো নিয়মিত কাজ করবে না।
37(“ ‘এগুলি সদাপ্রভুর নির্দিষ্ট উৎসব, পবিত্র সমাবেশরূপে যেগুলি তোমরা ঘোষণা করবে, যখন সদাপ্রভুর উদ্দেশে তোমরা ভক্ষ্য-নৈবেদ্য আনবে—প্রতিদিনের জন্য হোমবলি, শস্য-নৈবেদ্য, বিভিন্ন বলিদান ও পেয়-নৈবেদ্য দিতে হবে। 38এই উপাদানগুলি সদাপ্রভুর বিশ্রামদিনের উদ্দেশে, তোমাদের বিভিন্ন দান এবং তোমাদের রকমারি মানত ও সদাপ্রভুর উদ্দেশে তোমাদের স্বেচ্ছাদত্ত সব দানের অতিরিক্ত।)
39“ ‘সুতরাং সপ্তম মাসের পঞ্চদশ দিনে জমি থেকে শস্য সংগ্রহ করার পর সাত দিন ধরে সদাপ্রভুর উদ্দেশে তোমরা উৎসব পালন করবে; প্রথম দিনটি বিশ্রামদিন এবং অষ্টম দিনটিও বিশ্রামদিন। 40প্রথম দিনে তোমরা পছন্দসই গাছের ফল, খেজুর পাতা, পাতাবাহার গাছের শাখা ও দীর্ঘ বৃক্ষবিশেষের শাখা তুলবে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে সাত দিন ধরে আনন্দে মাতোয়ারা হবে। 41প্রতি বছর সাত দিন ধরে সদাপ্রভুর উদ্দেশে তোমরা এই উৎসব পালন করবে; আগামী প্রজন্মগুলির জন্য এটি চিরস্থায়ী বিধি। সপ্তম মাসে বিধি অনুযায়ী তোমরা উৎসব পালন করবে। 42সাত দিনের জন্য তোমরা কুটিরে থাকবে; স্বদেশে জাত সব ইস্রায়েলী থাকবে, 43যেন তোমাদের বংশধরেরা জানতে পারে, যখন আমি মিশর থেকে তাদের বের করে এনেছিলাম তখন ইস্রায়েলীদের আমি কুটিরে বসবাস করিয়েছিলাম। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।’ ”
44তখন সদাপ্রভুর উদ্দেশে নির্দিষ্ট উৎসবগুলি সম্বন্ধে মোশি ইস্রায়েলীদের জানালেন।
Currently Selected:
লেবীয় পুস্তক 23: BCV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত।
The Holy Bible, Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.