যিশাইয় 2
2
সদাপ্রভুর পর্বত
1যিহূদা ও জেরুশালেম সম্পর্কে আমোষের পুত্র যিশাইয় এই দর্শন পান:
2শেষের সময়ে
সদাপ্রভুর মন্দিরের পর্বত অন্য সব পর্বতের উপরে
প্রধানরূপে প্রতিষ্ঠিত হবে;
তাকে সব পাহাড়ের উপরে তুলে ধরা হবে
এবং সমস্ত জাতি তার দিকে স্রোতের মতো প্রবাহিত হবে।
3অনেক লোক এসে বলবে,
“চলো, আমরা সদাপ্রভুর পর্বতে উঠে যাই,
যাকোবের ঈশ্বরের গৃহে যাই।
তিনি আমাদের তাঁর পথের বিষয়ে শিক্ষা দেবেন,
যেন আমরা তাঁর পথসমূহে চলতে পারি।”
সিয়োন থেকে বিধান নির্গত হবে,
জেরুশালেম থেকে সদাপ্রভুর বাণী নির্গত হবে।
4তিনি অনেক জাতির মধ্যে বিচার করবেন
এবং অনেক লোকেদের বিবাদ মীমাংসা করবেন।
তারা নিজের তরোয়াল পিটিয়ে চাষের লাঙল
এবং বল্লমগুলিকে কাস্তেতে পরিণত করবে।
এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তরোয়াল ব্যবহার করবে না,
তারা আর যুদ্ধ করতেও শিখবে না।
5ওহে যাকোবের কুল, তোমরা এসো,
এসো, আমরা সদাপ্রভুর আলোয় পথ চলি।
সদাপ্রভুর দিন
6সদাপ্রভু, তুমি তো তোমার প্রজা,
যাকোবের কুলকে ত্যাগ করেছ।
তারা প্রাচ্যদেশীয় কুসংস্কারের অভ্যাসে পূর্ণ;
তারা ফিলিস্তিনীদের মতো গণকবিদ্যা ব্যবহার করে
এবং পৌত্তলিকদের সঙ্গে হাতে হাত মেলায়।
7তাদের দেশ সোনা ও রুপোয় পূর্ণ
তাদের ঐশ্বর্যের যেন কোনও শেষ নেই।
তাদের দেশ অশ্বেও পরিপূর্ণ,
তাদের রথেরও যেন কোনো শেষ নেই।
8তাদের দেশ প্রতিমায় পূর্ণ;
নিজেদের হাতে তৈরি জিনিসের কাছে তারা প্রণিপাত করে,
যেগুলি তাদেরই আঙুল নির্মাণ করেছে।
9ইতর মানুষ তাদের কাছে প্রণত হয়,
মহৎ যারা, তারাও অধোমুখ হয়,
তাই তুমি তাদের ক্ষমা কোরো না।
10তোমরা পাথরের ফাটলে যাও, মাটিতে লুকাও
সদাপ্রভুর ভয়ংকরতা থেকে ও
তাঁর মহিমার ঔজ্জ্বল্য থেকে!
11উদ্ধত মানুষের দৃষ্টি নত করা হবে,
গর্বিত মানুষেরা অবনত হবে;
সেদিন কেবলমাত্র সদাপ্রভুই উন্নীত হবেন।
12যত গর্বিত ও উদ্ধত মানুষ,
যত লোক নিজেদের উচ্চ করে,
তাদের জন্য সর্বশক্তিমান সদাপ্রভু একটি দিন স্থির করে রেখেছেন,
(তাদের সবাইকে নত করা হবে),
13সব লেবাননের যত উঁচু ও লম্বা সিডার গাছ
এবং বাশনের সমস্ত ওক গাছকে,
14সব উঁচু পর্বত
এবং সমস্ত উঁচু পাহাড়কে,
15প্রত্যেকটি উঁচু মিনার
ও প্রত্যেকটি দৃঢ় প্রাচীরকে,
16প্রত্যেকটি বাণিজ্যিক জাহাজ#2:16 তর্শীশের প্রত্যেকটি জাহাজ
এবং প্রত্যেকটি চমৎকার শিল্পকর্মকে।
17মানুষের ঔদ্ধত্যকে নত করা হবে,
সব মানুষের অহংকার অবনত হবে;
সেদিন, কেবলমাত্র সদাপ্রভুই উচ্চ হবেন,
18আর যত প্রতিমা সেদিন অন্তর্হিত হবে।
19মানুষেরা সেদিন পালিয়ে পাহাড়ের গুহাগুলিতে
ও মাটির গর্তগুলিতে গিয়ে লুকাবে,
সদাপ্রভুর ভয়ংকরতা থেকে
এবং তাঁর রাজকীয় প্রতাপের শৌর্য থেকে,
যখন তিনি পৃথিবীকে কম্পান্বিত করার জন্য উঠে দাঁড়াবেন।
20সেদিন লোকেরা,
ইঁদুর ও বাদুড়ের কাছে ফেলে দেবে,
তাদের রুপোর ও সোনার প্রতিমাগুলি
যেগুলি তারা পুজো করার জন্য নির্মাণ করেছিল।
21তারা পাহাড়-পর্বতের গুহাগুলিতে
ও ঝুলে থাকা পাহাড়ের খাঁজে খাঁজে গিয়ে লুকাবে,
সদাপ্রভুর ভয়ংকরতা থেকে
এবং তাঁর রাজকীয় প্রতাপের শৌর্য থেকে,
যখন তিনি পৃথিবীকে কম্পান্বিত করার জন্য উঠে দাঁড়াবেন।
22তোমরা মানুষের উপরে নির্ভর করা ছেড়ে দাও,
যার নাকে তো কেবলমাত্র প্রাণবায়ু বয়।
সে কীসের মধ্যে গণ্য?
পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত।
The Holy Bible, Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.
